Tag: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

  • ৪৮তম বিসিএস: সহকারী সার্জন ও ডেন্টাল সার্জনের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

    ৪৮তম বিসিএস: সহকারী সার্জন ও ডেন্টাল সার্জনের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

    এবিএনএ:  বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) স্বাস্থ্য ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। প্রথম ধাপে সহকারী ডেন্টাল সার্জন পদের ৫১১ জন এবং সহকারী সার্জন পদের ১৯১ জন প্রার্থীকে ডাকা হয়েছে।

    মৌখিক পরীক্ষার নির্দিষ্ট সময় ও তারিখ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

    পিএসসি জানায়, সময়সূচিতে কোনো ধরনের যৌক্তিক পরিবর্তনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

    উল্লেখ্য, স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে এই বিসিএস পরীক্ষার আয়োজন করা হয়। মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের যথাসময়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

    প্রার্থীদের কাছে সময়মতো এসএমএস এবং ই-মেইলের মাধ্যমে নির্দেশনা পাঠানো হবে বলেও জানা গেছে।

  • ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, এবার কবে কোন বিষয়ের পরীক্ষা?

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, এবার কবে কোন বিষয়ের পরীক্ষা?

    এবিএনএ: 

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে। রবিবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    নতুন রুটিন অনুযায়ী, ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে আবশ্যিক বিষয়ের পরীক্ষা। এরপর ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত নেয়া হবে পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা।

    পরীক্ষাগুলো দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।

    এর আগে ৮ মে থেকে ১৯ মে পর্যন্ত এই পরীক্ষার সময় নির্ধারিত ছিল, তবে পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তা স্থগিত করা হয়।

    গত ৯ মে প্রকাশিত হয় ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী।

    ২০২৩ সালের ৩০ নভেম্বর প্রকাশিত ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার মোট ৩ হাজার ১৪০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে—সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন।

    এছাড়াও শিক্ষা ক্যাডারে ৫২০ জন, প্রশাসনে ২৭৪ জন, পুলিশে ৮০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, মৎস্যে ২৬ জন এবং গণপূর্তে ৬৫ জনকে নিয়োগের পরিকল্পনা রয়েছে।

    উল্লেখ্য, এই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য পিএসসির কাছে জমা পড়েছে প্রায় ৩ লাখ ৩৮ হাজার আবেদন।