খেলাধুলা

বিয়ের আগেই বড় ধাক্কা, মায়ামিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন মারিয়া সোল

মেরুদণ্ডে চোট, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন; অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিয়ের আয়োজন

এবিএনএ: কয়েক দিনের মধ্যেই বেজে ওঠার কথা ছিল বিয়ের সানাই। আনন্দঘন মুহূর্তের অপেক্ষায় থাকা পরিবারে হঠাৎ নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বোন মারিয়া সোল

আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, মায়ামিতে নিজের এসইউভি গাড়ি চালানোর সময় হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন মারিয়া। সেই অবস্থাতেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

দুর্ঘটনায় মারিয়ার আঘাতের মাত্রা ছিল গুরুতর। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গোড়ালি ও কবজিতে চিড় ধরেছে এবং শরীরের কয়েকটি অংশে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে। তবে আশার কথা, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা শেষে মারিয়াকে আর্জেন্টিনায় ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে থেকেই চলছে তাঁর চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম।

আগামী ৩ জানুয়ারি ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচ জুলিয়ান তুল্লি আরেলানোর সঙ্গে মারিয়া সোলের বিয়ের কথা ছিল। তবে চিকিৎসকদের পরামর্শে দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হওয়ায় আপাতত অনির্দিষ্টকালের জন্য বিয়ের আয়োজন স্থগিত করা হয়েছে।

পেশাগতভাবে মারিয়া সোল একজন ফ্যাশন ডিজাইনার এবং ভাই লিওনেল মেসির বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গেও যুক্ত। বোনের দুর্ঘটনা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button