প্রতি ডোজ ১০ ডলারে চীন থেকে কেনা হচ্ছে দেড় কোটি টিকা

এবিএনএ : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি বিবেচনায় চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি ডোজের দাম পড়বে ১০ মার্কিন ডলার বা ৮৫০ টাকা (১ ডলার =৮৫ টাকা ধরে)।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটি এ অনুমোদন দেয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জুন, জুলাই ও আগস্টের শেষ দিকে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে।

চীনের চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ বা সিনোফার্মের তৈরি সার্স কোভ-২ নামক এ টিকা কিনতে দুই পক্ষ তিনটি চুক্তি সইয়ের জন্য চূড়ান্ত করে ফেলেছে। প্রতি ডোজ ১০ ডলার হিসেবে এতে ব্যয় হবে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় এক হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা।

গত ১৯ মে অনুষ্ঠিত অর্থনীতিবিষয়ক মন্ত্রিসভা কমিটিতে চীনের এ টিকা কেনার বিষয়টি অনুমোদন হয়।

অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার বলেন, ‘চীনের সিনোফার্ম থেকে তিন মাসে মোট ১৫ মিলিয়ন বা এক কোটি ৫০ লাখ ডোজ সরবরাহ করা হবে। মোট ভ্যাকসিনের দাম দাঁড়াবে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। আর বাংলাদেশি টাকায় এক হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা। প্রতি ডোজ ভ্যাকসিনের দাম পড়বে ১০ মার্কিন ডলার।’ এর আগে সেরাম থেকে আনা অ্যাস্ট্রাজেনেকার টিকার দাম ছিল ৫ ডলার।

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বাংলাদেশকে টিকা সরবরাহ বন্ধ করে সেরাম ইনস্টিটিউট। ফলে চীন-রাশিয়া ও অন্য উৎস থেকে টিকা আনার চেষ্টা শুরু করে সরকার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *