Tag: আইনশৃঙ্খলা

  • রাজনীতিতে বাড়ছে পেশিশক্তি ও পুরুষতান্ত্রিকতা, ঝুঁকিতে প্রান্তিক ভোটাররা

    রাজনীতিতে বাড়ছে পেশিশক্তি ও পুরুষতান্ত্রিকতা, ঝুঁকিতে প্রান্তিক ভোটাররা

    এবিএনএ: নির্বাচনী উত্তাপের মধ্যে দেশের নারী, আদিবাসী জনগোষ্ঠী, লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ এবং বিশেষভাবে প্রতিবন্ধী নাগরিকদের ভোটাধিকার হুমকির মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংগঠনটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অর্থের প্রভাব, পেশিশক্তির দাপট, ধর্মীয় ব্যবহার ও পুরুষতান্ত্রিক মানসিকতা ক্রমেই শক্তিশালী হচ্ছে—যা প্রান্তিক ভোটারদের জন্য ঝুঁকি বাড়াচ্ছে।

    সোমবার নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা মনিটরিং সেলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, এই প্রেক্ষাপটে প্রান্তিক জনগোষ্ঠী স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না—সে প্রশ্ন বড় হয়ে উঠেছে। টিআইবির পক্ষ থেকে বিষয়টি কমিশনের সংশ্লিষ্ট সেলকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। কমিশনার সানাউল্লাহ তাদের উপস্থাপিত তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

    নির্বাচনী স্বচ্ছতা প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান ভোটকেন্দ্রের নির্দিষ্ট এলাকার মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্তের সমালোচনা করেন। তার মতে, প্রযুক্তি পুরোপুরি বন্ধ না করে অপব্যবহার ঠেকাতে কার্যকর নজরদারি ও নীতিমালা জোরদার করা দরকার। স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিকে সহায়ক হিসেবে ব্যবহার করার আহ্বানও জানান তিনি।

  • সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ: সোমনাথ দে

    সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ: সোমনাথ দে

    এবিএনএ,মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা, বাগেরহাট: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলা  বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের পক্ষে  নির্বাচনী  জনসভা সভা  অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি বিকাল ৪ টায়  উপজেলার রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে  হাজার নেতা কর্মী নির্বাচনী  মিছিলসহ  জনসভায় মিলিত হয়।

    উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে। তিনি বলেন, আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি  এমপি নির্বাচিত হয়ে সুন্দরবন থেকে বনদস্যু, জলদস্যু দমন সহ সুন্দরবনের জেলেদের ও বাওয়ালিদের কাজ করার ক্ষেত্র তৈরি করা হবে। এ ছাড়া তিনি আরো বলেন এই এলাকা থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও ঘের দখল ইত্যাদি দূর করার চেষ্টা করব। এ সময বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আঞ্জুমান আরা আলো, শরণখোলা  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী।

    এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল , বিএনপি নেতা তালুকদার মধু, শহিদুল আলম লিটন, অহিদুজ্জামান বাবু ,  উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম,সদস্য সচিব আল- আমিন খান , যুবদল নেতা আবুল হোসেন, শহিদুল  ইসলাম সোহাগ , মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রদল নেতা মামুন গাজী ও শামীম শিকদার।

  • গুলশানে পুলিশের এডিসি মারধরের ঘটনায় গ্রেপ্তার ৫, আহত হাসপাতালে ভর্তি

    গুলশানে পুলিশের এডিসি মারধরের ঘটনায় গ্রেপ্তার ৫, আহত হাসপাতালে ভর্তি

    এবিএনএ: রাজধানীর গুলশানে গাড়ি ধাক্কাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধর করা হয়েছে। হামলায় গুরুতর আহত এই কর্মকর্তা বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে ১৭টি সেলাই লেগেছে।

    ঘটনাটি বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজ এলাকায় সংঘটিত হয়। মারধরের পর ডিএমপি হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ জানায়, ঘটনার সঙ্গে যুক্ত মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা মূলত একটি বার থেকে মদ্যপ অবস্থায় বের হয়ে আসেন। গাড়ি চলাচলের সময় পুলিশের গাড়ির সামান্য ঘেঁষাঘেঁষি হলে উত্তেজিত হয়ে তারা এডিসির গাড়ি রোধ করে। পরে আরও ২০-২২ জনকে ডেকে আনা হয় এবং পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়।

    ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের সৈয়দ মোহাম্মদ ফরহাদ জানান, এডিসি মাহফুজ্জামান ডিউটি শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ হামলার শিকার হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

    হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হামলাকারীরা মূলত ব্যবসায়ী এবং রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। গ্রেপ্তার পাঁচজন বর্তমানে থানায় রয়েছে এবং এই ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

  • ফেরি উদ্বোধন ঘিরে হাতিয়ায় উত্তেজনা: বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র নলচিরা, আহত অন্তত ১০

    ফেরি উদ্বোধন ঘিরে হাতিয়ায় উত্তেজনা: বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র নলচিরা, আহত অন্তত ১০

    এবিএনএ: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি চলাচল উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নলচিরা ঘাট এলাকায় এই সহিংসতা ছড়িয়ে পড়ে।

    স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফেরি চালু হওয়াকে কেন্দ্র করে দুই দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ঘাট এলাকায় জড়ো হন। উদ্বোধনের কৃতিত্ব কে নেবেন—এ নিয়ে শুরু হয় বাগ্‌বিতণ্ডা। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুরো নলচিরা ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    নলচিরা ঘাট এলাকার বাসিন্দা নাহিদ উদ্দিন জানান, ফেরি চালুর কৃতিত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। একদল আরেক দলকে এলাকা থেকে সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে, এতে একাধিক ব্যক্তি আহত হন।

    এ ঘটনার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ হাতিয়া থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এবং প্রশাসনের ভূমিকা ছিল নিষ্ক্রিয়। নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে থানার সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তিনি।

    অন্যদিকে বিএনপি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দলটির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহাবুবুর রহমান শামীম দাবি করেন, এনসিপির লোকজনই বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

    এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, সংঘর্ষের খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা যাচাই করা হচ্ছে এবং পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ভোরের নীরবতা ভেঙে পল্লবীতে গুলির শব্দ: মুদি দোকানদারকে গুলি করে টাকা লুট

    ভোরের নীরবতা ভেঙে পল্লবীতে গুলির শব্দ: মুদি দোকানদারকে গুলি করে টাকা লুট

    এবিএনএ: রাজধানীর পল্লবী এলাকায় ভোররাতে সশস্ত্র হামলার শিকার হয়েছেন এক মুদি দোকানদার। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন মুহাম্মদ হোসেন দীপু (৪৬)। হামলার পর তার কাছে থাকা নগদ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

    ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

    দীপুর স্ত্রী আফরোজা জানান, ভোরের দিকে পল্লবী থানার ৫ নম্বর রোডের ১২ নম্বর সেকশনের একটি বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন তার স্বামী। এ সময় তিনজন অজ্ঞাত পরিচয়ের মুখোশধারী ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার বাম পায়ের হাঁটুর ওপর অংশে লাগে। এরপর দুর্বৃত্তরা তার কাছে থাকা প্রায় ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

    বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দীপুর চিকিৎসা চলছে বলে জানা গেছে।

    এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৃথক দুটি টিম পাঠিয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দ্রুত বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।

  • শেরপুরের হত্যাকাণ্ডে কঠোর বার্তা জামায়াত আমিরের: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এখন জনতার পরীক্ষায়

    শেরপুরের হত্যাকাণ্ডে কঠোর বার্তা জামায়াত আমিরের: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এখন জনতার পরীক্ষায়

    এবিএনএ: শেরপুরে জামায়াতে ইসলামীর এক নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এই ঘটনায় জনগণ এখন দেখতে চায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে দায়িত্ব পালন করে এবং জাতিকে কেমন নির্বাচন উপহার দেয়।

    বুধবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। সেখানে শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মৃত্যুর ঘটনা তুলে ধরেন জামায়াত আমির।

    ডা. শফিকুর রহমান লেখেন, সহকারী রিটার্নিং কর্মকর্তার আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের সঙ্গে চেয়ার দখলকে কেন্দ্র করে বাক্‌বিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।

    তার ভাষ্য অনুযায়ী, ওই ঘটনায় জামায়াতে ইসলামীর অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে মাওলানা রেজাউল করিম মারা যান।

    এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, কোনো ধরনের গড়িমসি জনগণ মেনে নেবে না। আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ও কার্যকর ভূমিকার মাধ্যমেই এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

    এ ছাড়া তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

  • নির্বাচনের মাঠে সেনাবাহিনীর জন্য কড়া বার্তা: নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ

    নির্বাচনের মাঠে সেনাবাহিনীর জন্য কড়া বার্তা: নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ

    এবিএনএ:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে জনগণের সঙ্গে দায়িত্বশীল ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণকালে এসব দিকনির্দেশনা দেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

    আইএসপিআরের তথ্যমতে, নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্ব পালনরত সেনাসদস্যদের প্রস্তুতি ও কার্যক্রম পর্যালোচনা করেন সেনাবাহিনী প্রধান। পরিদর্শনকালে তিনি মাঠপর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

    সফরের অংশ হিসেবে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষেও অনুরূপ সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভাগুলোতে নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেনাপ্রধান বলেন, দায়িত্ব পালনের সময় ধৈর্য, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখাই সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেটিই জনগণের আস্থার মূল ভিত্তি।

  • নিউমার্কেটের উত্তেজনা কাটল: শিক্ষার্থী সংঘর্ষ নিয়ন্ত্রণে, স্বাভাবিক হলো যান চলাচল

    নিউমার্কেটের উত্তেজনা কাটল: শিক্ষার্থী সংঘর্ষ নিয়ন্ত্রণে, স্বাভাবিক হলো যান চলাচল

    এবিএনএ: রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে সৃষ্ট উত্তেজনা পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনার পর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের সড়কে একাধিক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এলাকা ছেড়ে সরে যেতে বাধ্য হয়। একই সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরও সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

    আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার ফলে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নিউমার্কেট এলাকায় যান চলাচল আবার স্বাভাবিক হয়। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলিফ্যান্ট রোডে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

    নিউমার্কেট থানার পেট্রোল ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল নির্বিঘ্নে চলছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

    সংঘর্ষের সূত্রপাত নিয়ে উভয় কলেজের শিক্ষার্থীরা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, তাদের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়।

    অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছে, তাদের শিক্ষার্থীরাই ঢাকা কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় মারধরের শিকার হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

    এ বিষয়ে ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তন্ময় অভিযোগ করেন, কোনো ধরনের উসকানি ছাড়াই আইডিয়াল কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের কলেজের কয়েকজন একাদশ শ্রেণির শিক্ষার্থীকে রিকশা থেকে নামিয়ে মারধর করা হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলেও তিনি দাবি করেন।

  • জঙ্গল সলিমপুরে রক্তাক্ত অভিযান: র‍্যাব কর্মকর্তা নিহত হলেও দুদিনে নেই মামলা, গ্রেপ্তার শূন্য

    জঙ্গল সলিমপুরে রক্তাক্ত অভিযান: র‍্যাব কর্মকর্তা নিহত হলেও দুদিনে নেই মামলা, গ্রেপ্তার শূন্য

    এবিএনএ: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি। একই সঙ্গে পুলিশ কাউকে গ্রেপ্তার করতেও পারেনি।

    বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সীতাকুণ্ড থানা-পুলিশ।

    পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় একটি অভিযানে অংশ নেয় র‍্যাবের একটি দল। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন। তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    একই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য এবং মনা নামের একজন সোর্স গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা র‍্যাব সদস্যদের অস্ত্র ছিনিয়ে নিয়ে মারধর করে এবং জিম্মি করে রাখে।

    সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

    স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকা পাহাড় দখল, অবৈধ বসতি ও সরকারি খাসজমি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। হাজার কোটি টাকার জমির আধিপত্য নিয়ে সেখানে বিভিন্ন প্রভাবশালী গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়মিত ঘটনা।

    সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে বিএনপির একটি কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে ইয়াসিন ও রুকন নামের দুটি প্রভাবশালী গ্রুপের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। ওই বিরোধের জেরেই অভিযানের সময় এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

  • জঙ্গল সলিমপুরে ভয়াবহ অভিযান: হামলায় প্রাণ গেল র‍্যাব কর্মকর্তার, থমথমে চট্টগ্রাম

    জঙ্গল সলিমপুরে ভয়াবহ অভিযান: হামলায় প্রাণ গেল র‍্যাব কর্মকর্তার, থমথমে চট্টগ্রাম

    এবিএনএ: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালাতে গিয়ে ভয়াবহ হামলার মুখে পড়েছে র‍্যাব। এ ঘটনায় মো. তওহীদ নামে চট্টগ্রাম র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি র‍্যাবের উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বিজিবি থেকে ডেপুটেশনে র‍্যাবে কর্মরত ছিলেন।

    সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। অভিযানের সময় সন্ত্রাসীদের হাতে র‍্যাবের একাধিক কর্মকর্তা ও সদস্য গুরুতর আহত হন। আহত চারজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয় এবং পুরো জঙ্গল সলিমপুর এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

    পুলিশ সূত্র জানায়, পতেঙ্গা ব্যাটালিয়নের একটি র‍্যাব দল আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে জঙ্গল সলিমপুরে অভিযান শুরু করে। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা র‍্যাব সদস্যদের ঘিরে ফেলে মারধর ও হামলা চালায়। পরে যৌথ বাহিনীর সহায়তায় জিম্মি অবস্থায় থাকা সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

    সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, হামলার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে।

    জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা নতুন নয়। অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব এমনকি গণমাধ্যমকর্মীরাও হামলার শিকার হয়েছেন।

    প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর ধরে সলিমপুর ইউনিয়নের এই পাহাড়ি এলাকায় সরকারি খাস জমি দখল করে হাজার হাজার অবৈধ বসতি গড়ে উঠেছে। প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই এলাকা বর্তমানে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।

    লিংক রোডসংলগ্ন এই অঞ্চলের প্রতি শতক জমির বাজারমূল্য ৯ থেকে ১০ লাখ টাকা হওয়ায় দখলকৃত জমির মোট মূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। এই বিপুল অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করেই এলাকায় দীর্ঘদিন ধরে সহিংসতা, খুন ও আধিপত্য বিস্তারের লড়াই চলমান।

    রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছর থেকে এই সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক মাসগুলোতে গোলাগুলি, হত্যাকাণ্ড ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

    আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এলাকাটির ভৌগোলিক অবস্থান এমন যে অভিযানের খবর আগেই সন্ত্রাসীদের কাছে পৌঁছে যায়। পাহাড়ের চূড়া থেকে গুলি ও ককটেল নিক্ষেপ করে তারা অভিযান প্রতিহত করে।

    উল্লেখ্য, জঙ্গল সলিমপুরের সরকারি জমিতে কারাগার, আইটি পার্কসহ অন্তত ১১টি বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও দীর্ঘদিন ধরে জমি উদ্ধার না হওয়ায় কোনো প্রকল্পই বাস্তবায়ন সম্ভব হয়নি।