Tag: বাগেরহাট

  • ছাত্রনেতা মাসুম হত্যার প্রতিবাদে শরণখোলায় বিক্ষোভ ও মানববন্ধন

    ছাত্রনেতা মাসুম হত্যার প্রতিবাদে শরণখোলায় বিক্ষোভ ও মানববন্ধন

    এবিএনএ,শরণখোলা(বাগেরহাট): শরণখোলায় ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুমকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে এবং হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। ৬ মার্চ (শুক্রবার) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়ন এর খুড়িয়াখালী গ্রামে নিহত মাসুমের বাড়ির সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে প্রায় পাঁচ শতাধিক নারী ও পুরুষ অংশ নেয়। উল্লেখ্য গত ১ মার্চ রাতে মাসুমকে হত্যা করা হলে অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয় এবং বাকী আসামীরা পালিয়ে যায়।

    মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীরা বলেন, মাসুমের হত্যায় যারা জড়িত তারা পূর্বে বনদস্যুতার সাথে যুক্ত ছিলো। বর্তমানেও পালিয়ে যাওয়া আসামীরা সুন্দরবনে অবস্থান করছে এবং রাতে তারা তাদের নিজেদের বাড়ীতে থাকে। এ ব্যাপারে প্রশাসনের কোনো তৎপরতা নেই বলে এলাকাবাসীরা অভিযোগ করেন।

    নিহত মাসুমের পরিবার জানায়, আসামীর পরিবারের নারীরা সন্ধ্যা হলেই ধারালো দা নিয়ে রাস্তায় বের হয়। গতকাল রাতে নিহত মাসুমের বড় ভাইকে একা পেয়ে দা- বটি নিয়ে তেড়ে আসে অভিযুক্ত আসামী পরিবারের দুই নারী সদস্য। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে আসলে ওই নারীরা পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে একটি ধারালো বটি উদ্ধার করে।

    এ ব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, অভিযুক্ত আসামীরা ঘটনার পর থেকে এলাকা থেকে পালিয়েছে। তবে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের বিশেষ অভিযান চলছে।

  • বাগেরহাটে পূবালী ব্যাংকের লকারে চাঞ্চল্য: ব্যবসায়ীর ২০০ ভরি স্বর্ণালংকার উধাও

    বাগেরহাটে পূবালী ব্যাংকের লকারে চাঞ্চল্য: ব্যবসায়ীর ২০০ ভরি স্বর্ণালংকার উধাও

    এবিএনএ,বাগেরহাট: বাগেরহাট শহরের একটি ব্যাংকের লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার হারিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক ব্যবসায়ী দাবি করেছেন, পূবালী ব্যাংকের সুরক্ষিত লকারে রাখা তার প্রায় দুইশ ভরি স্বর্ণালংকার আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

    বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট শহরের খানজাহান আলী সড়কে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি শাখায় এ ঘটনা সামনে আসে। খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    অভিযোগকারী ব্যবসায়ী সুমন কুমার দাসের বাড়ি বাগেরহাট শহরের দশানী এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে সুপারি ব্যবসার সঙ্গে জড়িত।

    সুমন কুমার দাস জানান, গত বছরের ১৫ অক্টোবর তিনি তার মা, খালা, ভাই ও স্ত্রীরসহ পরিবারের বিভিন্ন সদস্যের প্রায় দুইশ ভরির বেশি স্বর্ণালংকার ব্যাংকের লকারে জমা রাখেন। সম্প্রতি বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানের প্রয়োজন হওয়ায় তিনি ব্যাংকে গিয়ে লকার খুললে দেখতে পান ভেতরে কোনো স্বর্ণালংকার নেই।

    তিনি বলেন, লকার খালি দেখে আমি হতবাক হয়ে যাই। এরপর বিষয়টি সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশকে জানাই।

    ঘটনার পর ব্যাংকের অন্যান্য গ্রাহকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। একই ব্যাংকের এক গ্রাহক মাহফুজুর রহমান বলেন, একজন গ্রাহকের লকার থেকে স্বর্ণালংকার হারানোর খবর শুনে আমিও আমার লকার পরীক্ষা করতে ব্যাংকে আসি। সৌভাগ্যক্রমে আমার জিনিসপত্র ঠিকঠাক রয়েছে।

    এ বিষয়ে পূবালী ব্যাংক বাগেরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মনিরুল আমিন বলেন, এক গ্রাহক তার লকারে রাখা কিছু মূল্যবান জিনিস দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পুলিশকে জানানো হয়েছে। তদন্তের মাধ্যমে পুরো ঘটনা পরিষ্কার হবে।

    বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ব্যাংকে গিয়ে লকার পরিদর্শন করেছে। কীভাবে ব্যাংকের সুরক্ষিত ভল্ট থেকে এত বড় অঙ্কের স্বর্ণালংকার উধাও হলো তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাংক গ্রাহকদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

  • বাগেরহাট-১ আসনের ভোট নিয়ে নতুন মোড়: পুনর্গণনার নির্দেশ দিল হাইকোর্ট

    বাগেরহাট-১ আসনের ভোট নিয়ে নতুন মোড়: পুনর্গণনার নির্দেশ দিল হাইকোর্ট

    এবিএনএ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আসনের বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে আজ কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক ও অ্যাডভোকেট হাসানুল আলম।

    আদেশের বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট হাসানুল আলম আরো জানান, গত ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ ( ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। তিন উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোট কেন্দ্র ছিল ১৪৭টি। ভোটের ফল প্রকাশের পর ওই আসনের ১৫, ১৭, ২১, ২২, ২৫, ২৬, ২৭, ১১৬, ১১৭, ১২৮ ও ১৩৫ নম্বর কেন্দ্রের ঘোষিত ফলাফল নিয়ে আপত্তি তুলে নির্বাচন কমিশন সংক্রান্ত বিভিন্ন দপ্তরে যান বিএনপির প্রার্থী। প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত (আজ) ভোট পুনর্গণনার আদেশ দেন।

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতেই জয় পায় জামায়াতের প্রার্থীরা। এরমধ্যে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে বিজয়ী হন।

     

  • মোংলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

    মোংলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

    এবিএনএ,মোংলা : বাগেরহাটের মোংলা উপজেলায় একটি বড় মৎস্য ঘের দখলের চেষ্টা, ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে সুন্দরবন ইউনিয়নের আগা মাদুরপাল্টা এলাকার কবিরাজ বাড়ির দিঘির পাড় সংলগ্ন ঘেরে এ ঘটনা ঘটে। এতে ঘের মালিকসহ অন্তত চারজন গুরুতর আহত হন।

    স্থানীয় সূত্র জানায়, দিঘির পাড় এলাকার বাসিন্দা মো. আনসার সরদার তার পৈতৃক জমি এবং ইজারা নেওয়া প্রায় ৫০ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। অভিযোগ রয়েছে, একই এলাকার প্রভাবশালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম মৃধার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল রাতের আঁধারে ঘেরটি দখলের উদ্দেশ্যে সেখানে হামলা চালায়।

    এ সময় ঘেরের পাহারাদারদের ওপর অতর্কিত আক্রমণ করা হয় এবং ঘেরের ঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে বলে দাবি ভুক্তভোগীদের। বাধা দিতে গেলে আনসার সরদার, আবু মুছা সরদার, মামুন সরদারসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    ঘের মালিক আনসার সরদার জানান, “আমরা বৈধভাবে জমি ইজারা নিয়ে মাছ চাষ করছি। কিন্তু একটি প্রভাবশালী মহল জোর করে আমাদের উচ্ছেদ করতে চাইছে। বাধা দেওয়ায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে।”

    এ ঘটনায় আনসার সরদারের ভাতিজা মো. আকরাম সরদার বাদী হয়ে ফারুকুল ইসলাম মৃধা, তরিকুল ইসলাম মৃধা, জালাল মৃধা ও হানিফ হাওলাদারসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    তবে অভিযুক্ত নেতারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং ঘটনাটিকে ভিত্তিহীন দাবি করেছেন।

    মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

    ঘটনার পর থেকে সুন্দরবন ইউনিয়নে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

  • বাগেরহাটে বসতঘরে গোপন আস্তানা! ২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ অর্থ জব্দ

    বাগেরহাটে বসতঘরে গোপন আস্তানা! ২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ অর্থ জব্দ

    এবিএনএ,বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৪ মার্চ) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের নিজ বসতঘর থেকেই ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

    আটকরা হলেন সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) ও তার স্ত্রী রেশমা আক্তার (৩৪)। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    অভিযানকালে বাড়িতে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধার করা মোবাইল ফোনগুলো মাদক লেনদেনে ব্যবহৃত হতো।

    এ ঘটনায় বাগেরহাট সদর থানা-র পরিদর্শক এস.এম. জাফরুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক দম্পতিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দেরও মাদকবিরোধী কার্যক্রমে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

  • বাগেরহাটে বার্ড ফ্লুর ভয়াবহ থাবা: ৮ হাজার মুরগি মারা, ঋণের চাপে পথে বসার উপক্রম খামারি

    বাগেরহাটে বার্ড ফ্লুর ভয়াবহ থাবা: ৮ হাজার মুরগি মারা, ঋণের চাপে পথে বসার উপক্রম খামারি

    এবিএনএ,বাগেরহাট: বাগেরহাট জেলার সদর উপজেলার চাপাতলা গ্রামে এক খামারির স্বপ্নভঙ্গের করুণ চিত্র ফুটে উঠেছে বার্ড ফ্লুর সংক্রমণে। কয়েক মাসের ব্যবধানে মারা গেছে প্রায় ৮ হাজার ডিমপাড়া লেয়ার মুরগি। বিপুল লোকসান আর ঋণের বোঝায় এখন দিশেহারা পরিবারটি।

    মঙ্গলবার বিকেলে খামারটিতে দেখা যায়, সারি সারি খাঁচায় নিস্তেজ হয়ে পড়ে আছে সাদা লেয়ার মুরগি। কিছুক্ষণ পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়ছে একেকটি মুরগি। কর্মচারীরা মৃত মুরগি বস্তাবন্দী করে সরিয়ে নিচ্ছেন। একসময় যে খামারে প্রতিদিন হাজার হাজার ডিম উৎপাদন হতো, এখন সেখানে নেমে এসেছে নীরবতা।

    খামার মালিক সোহাগ শেখ প্রায় দুই দশক ধরে পোল্ট্রি ব্যবসার সঙ্গে জড়িত। ২০০৬ সালে মাত্র এক হাজার মুরগি নিয়ে নিজ বাড়িতে “সোহাগ এগ্রোফার্ম” প্রতিষ্ঠা করেন তিনি। ধীরে ধীরে খামারের পরিধি বাড়ে, বাড়ে কর্মসংস্থানও। বর্তমানে ১০-১২ জন কর্মচারী এই খামারের ওপর নির্ভরশীল। সোহাগ ও তার স্ত্রী নিজেরাও সার্বক্ষণিক কাজ করতেন খামারে।

    কিন্তু গত বছরের ডিসেম্বর থেকে হঠাৎ করে মুরগির মৃত্যুহার বাড়তে থাকে। শুরুতে সাধারণ রোগ ভেবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। ফেব্রুয়ারির মধ্যেই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রায় ৮ হাজার মুরগি মারা যায় বলে জানান খামারি। বর্তমানে খামারে মাত্র তিন হাজার মুরগি রয়েছে, সেগুলোর অবস্থাও আশঙ্কাজনক।

    সোহাগ শেখ জানান, “ডিম দেওয়া অবস্থায় অনেক মুরগি মারা গেছে। বড় বড় মুরগিগুলো বস্তায় ভরে সরাতে খুব কষ্ট হয়। অসুস্থ মুরগি কেউ কিনতে চায় না। তিন মাসে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।”

    তিনি আরও বলেন, ব্যবসার প্রয়োজনে ঋণ ও বাকিতে খাদ্য-ওষুধ আনতে হয়েছে। কিন্তু মুরগি মারা শুরু হওয়ার পর পাওনাদারদের চাপ বেড়েছে। কেউ কেউ অতিরিক্ত অর্থ দাবি করছেন বলেও অভিযোগ করেন তিনি। টানা দুই মাস কর্মচারীদের বেতন দিতে না পারায় অনেকেই কাজ ছেড়ে দিয়েছেন।

    এদিকে বাগেরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর-এর প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাস জানান, খামারে মুরগি মৃত্যুর বিষয়টি তাদের জানা আছে। খামার পরিদর্শন করে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর নিশ্চিতভাবে রোগের কারণ বলা যাবে। ক্ষতিপূরণ বা আর্থিক সহায়তার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

    খামারির দাবি, দ্রুত সরকারি প্রণোদনা বা বিশেষ সহায়তা না পেলে তার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। স্থানীয়ভাবে পোল্ট্রি খাতকে বাঁচাতে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

  • বাগেরহাটে প্রকাশ্য রাস্তায় ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যা, এলাকায় থমথমে উত্তেজনা

    বাগেরহাটে প্রকাশ্য রাস্তায় ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যা, এলাকায় থমথমে উত্তেজনা

    এবিএনএ,শরণখোলা (বাগেরহাট): বাগেরহাটের শরনখোলা উপজেলায় জামায়াত কর্মীরা পিটুনিতে সাইথখালী ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি আরিফুল ইসলাম মাসুম (৩২) নিহত হয়েছে। রবিবার (১লা মার্চ) রাত ১১টার দিকে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের মডেল বাজারে ওই হামলার ঘটনা ঘটে। এঘটনায় সাগর হাওলাদার নামে আরো এক বিএনপি সমর্থক আহত হয়েছেন। এই হত্যাকান্ডের পর শরণখোলা উপজেলাজুরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের মরদের ময়না তদন্ত সোমবার দুপুরে জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। ঘটনার পর বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

    নিহত আরিফুল ইসলাম মাসুম উপজেলার সাইথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের প্রয়াত বিএনপি নেতা আব্দুল মজিদ হাওলাদারের ছেলে ও সাউথখালী ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রদল নেতা মাসুম মালয়েশিয়া চলে যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপির পক্ষে ভোট দেয়ার জন্য মালয়েশিয়া থেকে বাড়িতে আসেন।

    এঘটনায় নিহত ভাই শহিদুল ইসলাম হাওলাদার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে সোমবার দুপুরে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ রবিবার দিবাগত রাতেই অভিযান চালিয়ে এঘটনায় ৩ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত খলিল বয়াতী, তানজের বয়াতী ও শাহজালাল বয়াতী নামের এই তিনজন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।

    নিহত ছাত্রদল নেতার পরিবারের দাবি, স্থানীয় জামায়াত-শিবিেিরর নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে আরিফুল ইসলাম মাসুমের উপর হামলা চালায়। ঘটনার সময় (রাত সাড়ে ১১টার) মাসুম তার শশুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি মারপিট করেন। তার ডাকচিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান।

    এব্যাপারে শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন জানান, বাগেরহাট-৪ আসনে জামায়াত প্রার্থী এমপি নির্বাচিত হওয়ায় তারা বেপরোয়া হয়ে ওঠে। নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে জামায়াতের নেতাকর্মীরা এলাকায় একাধি সহিংস ঘটনা ঘটিয়েছে। আমাদের বিএনপির নেতাকর্মীদের মারধর এবং বিএনপি অফিস আগুন দিয়ে জ¦ালিয়ে দিয়েছে তারা। নির্বাচনের পরের দিন নিহত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুম তার মোবাইলে একটি সহিংস ঘহটনার ভিডিও ধারণ করায় তার ওপর ক্ষীপ্ত ছিল জামায়া-শিবিরের নেতাকর্মীরা। তরাই জের ধরে এই নৃসংশ হত্যাকাÐ ঘটিয়েছে জামায়াত ও শিবির। হত্যাকাÐে জড়িত জামায়াত ও শিবির কর্মীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান এই বিএনপি নেতা।

    অপরদিকে উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির সংবাদ সম্মেলন করে এ ঘটনার সাথে জামায়াত-শিবিরের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। তিনি বলেন, নিহতের পরিবার ও বিএনপির অভিযোগ সম্পূর্ণ বানোয়াট, তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে জামায়াতের উপর ঘটনার দায় চাপানোর অপচেষ্টা করছেন।

    শরণখোলা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাইম বলেন, ছাত্রদল নেতা মাসুমকে রাত সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে বেডে পাঠানো হলে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্নও দেখা গেছে। তবে পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

    শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গত ১২ ফেব্রæয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন ছাত্রদল নেতা মাসুম মোবাইল ফোনে ভিডিও করাকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত ইসলামীর কর্মীদের সাথে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জের সাউথখালী ইউনিয়নের মডেল বাজারে জামায়াত কর্মীদের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে জামায়াত কর্মীরা মাসুম ও সাগর হাওলাদার নামে আরো এক বিএনপি সমর্থককে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা ভর্তি করার পর মাসুম মারা যায়।

    পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াতের তিনকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নিহতের ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় এই তিনজন এজাহারনামীয় আসামী।

    সোমবার দুপুরে নিহতের ময়না তদন্ত বাগেরহাট জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে। অন্য জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

  • দুপুরের কম্পনে থমকে গেল সুন্দরবন উপকূল: ৫.৪ মাত্রার ভূমিকম্পে আতঙ্কিত জনজীবন

    দুপুরের কম্পনে থমকে গেল সুন্দরবন উপকূল: ৫.৪ মাত্রার ভূমিকম্পে আতঙ্কিত জনজীবন

    এবিএনএ: শুক্রবার দুপুরে সুন্দরবন উপকূলে হঠাৎ করে ভয়াবহ কম্পনে থমকে যায় স্বাভাবিক জীবন। দুপুর ১টা ৫৩ মিনিটে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে ঘরবাড়ি, দোকানপাট এমনকি গাছপালাও দুলে ওঠে। পুকুর-দিঘির পানিতে স্পষ্ট ঢেউ দেখা যায়। মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে—শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ সবাই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। অনেকে মুখে দোয়া পড়তে পড়তে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

    বাগেরহাট শহরের বাসিন্দা লীলা দেবনাথ জানান, নাতিকে খাওয়ানোর সময় হঠাৎ ভবন কেঁপে ওঠে। আতঙ্কে শিশুটিকে কোলে নিয়েই বাইরে ছুটে যান তিনি। তার ভাষায়, জীবনে এমন দোল কখনও টের পাননি। একই অভিজ্ঞতার কথা বলেন স্থানীয় একাধিক বাসিন্দা ও ব্যবসায়ী। বাজার এলাকায় দোকানের মালামাল পড়ে ভেঙে যাওয়ার ঘটনাও ঘটে।

    একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানান, কম্পনে ঘরের আসবাবপত্র নড়ে ওঠে এবং রান্নাঘরের থালা-বাসন মেঝেতে পড়ে যায়। জুমার নামাজ চলাকালে একটি মসজিদেও কম্পন অনুভূত হয়। মুসল্লিরা নিরাপদে বের হয়ে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

    পুরোনো সরকারি কোয়ার্টারে থাকা এক চাকরিজীবী নারী বলেন, কম্পনে দেয়ালের ফাটল বড় হয়েছে—এ অবস্থায় সেখানে থাকা নিরাপদ নয় বলে তিনি আশঙ্কা করছেন। এনজিওকর্মী ও দোকানিরাও জানান, প্রথমে ভারী যানবাহনের কম্পন মনে হলেও পরে চারদিকে ‘ভূমিকম্প’ চিৎকার শুনে তারা দ্রুত বাইরে চলে যান।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাঠপর্যায়ে খোঁজখবর নিতে বলা হয়েছে।

    আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আশাশুনি উপজেলা এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। উপকূলজুড়ে অনুভূত এই কম্পনে বড় ক্ষয়ক্ষতি না হলেও জনমনে ভয় ও উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে।

  • দেশের নতুন আইজিপি হিসেবে আলী হোসেন ফকিরের নিয়োগ

    দেশের নতুন আইজিপি হিসেবে আলী হোসেন ফকিরের নিয়োগ

    এবিএনএ: বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে নতুন নেতৃত্ব এসেছে। বাগেরহাটের কৃতি সন্তান মো. আলী হোসেন ফকিরকে দেশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এতদিন আর্মড পুলিশ ব্যাটালিয়ন–এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর পুলিশ-১ শাখা। প্রজ্ঞাপনে উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে।

    পুলিশ ক্যাডারের ১৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা আলী হোসেন ফকির কর্মজীবনে নানা চড়াই-উতরাই পার করেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের সময় তিনি প্রথমে চাকরিচ্যুত হন এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

    তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি পুনর্বহাল হন। প্রথমে এসপি পদমর্যাদায় দায়িত্ব ফিরে পান এবং পরে সুপার নিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন।

    দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে দেশের পুলিশ বাহিনীর শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার নিয়োগকে বাগেরহাটবাসী গর্বের বিষয় হিসেবে দেখছেন।

  • আমেরিকায় অবস্থান করেও প্রভাব বিস্তার, আতঙ্কে হোগলাপাশা

    আমেরিকায় অবস্থান করেও প্রভাব বিস্তার, আতঙ্কে হোগলাপাশা

    এবিএনএ, বাগেরহাট: মোরেলগঞ্জ উপজেলাহোগলাপাশা ইউনিয়নে চাঞ্চল্যকর এক হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তার নির্দেশেই এলাকায় নানা অপকর্ম পরিচালিত হচ্ছে। দূরদেশ থেকে দেওয়া নির্দেশের জেরেই সাধারণ মানুষের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে বলে দাবি ভুক্তভোগীদের।

    সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংস হামলা

    গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা প্রায় ৭টার দিকে কিসমত বৌলপুর গ্রামের বাসিন্দা জহর আলী খার ছেলে আলামিন খান (৪৬)-এর বাড়িতে একদল ব্যক্তি হামলা চালায়। অভিযোগ রয়েছে, সাজু শেখ, তুষার শেখ, সাব্বির কাজি, রুবেল শেখ, সাখায়েত শিকদার, এমরান খান, ভুট্টা খান, মিরাজ খন্দকার, রাব্বি শেখ ও বিলকিস বেগমসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে আলামিন খানকে বাইরে টেনে এনে মারধর করে।

    ভুক্তভোগীর পরিবারের ভাষ্য, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে এবং এক পা ভেঙে দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

    আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

    পরে স্থানীয়রা গুরুতর আহত আলামিন খানকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল-এ ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার মাথায় গভীর ক্ষত এবং পায়ে গুরুতর ভাঙন রয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে দুর্বল অবস্থায় চিকিৎসাধীন।

    তবে পরিবারের অভিযোগ, আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী সংগ্রহ করতে পারছেন না তারা। ফলে চিকিৎসা প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    বিচার দাবিতে সোচ্চার পরিবার

    আলামিন খান বলেন, “আমি কোনো অপরাধ করিনি। তবুও পরিকল্পিতভাবে আমাকে হত্যা চেষ্টা করা হয়েছে। আমি এই হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার চাই।”

    এলাকাবাসীর একাংশও অভিযোগ করেছেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এমন ঘটনা ঘটছে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

    ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এখন দেখার বিষয়, প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং আহত আলামিন খান কবে ন্যায়বিচার পান।