Tag: বাগেরহাট

  • ঈদের আগে কচুয়ায় আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই ৯ দোকান, পথে বসার আশঙ্কায় ব্যবসায়ীরা

    ঈদের আগে কচুয়ায় আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই ৯ দোকান, পথে বসার আশঙ্কায় ব্যবসায়ীরা

    এবিএনএ,বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলায় ঈদের ঠিক আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে একসঙ্গে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২০ মার্চ) ভোররাতে উপজেলা সদরের বাজার ব্রিজ সংলগ্ন মঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আগুন লাগার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীও আগুন নেভাতে এগিয়ে আসেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এরই মধ্যে ৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

    ঈদের আগমুহূর্তে এমন বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। অনেক ব্যবসায়ীর জন্য এসব দোকানই ছিল জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম।

    ক্ষতিগ্রস্ত চায়ের দোকানদার সোহাগ মাঝি জানান, ঋণ নিয়ে তিনি ব্যবসা শুরু করেছিলেন। ঈদ উপলক্ষে নতুন পণ্য মজুদ ও দুটি ফ্রিজ কিনেছিলেন। আগুনে সব পুড়ে যাওয়ায় এখন তিনি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

    অন্যদিকে ‘মীম অ্যান্ড মুন’ সারের দোকানের মালিক মাসুদুর রহমান বলেন, ঈদের ছুটি ও জ্বালানি সংকটের কারণে তার দোকানে প্রায় ২০ লাখ টাকার সার মজুদ ছিল, যা পুরোপুরি আগুনে নষ্ট হয়ে গেছে। এছাড়া মুদি দোকান, মোবাইল ব্যাংকিং সেবা কেন্দ্র, লন্ড্রি ও সেলুনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান আগুনে ধ্বংস হয়ে গেছে।

    ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

    এছাড়া সংসদ সদস্যের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ ও টিন সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

    এ ঘটনায় দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

  • বাগেরহাটে দুঃসাহসিক হামলা—পুলিশকে কুপিয়ে ছিনিয়ে নেওয়া হলো আসামি

    বাগেরহাটে দুঃসাহসিক হামলা—পুলিশকে কুপিয়ে ছিনিয়ে নেওয়া হলো আসামি

    এবিএনএ,বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

    বুধবার (১৮ মার্চ) বিকেলে মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামি নাদিম শেখ (৩৩)কে গ্রেপ্তার করতে এসআই আনিছুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাকে আটক করে ফিরিয়ে আনার সময় হামলার শিকার হয় পুলিশ।

    এ সময় নাদিমের ছোট ভাই সাগর শেখ ধারালো দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত আক্রমণ চালায়। হামলার একপর্যায়ে কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে কোপ দিলে তার ডান হাত মারাত্মকভাবে জখম হয়।

    এই সুযোগে নাদিম ও সাগর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।

    কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, পলাতক আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে এবং হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • আইজিপির বাড়িতেই চুরি! বাগেরহাটে বিদ্যুতের মিটারের তার কেটে নিল দুর্বৃত্তরা

    আইজিপির বাড়িতেই চুরি! বাগেরহাটে বিদ্যুতের মিটারের তার কেটে নিল দুর্বৃত্তরা

    এবিএনএ,বাগেরহাট: দেশের পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের নিজ বাড়িতে ঘটেছে চুরির ঘটনা। দুর্বৃত্তরা বৈদ্যুতিক মিটারের তার কেটে নিয়ে যাওয়ায় পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

    ঘটনাটি ঘটে সোমবার (১৬ মার্চ) গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় চোরেরা বাড়িতে প্রবেশ করে মিটারের সংযোগ তার কেটে নিয়ে যায়।

    মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একই দিন দুপুরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে পুনরায় সংযোগ চালু করে দেন।

    বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, আইজিপির ওই চারতলা বাড়িটি বর্তমানে ভাড়া দেওয়া রয়েছে। তিনি বাগেরহাটে গেলে সাধারণত দ্বিতীয় তলার একটি ইউনিটে অবস্থান করেন।

    চুরির ঘটনায় পুরো বাড়িতে রাতভর বিদ্যুৎ না থাকায় বাসিন্দারা ভোগান্তিতে পড়েন। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

    পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে একাধিক টিম কাজ করছে।

  • মোংলায় মহিলা দল নেত্রীর বাড়িতে কোস্টগার্ডের অভিযান: ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

    মোংলায় মহিলা দল নেত্রীর বাড়িতে কোস্টগার্ডের অভিযান: ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

    এবিএনএ,মোংলা : বাগেরহাটের মোংলা উপজেলায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মদের পরিমাণ ১৯৭ বোতল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৩ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে মোংলা থানার চিলা বাজার সংলগ্ন এলাকায় একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানের সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয় এবং একই সঙ্গে একজনকে আটক করা হয়।

    আটক ব্যক্তি অভিজিৎ পাড়ই শান্ত। তিনি মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের বাসিন্দা পিতর পাড়ইয়ের ছেলে বলে জানা গেছে।

    এলাকাবাসীর দাবি, যে বাড়ি থেকে মদ উদ্ধার করা হয়েছে সেটি মোংলা থানা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তানিয়া বিশ্বাস (লিথি)-এর বসতবাড়ি। অভিযানের সময় তিনি বাড়িতেই উপস্থিত ছিলেন বলে জানা যায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আটক অভিজিৎ পাড়ই শান্ত পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন।

    এ বিষয়ে তানিয়া বিশ্বাস লিথি জানান, তাদের বাড়ি থেকে মদ উদ্ধারের বিষয়টি তিনি অস্বীকার করছেন না। তবে তার দাবি, জব্দ করা মদের মালিক তারা নন। তার স্বামীর এক পরিচিত ব্যক্তি এগুলো সাময়িকভাবে তাদের বাড়িতে রাখার জন্য দিয়েছিল। যদিও ওই ব্যক্তির নাম তিনি প্রকাশ করেননি।

    মোংলা থানা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি বেগম বলেন, অপরাধের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। যদি কেউ মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকে, তবে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। তিনি আরও জানান, বিষয়টি সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

    কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবারের অভিযানে ১৯৭ বোতল বিদেশি মদসহ অভিজিৎ পাড়ই শান্তকে আটক করা হয়েছে।

    তিনি আরও জানান, জব্দ করা মদ এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  • লোকালয়ে ছাগল গিলে ফেলেছিল বিশাল অজগর! সুন্দরবনে অবমুক্ত

    লোকালয়ে ছাগল গিলে ফেলেছিল বিশাল অজগর! সুন্দরবনে অবমুক্ত

    এবিএনএ,বাগেরহাট: সুন্দরবন থেকে লোকালয়ে এসে আস্ত ছাগল গিলে খেয়ে ঝোপের মধ্যে পড়ে ছিল বিশাল এক অজগর। ছাগলের মালিক তার নিখোঁজ ছাগল খুঁজতে গিয়ে দেখতে পান এই দৃশ্য। পরে সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি পেট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যদের খবর দিলে তারা গিয়ে অজরটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন।

    ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন দক্ষিণ রাজাপুর গ্রামে। অজগর সাপে ছাগল গিলে খাওয়ার খবর মুখে মুখে ছড়িয়ে পড়ার পর শত শত মানুষ জড়ো হন সেখানে। পরে অজগরটি সুন্দরবেন অবমুক্ত করে বনবিভাগ।

    সুন্দরবনের ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফেসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, দক্ষিণ রাজাপুর গ্রামের দিনমজুর সোহরাব ফরাজীর পোষা ছাগলটি আগেরদিন সোমবার বাড়ির কাছাকাছি বনসংলগ্ন চরে ঘাস খেতে যায়। কিন্তু ওইদিন ছাগলটি আর ফিরে আসেনি। পরেরদিন খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বনের কাছাকাছি একটি ঝোপের মধ্যে ছাগল খেয়ে অজগরটি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ভিটিআরটি ও সিপিজি সদস্যরা গিয়ে অজরটি উদ্ধার করে বনবিভাগের দাসের ভারাণী টহল ফাঁড়িতে হস্তান্তর করেন। সুন্দরবন থেকে অজগরটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল। ১৮ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৫০ কেজি। আর গিলে খাওয়া ছাগলটির ওজন হবে ২০ কেজির মতো। ছাগলটি খেয়ে অজগরটি নড়াচড়া করতে পারছিল না।

    সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, ছাগল খেয়ে অজগরটি কিছুটা অসুস্থ ছিল। তবে সতর্কতার সাথে অজগরটি উদ্ধার করেন প্রশিক্ষিত পরিবেশ কর্মীরা। দুপুর ১টার দিকে অজগর সাপটি সুন্দরবনের দাসের ভারাণী টহল ফাঁড়ির বনে অবমুক্ত করা হয়েছে।

  • বাগেরহাটে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা, অপমানে বিষপান—হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই

    বাগেরহাটে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা, অপমানে বিষপান—হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই

    এবিএনএ,বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলায় এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অপমান ও লোকলজ্জার ভয়ে ওই কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। বর্তমানে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নে বসবাসকারী এক দশম শ্রেণির ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানির চেষ্টা করে এক যুবক। ভুক্তভোগী ছাত্রীটি রাড়ীপাড়া ইউনিয়নের বাসিন্দা এবং একটি হাইস্কুলের শিক্ষার্থী।

    অভিযোগ রয়েছে, একই ইউনিয়নের মহসিন সরদারের ছেলে রোহান (২০) সুযোগ পেয়ে ওই কিশোরীর ওপর জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় কিশোরী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরিস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

    ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ে। সামাজিক অপমান ও লোকলজ্জার আশঙ্কায় রোববার (৯ মার্চ) সকালে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবার সূত্রে জানা গেছে।

    পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা জানান, কিশোরীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

    এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তারা মৌখিকভাবে শুনেছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

  • শরণখোলায় আগুনে পুড়ে গেল শিক্ষকের বাড়ি, মুহূর্তেই ছাই সবকিছু

    শরণখোলায় আগুনে পুড়ে গেল শিক্ষকের বাড়ি, মুহূর্তেই ছাই সবকিছু

    এবিএনএ,শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিক্ষকের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

    রবিবার (৮ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরটি দাউদাউ করে জ্বলতে থাকে এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে এবং এসবি তাফালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু সালেহের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় তার স্ত্রী শিশুদের জন্য রান্না করতে চুলা জ্বালিয়েছিলেন। পরে তিনি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    পরবর্তীতে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘরের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার ও ফ্রিজ বিস্ফোরণের মতো শব্দে ফেটে যাওয়ায় আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। এতে অল্প সময়ের মধ্যেই ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

    ক্ষতিগ্রস্ত শিক্ষক আবু সালেহ জানান, আগুনে তার শিক্ষাগত সনদপত্র, চাকরির নিয়োগপত্র, যোগদানপত্র, জমির দলিল, নগদ প্রায় ৭৫ হাজার টাকা, তার স্ত্রী ও মায়ের স্বর্ণালংকারসহ অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

    শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আফতাব ই আলম বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেন। তবে এলাকার রাস্তা সরু হওয়া এবং আশপাশের খালে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সমস্যা হয়।

    এদিকে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বালতি দিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এলেও পানির সংকটের কারণে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়।

    শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান বলেন, ঘটনাটি তিনি জেনেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

  • বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে বিশৃঙ্খলা: নির্ধারিত সময়ে শুরু হয়নি র‍্যালি, ক্ষোভ অংশগ্রহণকারীদের

    বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে বিশৃঙ্খলা: নির্ধারিত সময়ে শুরু হয়নি র‍্যালি, ক্ষোভ অংশগ্রহণকারীদের

    এবিএনএ,বাগেরহাট : বাগেরহাটে নানা অনিয়ম ও ব্যবস্থাপনার ঘাটতির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬। নির্ধারিত সময়ের অনেক পরে কর্মসূচি শুরু হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

    রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে নারী দিবস উপলক্ষে একটি র‍্যালি বের হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পার হলেও র‍্যালি শুরু হয়নি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানস্থলে এসে নিজের গাড়িতেই অপেক্ষা করতে থাকেন।

    পরে জেলা প্রশাসক উপস্থিত হলে সকাল প্রায় ১০টার দিকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার কথা থাকলেও মাত্র প্রায় ২৫০ গজ পথ অতিক্রম করে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।

    এরপর সেখানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিয়া ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন এবং বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীনসহ অন্যান্যরা।

    তবে অনুষ্ঠানস্থলে গণমাধ্যমকর্মীদের জন্য বসার কোনো আলাদা ব্যবস্থা না থাকায় সাংবাদিকদের মধ্যেও অসন্তোষ দেখা যায়।

    র‍্যালি ও আলোচনা সভা চলাকালে কয়েকটি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের ছবি তোলাকে কেন্দ্র করে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি হতে দেখা যায়।

    র‍্যালিতে অংশ নিতে আসা কয়েকজন নারী জানান, রমজান মাস হওয়ায় সকালেই অনেক দূর থেকে এসে দীর্ঘ সময় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে। নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু হলে এ ধরনের ভোগান্তির শিকার হতে হতো না।

    এসব বিষয় নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও অংশগ্রহণকারীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। একই সঙ্গে সংবাদকর্মীরাও আয়োজনে নানা ত্রুটি-বিচ্যুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

    এ বিষয়ে বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন বলেন, “আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি কিছুটা দেরিতে শুরু হয়েছে। তবে বড় ধরনের কোনো অব্যবস্থাপনা হয়নি।” তিনি আরও বলেন, “সাংবাদিকরা অনেক সময় ছোট বিষয়কে বড় করে তুলে ধরেন।” পরে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

  • মোংলার বাজারে মিলল বিরল ‘গোলপাতা’ মাছ, কেজি ৫০০ টাকাতেও কিনতে ভিড় ক্রেতাদের

    মোংলার বাজারে মিলল বিরল ‘গোলপাতা’ মাছ, কেজি ৫০০ টাকাতেও কিনতে ভিড় ক্রেতাদের

    এবিএনএ,মোংলা : সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় তিন মণ ওজনের বিরল প্রজাতির দুটি গোলপাতা মাছ। এই মাছটির বৈজ্ঞানিকভাবে নাম সেইল ফিস। শনিবার (৭ মার্চ) সকালে মোংলার প্রধান মাছ বাজারের রাইজিং ফিস আড়তে জেলেরা মাছটি নিয়ে আসেন। এ সময় মাছটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

    পরে নিলামের মাধ্যমে ২৪ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন রমজান মিঞা নামের এক মাছ ব্যবসায়ী।

    বাজারে আসা খায়রুল আলম নামে এক ব্যক্তি বলেন, মোংলা বাজারে সব সময় এত বড় মাছ আসতে দেখা যায় না। সকালে জেলেরা ট্রলার থেকে মাছটি নিয়ে এলে মাছটি এক নজর দেখতে আসি’।

    এমরান শেখ নামে আরেক ব্যক্তি বলেন, ‘আমি এত বড় গোলপাতা মাছ আগে কখনো দেখিনি’।

    মাছ ব্যবসায়ী রমজান মিঞা বলেন, মোংলা বাজারে বড় মাছ উঠলে আমি কেনার চেষ্টা করি। সকালে রাইজিং ফিস আড়তে মাছ দুটি উঠানো হলে ডাকের মাধ্যমে আমি ২৪ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছ দুটি প্রায় ১৫ ফুট লম্বা। মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বাজারে বিক্রি করছি। সুস্বাদু মাছ হিসেবে স্থানীয় বাজারে এর যথেষ্ট চাহিদা রয়েছে বলে জানান তিনি।

    মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সুন্দরবনের গোলপাতা মাছ বলতে মূলত বঙ্গোপসাগরে পাওয়া বিরল প্রজাতির সেইল ফিশ (Sailfish) বা গোলপাতা মাছ কে বোঝায়, যা দেখতে গোলপাতার মতো চ্যাপ্টা বা বড় আকারের হওয়ায় স্থানীয়রা এই নাম দিয়েছেন।

    এটি বিশাল ওজনের সামুদ্রিক মাছ, যা সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে মাঝে জেলেদের জালে ধরা পড়ে।  এটির বৈশিষ্ট্য হচ্ছে দ্রুতগামী সামুদ্রিক মাছ, যা সাধারণত গভীর সমুদ্রে বাস করে। এর শরীর চ্যাপ্টা ও পিঠের দিকে বড় একটি পাখনার মতো অংশ থাকে, যা দেখতে গোলপাতার ফলের মতো বা বড় পাতার আকৃতির হয় বলেও জানান তিনি।

  • স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এবিএনএ: বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার কমিটির অফিসে ডেকে নিয়ে রুপশ্রী জুয়েলার্সের স্বত্বাধিকারী অপু কর্মকার (৫২) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও বাজার কমিটির সহ-সম্পাদক মামুন শেখের বিরুদ্ধে। শুধু মারধরই নয়, ভুক্তভোগী অপু কর্মকারের স্বর্ণের দোকানে বাজার কমিটির সিল সম্বলিত তালাও লাগিয়ে দিয়েছেন অভিযুক্ত ওই নেতা। এ বিষয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

    অভিযোগকারী অপু কর্মকার জানান, সাইনবোর্ড বাজারে প্রায় ৪০ বছর ধরে তিনি স্বর্ণের ব্যবসা করছেন। বাজারে তার মালিকানাধীন আরও তিনটি দোকান ভাড়া দেওয়া আছে। জাতীয় নির্বাচনের ঠিক ১০ দিন আগে থেকেই মামুন শেখ ওই ভাড়াটিয়াদের কাছে ভাড়া চাইতে শুরু করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একবার মীমাংসা হলেও, সম্প্রতি মামুন আবারও নতুন করে ভাড়া দাবি করেন।

    ঘটনার বিবরণ দিয়ে অপু কর্মকার বলেন, “ভাড়া দিতে নিষেধ করায় মামুন লোক পাঠিয়ে আমাকে বাজার কমিটির অফিসে ডেকে নেয়। ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেনের কাছে কেন নালিশ করেছি—এই অজুহাতে আমাকে মারপিট শুরু করে। মামুন মারতে মারতে আমাকে নিয়ে দোকানের সামনে আসে এবং দোকানে ঢুকেও আমাকে আবার মারে। শেষে আমার দোকানে তালা ঝুলিয়ে দেয়।”

    “আমার স্বামী একজন নিরীহ ব্যবসায়ী। গায়ের জোরে তার দোকান থেকে ভাড়া তুলে নিতে চায়। ভাড়া দিতে নিষেধ করায় তাকে মারধর করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”— অর্পিতা কর্মকার, ভুক্তভোগীর স্ত্রী

    তবে নিজের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি ও মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিএনপি নেতা ও বাজার কমিটির সহ-সম্পাদক মামুন শেখ। একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন, অপু কর্মকারের ছোট ভাই সঞ্জয় স্বর্ণকার স্ত্রীকে ফেলে পালিয়ে গেছেন। সঞ্জয়ের স্ত্রী বাজার কমিটিতে অভিযোগ দিলে তিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে বিষয়টি দেখভাল করছিলেন।

    মামুন শেখ বলেন, “দোকানের ডিড বা মালিকানা দলিল সঞ্জয়ের নামে। তাই আমি রায় দিয়েছি যে সঞ্জয়ের অবর্তমানে ভাড়ার টাকা তার স্ত্রী পাবেন। এটা বলার পরেই অপু কর্মকার আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাকে মারপিট করা হয়নি, কথা বলার সময় হয়তো দু-একটি ধাক্কা লেগেছে।”

    ***

    এদিকে অভিযুক্ত নিজ দলের নেতা হলেও তার কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন বাজার কমিটির সভাপতি ও রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “মামুন শেখ একজন ব্যবসায়ীকে এভাবে মারধর ও দোকানে তালা দিতে পারে না। এটি ক্ষমতার অপব্যবহার। এ বিষয়ে আমরা জরুরি সভা আহ্বান করেছি এবং সেখানে আলোচনা সাপেক্ষে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।”

    এ বিষয়ে প্রশাসনের অবস্থান জানতে চাইলে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে এবং তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    প্রেক্ষাপট

    ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ উঠছে। দলের হাইকমান্ড এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ১১ মাসে সারা দেশে প্রায় ৫,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বাগেরহাটের এই ঘটনাটিও দলের ভাবমূর্তির জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।