সদরঘাটে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা—সংঘর্ষে প্রাণ গেল যুবকের, নিখোঁজ আরও ২
ঢাকার ব্যস্ত নৌপথে দুই লঞ্চের ধাক্কায় নিহত ১, আহত অন্তঃসত্ত্বা নারী; উদ্ধার তৎপরতায় নৌপুলিশ


এবিএনএ: রাজধানীর সদরঘাটে ঘটে গেল মর্মান্তিক নৌ দুর্ঘটনা। দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে এবং অন্তঃসত্ত্বা এক নারী আহত হয়েছেন। পাশাপাশি এখনো দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিহত যুবকের নাম সোহাগ (২২)। আহত রেবা (২০) নামের ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত নারী একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে, নৌ পুলিশের সদরঘাট থানার কর্মকর্তা সোহাগ রানা বলেন, ঘটনার পর একাধিক ব্যক্তির নিখোঁজের খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত দুইজনের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে নৌ পুলিশের একাধিক দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিকেল সাড়ে ৫টার দিকে সদরঘাট এলাকায় ‘আসা যাওয়া-৫’ নামের একটি লঞ্চে যাত্রী ওঠানো হচ্ছিল। এ সময় পেছন দিক থেকে ‘এমভি জাকির সম্রাট-৩’ নামের আরেকটি লঞ্চ এসে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে অপেক্ষমাণ লঞ্চে থাকা কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন।
ঘটনার একপর্যায়ে বোরা আক্তার (২০) নামের এক নারী গুরুতর আঘাত পেয়ে নদীতে পড়ে যান। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের কাশিপুরগামী লঞ্চে ওঠার সময় পাশাপাশি থাকা দুটি লঞ্চের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




