বুধবার সাধারণ ছুটি হলেও যেসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে না—জেনে নিন বিস্তারিত

Written by

in

এবিএনএ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার থেকে টানা তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পাশাপাশি তার জানাজার দিন বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে এবং তার জানাজার দিনে সাধারণ ছুটি কার্যকর থাকবে।

এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জানায়, ৩১ ডিসেম্বর বুধবার নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে প্রজ্ঞাপনে ছুটির আওতার বাইরে থাকা গুরুত্বপূর্ণ সেবাগুলোর কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাসসহ জ্বালানি খাত, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক বিভাগ এবং এসব সেবার সঙ্গে যুক্ত যানবাহন ও কর্মীরা ছুটির বাইরে থাকবেন।

এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও স্বাভাবিকভাবে চালু থাকবে। জরুরি দায়িত্বে নিয়োজিত অফিসগুলোকেও ছুটির বাইরে রাখা হয়েছে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। অন্যদিকে আদালতের কার্যক্রম সংক্রান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে জানানো হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *