এবিএনএ: বাংলাদেশে পুলিশের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। পুলিশের জন্য একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “পুলিশের তদন্তে যেন কোনো রাজনৈতিক বা বহিরাগত প্রভাব না পড়ে, সে জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এছাড়া পুলিশের ভেতরে যেসব অভ্যন্তরীণ অভিযোগ আসে, তা যাচাই করার জন্য একটি কমিশন গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে। দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আইন মন্ত্রণালয় কাজ শুরু করবে। এ কাজে উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী সম্পৃক্ত থাকবেন।
সভায় স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করা হয়। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন যাতে নিজস্ব তহবিল গড়ে স্বচ্ছভাবে পরিচালিত হতে পারে, সে বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা।
স্বাস্থ্য খাতের সমস্যা নিয়েও আলোচনা হয় বৈঠকে। কিছু মেডিকেল কলেজে যোগ্য শিক্ষকের সংকট পূরণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পরামর্শক হিসেবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আজকের বৈঠকে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত বাংলাদেশের শাসনব্যবস্থা, অর্থনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানকে আরও সুসংহত করবে।”
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।

Leave a Reply