Tag: দুর্গাপূজা নিরাপত্তা

  • দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব

    দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব

    এবিএনএ:  দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুধু মাঠপর্যায়েই নয়, সাইবার জগতে গুজব প্রতিরোধেও কাজ করছে র‌্যাবের বিশেষ টিম।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, “এবারের দুর্গাপূজাকে ঘিরে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টহল টিম ও গোয়েন্দা সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছে। কোনোভাবেই গুজব ছড়িয়ে যেন উৎসবের পরিবেশ নষ্ট না হয়, সেজন্য র‌্যাবের সাইবার টিম ২৪ ঘণ্টা কাজ করছে।”

    তিনি আরও জানান, গুজব ছড়ানোর চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে দেশবাসীকে অনুরোধ করে বলেন, যাচাই ছাড়া কোনো খবর বিশ্বাস করবেন না।

    র‌্যাব মহাপরিচালক বলেন, দুর্গাপূজা চলাকালে নারী ও শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ইভটিজিং যেন কোনোভাবেই না ঘটে, তার জন্য বিশেষ নজরদারি চালানো হবে।

    এছাড়া পূজা উদযাপন কমিটির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মণ্ডপে সার্বক্ষণিক ভলান্টিয়ার রাখতে হবে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা উপভোগ করতে পারেন।”

    র‌্যাব প্রধান আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে উদযাপিত হবে।

  • ‘রাজনৈতিক নেতাদের তেলবাজি নয়’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

    ‘রাজনৈতিক নেতাদের তেলবাজি নয়’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

    এবিএনএ: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    রবিবার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাজনৈতিক নেতাদের তেলবাজি করবেন না, কোনো দলের হয়ে কাজ করার সুযোগ নেই। জনগণের স্বার্থ ও আইনের শাসন রক্ষাই আপনাদের প্রধান দায়িত্ব।”

    তিনি আরও সতর্ক করে বলেন, “মনে রাখবেন, পেশীশক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। রাজনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা করবেন না। যদি এখন তেল দেন, নির্বাচনের পর তা শেষ হয়ে যাবে। তাই সততা ও নিরপেক্ষতা বজায় রাখুন।”

    স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়ে বলেন, সামনের দুর্গাপূজায় অশান্তি সৃষ্টির চেষ্টা হতে পারে। এজন্য সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। তিনি গত বছরের শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের জন্য পুলিশকে ধন্যবাদ জানান এবং এ বছরও একই সতর্কতা বজায় রাখার আহ্বান জানান।

  • নির্বাচনে বাধা আসবেই, সতর্ক থাকতে হবে: প্রধান উপদেষ্টা ইউনূস

    নির্বাচনে বাধা আসবেই, সতর্ক থাকতে হবে: প্রধান উপদেষ্টা ইউনূস

    এবিএনএ:  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আসন্ন নির্বাচনে নানা ধরনের বাধা আসার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, যারা নির্বাচনকে ব্যাহত করতে চায়, তারা বিভিন্ন কৌশলে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে। ইতোমধ্যেই কিছু ইঙ্গিত পাওয়া গেছে এবং সামনে আরও চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এ কারণে সবারই সতর্ক থাকা জরুরি।

    মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস স্পষ্ট করে বলেন, যেকোনো বাধা সত্ত্বেও ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাওয়া নাগরিকদের জন্য এটি হবে একটি ইতিবাচক অভিজ্ঞতা। অতীতে যারা ভোটের সময় নানা তিক্ততার মুখোমুখি হয়েছেন, তাদেরও এবার নিরাশ হতে দেওয়া হবে না।

    তিনি জোর দিয়ে বলেন, “আমাদের লক্ষ্য হলো নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।”

    নির্বাচন আয়োজনকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন কেবল অন্তর্বর্তী সরকারের নয়, বরং দেশের প্রতিটি নাগরিক ও রাজনৈতিক দলের। তিনি এটিকে ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি গড়ে তোলার নির্বাচন হিসেবে উল্লেখ করেন।

    এ সময় তিনি সতর্ক করে বলেন, “প্রতি পদে পদে বাধা আসবে, বিভ্রান্তি তৈরি হবে। তবে সবাইকে স্থির থাকতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে।”

    আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। অশান্তি সৃষ্টি করার চেষ্টা হবে, তবে উৎসবমুখর পরিবেশেই এবারও দুর্গাপূজা উদযাপন করতে হবে।

    বৈঠকে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা উপস্থিত ছিলেন।