চার আসনে একযোগে মনোনয়ন সংগ্রহ, বাগেরহাটে নির্বাচনী মাঠে আলোচনায় সিলভার সেলিম

এবিএনএ,বাগেরহাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটে আরও একটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিলভার সেলিম। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাগেরহাট–৩ সংসদীয় আসনের (রামপাল–মোংলা) মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের পক্ষে তাঁর অনুসারীরা মনোনয়নপত্র গ্রহণ করেন। এর মাধ্যমে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনেই তাঁর মনোনয়ন সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হলো।

এর আগে তিনি বাগেরহাট–১ (ফকিরহাট–মোল্লাহাট–চিতলমারী), বাগেরহাট–২ (সদর–কচুয়া) এবং বাগেরহাট–৪ (শরণখোলা–মোরেলগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সর্বশেষ রামপাল–মোংলা আসন যুক্ত হওয়ায় চার আসনেই তাঁর নির্বাচনী প্রস্তুতি দৃশ্যমান হয়েছে।

মনোনয়ন সংগ্রহ শেষে মেহেদী হাসান বলেন, “আমরা চারটি আসন থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমরা বাগেরহাটের মানুষের কল্যাণে কাজ করতে চাই।” তিনি আরও জানান, সিলভার সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাকি কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচনে অংশ নেবেন—সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে জেলার কয়েকটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তেজনা বিরাজ করছে। বাগেরহাট–১, ২ ও ৪ আসনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। স্থানীয় নেতারা অভিযোগ করেন, বাগেরহাট–১ ও ৪ আসনে মনোনীত প্রার্থীরা সাবেক আওয়ামী লীগ নেতা হওয়ায় তারা এ মনোনয়ন প্রত্যাখ্যান করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *