Tag: বাজেট ২০২৫

  • চ্যালেঞ্জের পাহাড়ে অর্থনীতি, বাজেট ঘিরে স্পষ্ট বার্তা অর্থ উপদেষ্টার

    চ্যালেঞ্জের পাহাড়ে অর্থনীতি, বাজেট ঘিরে স্পষ্ট বার্তা অর্থ উপদেষ্টার

    এবিএনএ: 

    বাংলাদেশের অর্থনীতি এখন নানা সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। শুধু অর্থ মন্ত্রণালয় নয়, গোটা অর্থনৈতিক ব্যবস্থাকেই চাপের মধ্য দিয়ে পরিচালনা করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশের সাবেক গভর্নর ও বর্তমান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

    শুক্রবার রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াড ২০২৫’-এর জাতীয় পর্যায়ের মূল পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই অলিম্পিয়াডের আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

    অর্থ উপদেষ্টা বলেন, “অনেকে আমাদের সমালোচনা করেন। বলেন আমরা অদক্ষ। সমালোচনা থাকবেই, তবে এসব মন্তব্য বিদেশে আমাদের ইমেজের উপর নেতিবাচক প্রভাব ফেলে।”

    তিনি আরও বলেন, “এবারের বাজেটে কর ছাড় নিয়ে অনেক আলোচনা হয়েছে। বাজেট পেশের পরপরই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে। সাধারণ জনগণের জন্য গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) তাদের সব শর্ত চাপিয়ে দিতে পারেনি। আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সমাধানে পৌঁছানো গেছে।”

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ এবং পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী।

    সিপিডির নির্বাহী পরিচালক বলেন, “প্রতি দশকে প্রবৃদ্ধি ১ শতাংশ করে বাড়লেও সেই প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছায়নি। কর্মসংস্থান সৃষ্টি হয়নি পর্যাপ্ত পরিমাণে। তরুণ বেকারত্ব বেড়েছে এবং সর্বোপরি, দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ দিশেহারা।”

    অনুষ্ঠানে এবার সারা দেশের ২০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা ৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় স্মার্টফোন ও ল্যাপটপ। এই প্রতিভাবান পাঁচজন আজারবাইজানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইকোনমিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

    সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর বলেন, “অর্থনীতি এক প্রয়োগধর্মী বিজ্ঞান। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অর্থনৈতিক চিন্তায় দক্ষ করে তুলতে স্কুল-কলেজ থেকেই এর জনপ্রিয়তা বাড়ানো জরুরি।”


  • রিটার্ন দাখিল না করলেই এবার নজরদারিতে পড়তে হবে-এনবিআর চেয়ারম্যান 

    রিটার্ন দাখিল না করলেই এবার নজরদারিতে পড়তে হবে-এনবিআর চেয়ারম্যান 

    এবিএনএ:  ঢাকায় এক সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, কর রিটার্ন না দেওয়া ব্যক্তিদের এবার কঠোর নজরদারির আওতায় আনা হবে।

    রবিবার বনানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সেমিনারে তিনি বলেন, “কমিশনারদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। নন-ফাইলারদের শনাক্ত করে তারা কত কর সংগ্রহ করতে পারছে, তা পরিমাপ করা হবে। এই লক্ষ্যে ২০২৫ সালের বাজেটে শক্তিশালী টার্গেট নির্ধারণ করা হচ্ছে।”

    এনবিআর চেয়ারম্যান জানান, দেশের মোট রাজস্বের ৯২ শতাংশ স্বয়ংক্রিয় ব্যবস্থায় আসে। সরাসরি আদায় হয় মাত্র ৮ শতাংশ। এবার কর কর্মকর্তাদের দক্ষতা মূল্যায়নের সময় এসেছে।

    তিনি আরও বলেন, “অনেক ক্ষেত্রেই নিয়ম না মেনে করছাড় দেওয়া হয়েছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ভবিষ্যতে করছাড়ের ক্ষমতা থাকবে সংসদের হাতে।”

    এ বছর বাজেটে ব্যবসা সহজীকরণের নানামুখী উদ্যোগ থাকলেও রাজস্ব আহরণে কোনও ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

    এ সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICAB), ও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI)।

    মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং এর অংশীদার স্নেহাশীষ বড়ুয়া।