খুলে দেওয়া হলো ঢাকার সব প্রবেশপথ, চলবে শুধু ব্যক্তিগত গাড়ি

এবিএনএ : ঈদের ছুটিতে এবার প্রাইভেট কার বা যেকোনো ব্যক্তিগত পরিবহনে ঢাকায় যাওয়া-আসা করতে পারবে মানুষ। তবে কোনো গণপরিবহনকে এসব পথে চলাচল করতে দেওয়া হবে না। আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ইতিমধ্যে ঢাকার ঢোকা এবং বের হওয়ার সড়কগুলো থেকে চেকপোস্ট সরিয়ে নেওয়া হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে পুলিশের কাছে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, পুলিশ সড়কে যাত্রীদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।

এর আগে, গত ১৭ মে ঢাকার বাইরে যাওয়া এবং প্রবেশের ক্ষেত্রে বাড়তি কড়াকড়ি আরোপ করে পুলিশ। যা ৩০ মে পর্যন্ত অর্থাৎ ‘সাধারণ ছুটি’ চলাকালীন অব্যাহত থাকার কথা ছিল।

কিন্তু এরপরেও অনেক মানুষ ঢাকা ছাড়ায় পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, ‘মানুষ যেন গ্রামের বাড়ি না গিয়ে যে যেখানে আছেন সেখানেই থাকেন।’

করোনাভাইরাসের আরও ছড়িয়ে পড়া ঠেকাতে ঢাকা থেকে কাউকে বের হতে কিংবা ঢুকতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

এই নির্দেশনার তিন দিনের মাথায় এবার ব্যক্তিগত পরিবহনের ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করার কথা বলা হচ্ছে। তবে ব্যক্তিগত পরিবহনে যাতায়াতের ক্ষেত্রেও প্রত্যেককে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *