Tag: আইনশৃঙ্খলা

  • নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ: দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান ইসির

    নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ: দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান ইসির

    এবিএনএ: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সব পক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনায় আগামীকাল শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের অনুরোধ করেছে সংস্থাটি।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে রাজনৈতিক দল ও প্রার্থীদের সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার জন্যও কমিশন ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

    ইসি জানায়, দেশের অব্যাহত শান্তি ও উন্নতি কামনায় শুক্রবার জুমার নামাজের পর সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

    নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকায় কমিশন সন্তুষ্টি প্রকাশ করেছে।

  • যশোরে ভোটকেন্দ্রে সহিংসতা, জামায়াত কর্মীসহ দুই জন আহত

    যশোরে ভোটকেন্দ্রে সহিংসতা, জামায়াত কর্মীসহ দুই জন আহত

    এবিএনএ, যশোর: যশোরে নির্বাচনী সহিংসতার ঘটনায় জামায়াতের এক কর্মী ও এক ভোটার আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে যশোর-৩ আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটে।

    আহতরা হলেন, সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী আবু হোসেন (২৫) এবং আব্দুল গণি (৫০)।

    আহত আবু হোসেন জানান, তিনি সকালেই ভোটকেন্দ্রের সামনে অবস্থান করছিলেন। তখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা তার ওপর আক্রমণ চালিয়ে তাকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। অপরদিকে, আব্দুল গণি ভোট দিতে বাড়ি থেকে বের হলে জামায়াত সমর্থকরা তাকে চড়-থাপ্পড় মেরে বাড়িতে ফিরে যেতে বাধ্য করে।

    ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

    যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, “তালবাড়িয়া স্কুলকেন্দ্রে কোনো গুরুতর অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

    নির্বাচন চলাকালীন সময়ে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

  • দিনাজপুরে ভোটকালীন নগদ টাকা বিতরণের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক

    দিনাজপুরে ভোটকালীন নগদ টাকা বিতরণের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক

    এবিএনএ, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে ভোটকালীন সময়ে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের অভিযোগে দুই কর্মীকে আটক করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চকপাড়া কল‍্যাণপুর গ্রামে নগদ বিতরণের ঘটনাটি ঘটে। অভিযুক্তরা ভোটার প্রতি ৫০ টাকা করে বিতরণ করছিলেন। স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে প্রশাসনের নিকট খবর দেন।

    আটককৃতদের মধ্যে রয়েছেন, ৩৫ বছরের নুরুল আমিন ইমন এবং ৩৪ বছরের সেতু মন্ডল। ঘটনা সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. লিয়াকত আলী সেখ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দুজনকে বিরামপুর থানায় সোপর্দ করা হয়।

    বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোটারদের মধ্যে নগদ বিতরণের সময় জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

    এই ঘটনায় প্রশাসন সতর্ক থাকার পাশাপাশি নির্বাচনের সময় ভোটারদের নিরাপদ ও সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কার্যক্রম জোরদার করেছে।

  • ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষে খুলনায় বিএনপি নেতার মৃত্যু—ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা

    ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষে খুলনায় বিএনপি নেতার মৃত্যু—ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা

    এবিএনএ, খুলনা: খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের মধ্যে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টার পরপরই কেন্দ্রের আশপাশে এই ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোট শুরুর সময় কেন্দ্রসংলগ্ন এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে কচি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিতরা তাকে দ্রুত সহায়তার চেষ্টা করেন।

    ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ উঠে এসেছে। বিএনপি নেতারা দাবি করছেন, ধাক্কাধাক্কির মধ্যে পড়ে গিয়ে তিনি গুরুতর আঘাত পান। অপর পক্ষের বক্তব্য, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত নয় এবং অসুস্থতার কারণেই তিনি মারা যেতে পারেন।

    খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার দায় নির্ধারণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রে ও আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

  • ভোট চলাকালেই শেরপুর সদরে ব্যালট বই ছিনতাই—নিরাপত্তা জোরদার, এক বই উদ্ধার

    ভোট চলাকালেই শেরপুর সদরে ব্যালট বই ছিনতাই—নিরাপত্তা জোরদার, এক বই উদ্ধার

    এবিএনএ: শেরপুর সদরের চর মোচরিয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলার মধ্যেই ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কেন্দ্রের ভেতরে ঢুকে তিনটি ব্যালট বই নিয়ে পালিয়ে যায়। পরে এর মধ্যে একটি উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুটি উদ্ধারে অভিযান চলছে।

    বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটের কাজ স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ কয়েকজন ব্যক্তি কেন্দ্রে ঢুকে দুটি কক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট বই নিয়ে দ্রুত সরে পড়ে।

    কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, উদ্ধার হওয়া ব্যালট বইয়ে জাতীয় সংসদ নির্বাচনের কিছু ভোট দেওয়া অবস্থায় পাওয়া গেছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে পৌঁছে নিরাপত্তা জোরদার করে। সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

    উল্লেখ্য, শেরপুরের কয়েকটি আসনে নির্বাচন ঘিরে বাড়তি সতর্কতা রয়েছে। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে মানুষের উপস্থিতি বাড়তে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

  • ভোটের মাঝেই গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ, কেঁপে উঠল কেন্দ্র—আনসারসহ আহত তিনজন

    ভোটের মাঝেই গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ, কেঁপে উঠল কেন্দ্র—আনসারসহ আহত তিনজন

    এবিএনএ, গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দায়িত্বে থাকা দুই আনসার সদস্য এবং ভোট দিতে আসা এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। বিস্ফোরণে কেন্দ্রের প্রধান ফটকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

    বৃহস্পতিবার সকাল নয়টার দিকে গোপালগঞ্জ-২ আসনের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রের বাইরে থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে বিস্ফোরণের পর কেন্দ্রে কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভোটগ্রহণ কার্যক্রম চালু রাখা হয়।

    আহতদের মধ্যে রয়েছেন আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ভোটারের সঙ্গে আসা শিশু আমেনা খানম। প্রাথমিকভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    কেন্দ্রে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা জানান, পাশের খালপাড় এলাকা থেকে ককটেলটি ছোড়া হয়। ঘটনার পর আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। নির্বাচন নির্বিঘ্ন রাখতে কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

  • গভীর রাতে ভোট কেনাবেচার অভিযোগে ধরা পড়লেন ওয়ার্ড জামায়াত সভাপতি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    গভীর রাতে ভোট কেনাবেচার অভিযোগে ধরা পড়লেন ওয়ার্ড জামায়াত সভাপতি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    এবিএনএ,মোংলা : মোংলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গভীর রাতে টাকা দিয়ে ভোট প্রভাবিতের অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অভিযুক্ত মো. জসিম উদ্দিন—তিনি ওই ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং পৌর এলাকার বাসিন্দা।

    স্থানীয়দের ভাষ্য, রাতের দিকে বালুর মাঠ এলাকার আশপাশে কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে তিনি ভোটারদের অর্থের প্রলোভন দেখানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে গেলেও জসিম উদ্দিনসহ দুজনকে ধরে ফেলা হয়। পরে স্থানীয়রা তাদের যৌথ বাহিনীর হাতে তুলে দেন।

    খবর পেয়ে নির্বাচন তদারকিতে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট নৌবাহিনী, বিজিবি ও পুলিশের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্তের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন ও ভোট কেনার চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের আশপাশে অবস্থান না করতে নির্দেশনা দেওয়া হয় এবং ভোটার স্লিপ বিতরণের অস্থায়ী কার্যক্রমও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনের পরিবেশ নষ্ট করে এমন যে কোনো তৎপরতার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মোংলায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।

  • ভোরের আলো ফোটার আগেই কেন্দ্রে ভিড়, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী—কালো টাকার অভিযোগে সরগরম মোংলা-রামপাল

    ভোরের আলো ফোটার আগেই কেন্দ্রে ভিড়, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী—কালো টাকার অভিযোগে সরগরম মোংলা-রামপাল

    এবিএনএ,মোংলা : ভোরের আলো ফোটার আগেই মোংলা ও রামপাল উপজেলার একাধিক ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ে। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রমুখী মানুষের ঢল নামে। অনেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভোট দেওয়ার জন্য।

    সকাল শুরু হতেই বিএনপি প্রার্থী নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সারিতে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। প্রার্থীর এমন উপস্থিতিতে কেন্দ্রে বাড়তি উৎসাহ ও আগ্রহ দেখা যায়। উপস্থিত ভোটাররা জানান, শান্ত পরিবেশে ভোট দিতে পারছেন বলে তারা সন্তুষ্ট।

    এদিকে নির্বাচন ঘিরে মোংলা-রামপাল এলাকায় ‘কালো টাকা’ ব্যবহারের অভিযোগ ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তুঙ্গে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো অনিয়ম ঠেকাতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

    ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তৎপর রয়েছেন। ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে সহায়তা করতে কেন্দ্রভিত্তিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে।

  • গোপালগঞ্জে ভোটের আগের রাতে ৫ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটারদের মধ্যে আতঙ্ক

    গোপালগঞ্জে ভোটের আগের রাতে ৫ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটারদের মধ্যে আতঙ্ক

    এবিএনএ,গোপালগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে গোপালগঞ্জে পাঁচটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণটি সদর উপজেলার নীলার মাঠ এলাকার শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ঘটে।

    এরপরপরই জেলা শহরের বীণাপানি স্কুল মোড়, মাঝিগাতী দশপল্লী এনকে উচ্চ বিদ্যালয় কেন্দ্র, দক্ষিণ রঘুনাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা-সিলনা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটে।

    ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পুলিশ পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

    এ ঘটনার ফলে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে।

  • রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন: একযোগে ২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু

    রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন: একযোগে ২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু

    এবিএনএ: রাত পোহালেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। ১২ ফেব্রুয়ারি একযোগে ২৯৯টি আসনে সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সাধারণ সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ভোটাররা সংবিধান সংস্কার ও নতুন রাজনৈতিক ব্যবস্থার পক্ষে বা বিপক্ষে ভোট দেবেন। শেরপুর-৩ আসনের নির্বাচন জামায়াত প্রার্থীর মৃত্যুতে স্থগিত রয়েছে।

    ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশে এটি প্রথম সাধারণ নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত শক্তিশালী নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ ও প্রস্তুতি সম্পন্ন করেছে। মনোনয়নপত্র দাখিল শেষ হয় ৫ জানুয়ারি, বাছাই শেষ হয় ৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের জন্য ১৪ জানুয়ারি পর্যন্ত সময় ছিল, পরে জোটের প্রার্থীদের জন্য কিছু ব্যতিক্রম অনুমোদন দেওয়া হয়েছে।

    মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে অংশগ্রহণ করছে ৫০টি রাজনৈতিক দল এবং ২ হাজার ২৮ জন প্রার্থী, যার মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় ও ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। আসনভিত্তিক হিসেবে ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন ২ জন। প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি ২৯১ জন প্রার্থী দিয়েছে, ১১ দলীয় জোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ যথাক্রমে ২৫৮ জন প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

    এই প্রথম বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না। ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী মানবতাবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের কারণে দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত।

    নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে বিটিভি ও বেতারে সব দলের শীর্ষ নেতাদের নির্বাচনী ভাষণের সুযোগ দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে ১০ ফেব্রুয়ারি, মিছিল ও জনসভা বন্ধ। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের জন্য উৎসাহিত করা হয়েছে।

    প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রথমবার ভোট দিতে পারছেন। ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধিত। আধুনিক প্রযুক্তি যেমন ই-কেওয়াইসি ও ফেসিয়াল ভেরিফিকেশন ব্যবহার করে জাল ভোট রোধ করা হয়েছে।

    সরাসরি ভোটে অংশগ্রহণের জন্য ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ৪২ হাজার ৭৭৯ প্রিসাইডিং অফিসার, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ সহকারী প্রিসাইডিং অফিসার ও ৪ লাখ ৯৫ হাজার ৯৬৪ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়া পোস্টাল ভোটের জন্য ১৫ হাজার কর্মকর্তা নিয়োজিত।

    নির্বাচন কমিশন ২ হাজার ৯৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে, ভোট ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য। প্রতি উপজেলা ও থানায় অন্তত দুই জন করে মোট ১ হাজার ৪৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। এছাড়া ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

    ৪২ হাজার ৭৭৯ কেন্দ্রের মধ্যে ৪০% ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। বিশেষ করে ঢাকার ১৫টি আসন ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন, ড্রোন, সিসি ক্যামেরা ও বডিওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে।

    এবছর সর্বোচ্চ ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী মোতায়েন, যার মধ্যে সেনা, নৌসদস্য, বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি ও র‍্যাব সদস্য অন্তর্ভুক্ত। ইউএভি, ড্রোন ও বডিওর্ন ক্যামেরার মাধ্যমে রিয়েল-টাইম নজরদারি করা হবে।

    দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ভোট পর্যবেক্ষণে দায়িত্ব পালন করছেন। মোট ৮১টি দেশি সংস্থা ও ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষক এবং ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক অংশগ্রহণ করছেন।

    নির্বাচনকে ঘিরে যানবাহনের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোটের সমস্ত সরঞ্জাম কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে এবং ভোট কর্মকর্তারা অবস্থান গ্রহণ করেছেন। দীর্ঘ ১৮ মাসের সংস্কার ও প্রস্তুতির পর দেশজুড়ে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন। কালকের ভোটগ্রহণ নির্ধারণ করবে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশের ভবিষ্যৎ।