Tag: মাহমুদউল্লাহ রিয়াদ

  • ডিপিএলের দলবদলে প্রথম দিনেই চমক — রিয়াদ, সৌম্য, আফিফসহ ৭৯ ক্রিকেটারের নতুন ঠিকানা

    ডিপিএলের দলবদলে প্রথম দিনেই চমক — রিয়াদ, সৌম্য, আফিফসহ ৭৯ ক্রিকেটারের নতুন ঠিকানা

    এবিএনএ: ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ঘিরে অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত প্রথম দিনের দলবদলেই দল পরিবর্তন করেছেন মোট ৭৯ জন ক্রিকেটার। দেশের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন ক্রিকেটার নতুন দলে নাম লেখানোয় শুরুতেই উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেট অঙ্গনে।

    প্রথম দিনের দলবদলে উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী ও তানজিম হাসান সাকিব। দলবদলের আনুষ্ঠানিকতা সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

    প্রাইম ব্যাংকের চমক

    প্রথম দিনেই শক্তিশালী দল গঠন করে নজর কাড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তারা দলে ভিড়িয়েছে আজিজুল হক তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আলিস আল ইসলাম, আকবর আলী, এনামুল হক বিজয়, তানজিদ তামিম ও তানজিম হোসেন সাকিবকে। অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা করেছে ক্লাবটি।

    আবাহনীর বড় সংগ্রহ

    ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীও দলবদলে পিছিয়ে নেই। প্রথম দিনেই তারা দলে টেনেছে খালেদ আহমেদ, সাব্বির রহমান, জাকের আলী অনিক, মারুফ মৃধা, অনিক সরকার, রোহনাত দৌলা বর্ষণ, সাব্বির হোসেন, ইকবাল হোসেন ইমন এবং সৌম্য সরকারকে। শক্তিশালী স্কোয়াড গড়ে শিরোপা ধরে রাখার ইঙ্গিত দিয়েছে দলটি।

    মোহামেডানের বড়সড় পরিবর্তন

    মোহামেডান স্পোর্টিং ক্লাবও বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। তাদের দলে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী, মোহাম্মদ মৃত্যুঞ্জয়, নাইম আহমেদ, তৈবুর রহমান পারভেজ, রিপন মন্ডল, নাঈম শেখ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন এবং আফিফ হোসেন।

    অন্যান্য দলের দলবদল

    অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবে যোগ দিয়েছেন নাসির হোসেন ও তৌফিক খান তুষারসহ পাঁচ ক্রিকেটার। বসুন্ধরা স্ট্রাইকার্সে গেছেন আল আমিন, রুয়েল মিয়া, ইরফান শুক্কুর ও নাহিদুল ইসলাম। এছাড়া সিটি ক্লাবে যোগ দিয়েছেন ১৫ জন ক্রিকেটার, গুলশান ক্রিকেট ক্লাবে ৩ জন এবং ঢাকা লেওপার্ডে যুক্ত হয়েছেন ১৫ জন।

    আবাহনীর পূর্ণ স্কোয়াড ঘোষণা

    দলবদল শেষ হওয়ার আগেই স্কোয়াড ঘোষণা করেছে আবাহনী। কোচ হান্নান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে দলের তালিকা প্রকাশ করেন।

    আসন্ন ডিপিএলে আবাহনীর স্কোয়াড:
    নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, সাব্বির রহমান, জিসান আলম, মেহরব হাসান অহিন, রাকিবুল হাসান, মাহফুজুর রাব্বি, সাব্বির হোসেন, অনিক সরকার, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন, সৈয়দ খালেদ আহমেদ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহনাত দৌলা বর্ষণ, মেহেদি হাসান।

    উল্লেখ্য, আগামী ৪ মে শুরু হতে যাচ্ছে দেশের শীর্ষ লিস্ট ‘এ’ ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। দলবদলের শেষ দিন রবিবার, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে কার্যক্রম।

  • এসএ টোয়েন্টির ড্রাফটে বাংলাদেশি ২৩ ক্রিকেটার, মাহমুদউল্লাহ রিয়াদও আছেন তালিকায়

    এসএ টোয়েন্টির ড্রাফটে বাংলাদেশি ২৩ ক্রিকেটার, মাহমুদউল্লাহ রিয়াদও আছেন তালিকায়

    এবিএনএ:  দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ টোয়েন্টি লিগ এবারও জমে উঠতে যাচ্ছে। চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে ৯ সেপ্টেম্বর বসবে খেলোয়াড় নিলাম। এ নিলামের জন্য এবার ৭৮২ জন ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশ থেকে রয়েছেন ২৩ জন ক্রিকেটার, যার মধ্যে সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও আছেন।

    ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন মাহমুদউল্লাহ। চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ও বিদেশি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকার এই আসরেও খেলতে নাম দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে রিয়াদের বাইরে বাকি ২২ বাংলাদেশি ক্রিকেটারের নাম এখনও প্রকাশ করা হয়নি।

    ড্রাফটে নাম দেওয়া খেলোয়াড়দের মধ্যে ৩২৮ জন দক্ষিণ আফ্রিকার এবং ৪৫৪ জন বিদেশি। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ১৫৩ জন এসেছেন ইংল্যান্ড থেকে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩ এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের ১১ জন করে ক্রিকেটার আছেন তালিকায়। এমনকি কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ারও একজন করে খেলোয়াড় সুযোগ পেয়েছেন।

    জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস থেকে ১০ জন করে, নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫ এবং অস্ট্রেলিয়া, কানাডা ও নেপালের ৩ জন করে ক্রিকেটার ড্রাফটে আছেন। এবারের ড্রাফটে অবসর নেওয়া কিছু বড় নামও রয়েছেন—যেমন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ইংল্যান্ডের জেসন রয়, সাবেক ইংলিশ তারকা পেসার জেমস অ্যান্ডারসন এবং অভিজ্ঞ প্রোটিয়া স্পিনার ইমরান তাহির।

    শুধু তাই নয়, বর্তমান আন্তর্জাতিক তারকারাও নিলামের তালিকায় আছেন। তাদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ, ইংল্যান্ডের রিস টপলি, নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, শ্রীলঙ্কার মহেশ থিকশানা, ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ এবং জেইডেন সিলস।

    এবার নিলামে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল সর্বোচ্চ ৮৪ জন ক্রিকেটার দলে নিতে পারবে। এর জন্য তাদের ব্যয় সীমা নির্ধারণ করা হয়েছে ৭.৪ মিলিয়ন মার্কিন ডলার।