নির্ধারিত দাম ১,৮৩৭ টাকা, এলপিজি বিক্রি ২,৪০০-তে! ভোগান্তিতে গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক: ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা। কিন্তু বাজারে এই দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের। অনেক ক্ষেত্রে একটি সিলিন্ডার কিনতে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। অর্থাৎ নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত ৫৬৩ টাকা দিতে হচ্ছে ক্রেতাদের।
চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়া এবং নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ ব্যয়—দুই সমস্যায় একসঙ্গে ভুগছেন এলপিজি ব্যবহারকারীরা। এই পরিস্থিতির মধ্যেই সরকারি ও বেসরকারি এলপিজির মূল্য কাঠামো এবং বোতলজাতকরণ, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রির চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গ্রাহকদের অভিযোগ, এলপিজির সরবরাহ ও দাম নিয়ে দীর্ঘদিনের সমস্যার কার্যকর সমাধান হচ্ছে না। ব্যবসায়ীদের বক্তব্য, কোম্পানিগুলোর কাছ থেকেই বেশি দামে গ্যাস কিনতে হওয়ায় বিইআরসির নির্ধারিত মূল্যে বিক্রি করা কঠিন হয়ে পড়ছে। এর মধ্যে ব্যবসায়ীদের বিভিন্ন চার্জ বাড়ানোর প্রস্তাব নতুন করে প্রশ্ন তুলেছে—এই উদ্যোগে গ্রাহকদের ভোগান্তি কমবে, নাকি খরচ আরও বাড়বে?
নির্ধারিত দামেও মিলছে না সিলিন্ডার
গত ৪ অক্টোবর ১২ কেজির বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বিইআরসি। এর আগে সেপ্টেম্বরে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা।
একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়। প্রতি লিটারের মূল্য ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়।
রামপুরা বাজারের এক এলপিজি বিক্রেতার ভাষ্য, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না। তার ওপর কোম্পানিগুলোর কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। ফলে নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি করা সম্ভব হচ্ছে না। পশ্চিম ধানমন্ডির তাকওয়া এন্টারপ্রাইজের মালিকও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। তার দাবি, শুরু থেকেই বেশি দামে এলপিজি কিনতে হওয়ায় কম দামে বিক্রি করা কঠিন।
‘আমরা জিম্মি, উপায় নেই’
এলপিজির বাড়তি দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকেরা। মানিকনগরের বাসিন্দা সোমা চৌধুরী বলেন, দোকানদার যে দাম জানান, এলপিজি ব্যবহারকারীদের বাধ্য হয়ে সেই দামেই কিনতে হয়। তার কথায়, অভিযোগ জানানোর জায়গা কোথায়, তা-ও তারা জানেন না। প্রয়োজনের কারণে বেশি দাম দিয়েই সিলিন্ডার কিনতে হচ্ছে।
মালিবাগের বাসিন্দা রোকসানা আক্তার জানান, গ্যাসের সংকটের কারণে বিকল্প হিসেবে এলপিজি ব্যবহার শুরু করেছিলেন। কিন্তু এখন এর উচ্চমূল্য সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। গ্রাহকদের এই দুর্ভোগ দেখার কেউ আছে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
বোতলজাতকরণ ও বিক্রয় চার্জ বাড়ানোর প্রস্তাব
এলপিজির মূল্য কাঠামো নতুন করে নির্ধারণের আবেদন করেছে বেসরকারি প্রতিষ্ঠান মেঘনা ফ্রেশ এলপিজি, ডেল্টা এলপিজি, ওমেরা পেট্রোলিয়াম, পেট্রোম্যাক্স এবং এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)।
আবেদনকারীদের যুক্তি, পরিচালন ব্যয়, বোতলজাতকরণ, পরিবহন ও বিতরণ খরচ এবং এলপিজি আমদানির প্রিমিয়াম বেড়েছে। বিইআরসির নির্ধারিত ব্যয় দিয়ে বর্তমান বাস্তবতা সামাল দেওয়া যাচ্ছে না বলে দাবি তাদের। এ কারণে বিদ্যমান মূল্য কাঠামো পুনর্বিবেচনার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বোতলজাতকরণ চার্জ প্রতি কেজিতে ১৫ থেকে ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ থেকে ৩০ টাকা করা হতে পারে। ডিস্ট্রিবিউটরদের চার্জ প্রতি কেজিতে ৪ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৩ পয়সা এবং খুচরা বিক্রেতাদের চার্জ ৩ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করার প্রস্তাবও রয়েছে।
এ ছাড়া প্রতি ১২ কেজির সিলিন্ডারে ডিস্ট্রিবিউটরদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতাদের চার্জ ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করার প্রস্তাব দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
সরকারি এলপি গ্যাস কোম্পানির সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দামও ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বিইআরসি বলছে, ব্যয় সমন্বয়েই গণশুনানি
বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, সংশ্লিষ্ট চার্জগুলো সর্বশেষ ২০২১ সালে সমন্বয় করা হয়েছিল। এরপর একবার সামান্য সমন্বয় হলেও তা উল্লেখযোগ্য ছিল না। এ কারণে ব্যবসায়ীরা আবারও চার্জ সমন্বয়ের দাবি জানিয়েছেন।
তার ভাষ্য, এই প্রস্তাবগুলো পর্যালোচনা করতেই গণশুনানির আয়োজন করা হয়েছে। সমন্বয়ের ফলে কিছু ক্ষেত্রে দাম বাড়তে পারে বলেও তিনি জানিয়েছেন।
চেয়ারম্যান আরও বলেন, এলপিজির দাম নির্ধারণে সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) বিবেচনায় নেওয়া হয়। আন্তর্জাতিক বাজারে এলপিজির প্রধান উপাদান প্রোপেন ও বিউটেনের এই মূল্য বাড়লে দেশের দামও বাড়ে; কমলে দাম কমানোর ব্যবস্থা করা হয়।
‘বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করি’
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান অভিযোগ করেছেন, ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানির মুখে পড়ছেন। তার বক্তব্য অনুযায়ী, মাসের শুরুতে বিইআরসি একটি মূল্য নির্ধারণ করলেও কোম্পানিগুলো কখনো কখনো একই মাসে একাধিকবার দাম পরিবর্তন করে। ফলে বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি করতে হয়।
কোম্পানিগুলো যেন বিইআরসির অনুমোদন ছাড়া এলপিজির দাম নির্ধারণ বা পরিবর্তন করতে না পারে, সে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
‘শুনানিটা প্রহসনের মতো হয়ে গেছে’
জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলমের অভিযোগ, কোম্পানিগুলো দাম বাড়ানোর প্রস্তাব দিলে তা বারবার বিবেচনায় নেওয়া হলেও ভোক্তাদের পক্ষ থেকে দাম কমানোর প্রস্তাব যথাযথ গুরুত্ব পায় না। তার মতে, ব্যবসায়ীদের প্রস্তাবের ভিত্তিতে দাম বাড়ানো হলেও বাজারে অনেক সময় বিইআরসির নির্ধারিত দামে এলপিজি পাওয়া যায় না।
তিনি আরও দাবি করেন, ব্যবসায়ীদের প্রস্তাবের যৌক্তিকতা ও ন্যায্যতা যথেষ্ট যাচাই করা হচ্ছে না। বিইআরসির আইন অনুযায়ী গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাওয়ার কথা। কিন্তু গণশুনানির কার্যক্রমে তা যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না বলে মনে করেন তিনি।
জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতুল্লাহর মতে, এলপিজির মূল্য ও সরবরাহ নিয়ে গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু সমস্যার স্থায়ী সমাধানের বদলে ডিলার ও ডিস্ট্রিবিউটরদের সুবিধা বাড়ানোর বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে বলে তার অভিযোগ। এলপিজির বর্তমান দাম যৌক্তিক কি না, তা আগে খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
গ্রাহকদের স্বার্থ কতটা গুরুত্ব পাবে?
এলপিজির মূল্য কাঠামো পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে বৃহস্পতিবারের গণশুনানিতে ব্যবসায়ীদের ব্যয় ও চার্জ বৃদ্ধির দাবির পাশাপাশি ভোক্তাদের স্বার্থের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে ব্যবসায়ীরা বাড়তি খরচের কথা বলছেন, অন্যদিকে গ্রাহকদের অভিযোগ—নির্ধারিত দামেই সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।
গণশুনানিতে প্রস্তাবগুলো পর্যালোচনার পর কী সিদ্ধান্ত আসে, তা এখন দেখার বিষয়। তবে মূল্য কাঠামোতে পরিবর্তন এলেও বাজারে নির্ধারিত দাম কার্যকর করা এবং সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে সাধারণ গ্রাহকদের দুর্ভোগ থেকেই যাওয়ার আশঙ্কা রয়েছে।




