Blog

  • ১৮ শতকের আইনে তনু হত্যার বিচার সম্ভব নয়

    ১৮ শতকের আইনে তনু হত্যার বিচার সম্ভব নয়

    এবিএনএ : আঠারো শতকের আইন দিয়ে তনু হত্যার ন্যায় বিচার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। ঘৃণ্য এ হত্যার তদন্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন তিনি।

    শনিবার (২ এপ্রিল) ঢাবির সিনেট ভবনে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ সব কথা বলেন প্রধান বিচারপতি।

    তিনি বলেন, ‘আমাদের সংসদ সদস্যদের বেশির ভাগ আইন বিষয়ে অজ্ঞ। এজন্য আইনের যুগোপযোগী সংস্কার করা সম্ভব হচ্ছে না।’

  • ‘দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার’

    ‘দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার’

    এবিএনএ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, খুন, জখম চালিয়ে দেশব্যাপী এখন ত্রাসের রাজত্ব কায়েম করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার।

    শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো দলের সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

    মির্জা ফখরুল বলেন, একদিকে দুর্নীতি-দু:শাসন অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, খুন, জখম চালিয়ে দেশব্যাপী এখন ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।

    বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেফতার বাণিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে। বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা দায়েরের হিড়িকে দেশবাসী সর্বদা আতঙ্কগ্রস্ত।

    শুক্রবার রাতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতি সংস্থা-জাসাস ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক ডা: আরিফুর রহমান মোল্লাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে দাবি করে ওই বিবৃতিতে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • চতুর্থ ধাপের নির্বাচন: আ’লীগের ৪৭৩ প্রার্থী চূড়ান্ত

    চতুর্থ ধাপের নির্বাচন: আ’লীগের ৪৭৩ প্রার্থী চূড়ান্ত

    এবিএনএ : চতুর্থ ধাপের নির্বাচনের জন্য আরও ১৮২টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এ নিয়ে তিন দিনে চতুর্থ ধাপের মোট ৪৭৩টি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। আগামী ৭ মে চতুর্থ ধাপে ৭৪৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।

    শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠকে ১৮২টি ইউপির প্রার্থী চূড়ান্ত করা হয়। এর আগে রোববার ও মঙ্গলবার দু’দফা বৈঠকে ২৯১টি ইউপির প্রার্থী চূড়ান্ত হয়েছিল।

    আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ড সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকগুলোতে বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
    মনোনয়ন বোর্ডের বৈঠক শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। এ বৈঠকে চতুর্থ ধাপের বাকি ইউনিয়নগুলোর প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা।

  • তদন্ত করে তনু হত্যার রহস্য বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    তদন্ত করে তনু হত্যার রহস্য বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    এবিএনএ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, সোহাগী জাহান তনু হত্যার বিষয়টি তদন্ত করে শিগগিরই হত্যা রহস্য উদঘাটন করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন সন্তোষজনক ছিলো না বলে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের করা হয়েছে। প্রতিবেদনে যাই আসুক সেটা দেশবাসীকে জানানো হবে।

    শনিবার সকালে যাত্রাবাড়ীর করাতিটোলা সিএমএস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তনু হত্যা মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কীভাবে এ হত্যার ঘটনা ঘটেছে, হত্যার পেছনে কে ছিলো খুব শিগগিরই তা তদন্ত করে বের করা হবে। দেশে দুই একটি ধর্ষণের ঘটনা ঘটছে। তবে এই দু’একটি ঘটনা বিবেচনায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেটা বলা যাবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে।

  • ‘নিজেদের লজ্জা ঢাকতেই নির্বাচন বর্জনের কথা বলছে বিএনপ ’

    ‘নিজেদের লজ্জা ঢাকতেই নির্বাচন বর্জনের কথা বলছে বিএনপ ’

    এবিএনএ : বিএনপি নিজেদের লজ্জা ঢাকতে নির্বাচন বর্জনের কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

    শনিবার দুপুরে প্রধামন্ত্রীর ধানমন্ডির কার্যালয়ে মুজিব নগর দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
    তিনি বলেন, বিএনপি সুষ্ঠু ধারার রাজনীতি করতে পারেনা এবং চায়ও না। তাই জনগণ তাদের প্রতি আস্থা হারাচ্ছে। সে জন্য তারা বার বার নির্বাচন বজনের কথা বলছে। আসলে বিএনপি নিজের লজ্জা ঢাকতে এসব সিন্ধান্ত নিচ্ছে।

    তিনি আরো বলেন, বিএনপি এ সরকারের আমলে ২০১৫ সালের টানা ৯২ দিন দেশে হরতাল-অবরোধ পালন করেছে। এ হরতাল-অবরোধ দিয়ে অনেক মানুষ এবং আগুনে পুড়িয়ে শিশু পর্যন্ত হত্যা করেছে। প্রেট্রোল-বোমা মেরে অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এ স্বাধীনতা বিরোধী দল।
    দশম জাতীয় নির্বাচনে অংশগ্রহন না করে বিএনপি চরম ভুল করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। তাদের ভরাডুবির কারণে নির্বাচন থেকে বেড়িয়ে আসার পায়তারা করছে বলেও জানান হানিফ।

    মুজির নগরে দিবস উদযাপন করার জন্য এবং সকলের অংশগ্রহণ কামানা করেন তিনি। তাছাড়া সে দিন (১৭ এপ্রিল) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবসটি পালন করা হবে বলে জানান তিনি।
    এ সময় আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এমপি জাহাঙ্গীর কবির নানক প্রমুখ উপস্থিত ছিলেন।

  • মাঠে ফিরছেন আশরাফুল

    মাঠে ফিরছেন আশরাফুল

    এবিএনএ : আগামী নভেম্বর মাসে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর চতুর্থ আসর। আর সবকিছু ঠিকঠাক থাকলে ৩ বছর পর ম্যাচ ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে, এবারের বিপিএল দিয়েই আবারো মাঠে নামবেন আশরাফুল। যদিও আশরাফুলের আর ৪ মাস পর অর্থাৎ আগস্টেই শেষ হচ্ছে আশরাফুলের নিষেধাজ্ঞার সময়সীমা।

    গতবারের ৬টি দল নিয়েই এবাবের আসর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল – এমনটাই জানিয়েছেন বিসিবির নির্বাহী কর্মকর্তা জালাল ইউনুস। গত ৩ আসরের প্রতিটি ম্যাচই মাত্র দুটি শহর ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে, কিন্ত এবার যেনো বিপিএলের ম্যাচ সারা দেশব্যাপী হয়- এমনটাই প্রত্যাশা দেশের অগনিত ক্রিকেটপ্রেমীদের!

    বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টারের ফেরার মঞ্চ হিসেবে ধরা হচ্ছে বিপিএল এর চতুর্থ আসরকে। সবকিছু ঠিক থাকলে হয়ত আসছে বিপিএল দিয়েই নিজের ক্যারিয়ারের শেষ পর্ব শুরু করবেন লিটল জিনিয়াস আশরাফুল। সে লক্ষেই নিজেকে প্রস্তুত রাখছেন বলে জানিয়েছেন মোহাম্মদ আশরাফুল।

  • মধুপুরে চলন্ত বাসে ধর্ষণের অভিযোগ

    মধুপুরে চলন্ত বাসে ধর্ষণের অভিযোগ

    এবিএনএ : টাঙ্গাইলের মধুপুরের ধনবাড়ীতে একটি বাসে এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার ঢাকাগামী ‘বিনিময় পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে ওই নারী ধর্ষিত হয় বলে ধনবাড়ী থানার ওসি মো. মজিবর রহমান জানিয়েছেন।

    সকালে ঘটনার পর ওই নারীর স্বামী বাদী হয়ে নয়জনকে আসামি করে মামলা করেন। বিকালে বাসের চালক ও তার দুই সহযোগীকে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

    এরা হলেন- চালক নয়ন ও তার দুই সহযোগী রেজাউল ও আব্দুল খালেক। শনিবার সকালে তাদের আদালতে হাজির করা হয়।

    ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে (২৩) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

    হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. রেহেনা পারভীন জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলেই বিস্তারিত জানানো হবে।

    টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ওই নারী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ওই নারী
    ওই নারীর স্বামী জানান, বৃহস্পতিবার তার স্ত্রী গাজীপুর থেকে টাঙ্গাইলের ধনবাড়ীতে এক খালার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সকালে গাজীপুরে ফেরার জন্য ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে টিকেট কেটে বিনিময় পরিবহনের বাসে ওঠেন। এ সময় বাসে অন্য কোনো যাত্রী ছিল না। শুধু তার স্ত্রীকে নিয়ে বাসটি রওনা হয়।

    এরপর বাসের সব জানালা-দরজা বন্ধ করে হাত-পা ও মুখ বেঁধে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

    ওই নারীকে পরে বাস থেকে ফেলে দিলে মধুপুর–ময়মনসিংহ সড়ক থেকে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয় বলে জানান তার স্বামী।

  • মেঘনা দেখার সাধ

    মেঘনা দেখার সাধ

    এবিএনএ : অস্কার ও গ্র্যামিজয়ী ভারতের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও কবি গুলজার ঘুরে গেলেন বাংলাদেশ। এটা ছিল তাঁর প্রথম বাংলাদেশ সফর। ২৫ মার্চ তিনি রাজধানীর একটি অনুষ্ঠানে পড়ে শোনান তাঁর লেখা ও অনুবাদ করা কিছু কবিতা। ২৬ মার্চ সকালে নাশতার টেবিলে গুলজার বসেছিলেন প্রথম আলোর সঙ্গে। সে সময় কথায় কথায় নিজের জীবনের অনেক গল্প শোনালেন তিনি।

    অভিনেত্রী স্ত্রী রাখী গুলজারকে নিয়ে কোনো কথা বলা যাবে না। তাতে যদি কষ্ট পান এই কিংবদন্তি! কম তো আর না, মেয়ে মেঘনার জন্মের বছর খানেক পর থেকেই গুলজার-রাখীর সংসারে দূরত্ব চলে আসে। এখন মেঘনা গুলজারের বয়স ৪২। সম্পর্ক ভাঙেনি গুলজার-রাখীর, তবে এখন আর তাঁরা এক ঘরের বাসিন্দা নন। তাই গুলজারের ব্যক্তিজীবনের সেই অধ্যায় নিয়ে কথা না বলার পরিকল্পনাই ছিল প্রথমে। কিন্তু অবাক করে দিয়ে সেই অধ্যায় থেকেই গল্প শুরু করলেন গুলজার।

    রাখী ও পদ্মার ইলিশ
    এখনো প্রতি ১৫ আগস্ট রাখীর বাড়িতে পৌঁছে যায় পদ্মার ইলিশ। গুলজারের পক্ষ থেকে এটা রাখীর জন্মদিনের উপহার। তখনো তাঁদের সংসারে বিবাদ বাসা বাঁধেনি, বাঙালি মেয়ে রাখী নাকি সে সময় গুলজারকে বলেছিলেন পদ্মার ইলিশের স্বাদ গঙ্গার ইলিশে মেলে না। সেই থেকে স্ত্রীর প্রিয় পদ্মার ইলিশ এখনো প্রতিবছর মুম্বাই পর্যন্ত নিয়ে যান গুলজার। বাংলাদেশে তাঁর পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করে ঘাট থেকে বরফজমাট ইলিশ কেনা এখন যেন রীতিতে পরিণত হয়েছে।

    ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গুলজার,

    স্ত্রী রাখীকে দিয়েই কিন্তু গুলজারের বাংলা আর বাঙালিপ্রীতির শুরু নয়। বাঙালিদের সঙ্গে বন্ধুত্ব গুলজারের জীবনকে এক অন্য আলোক দিশায় নিয়ে গেছে। ১৯৪৭ সালে দেশভাগের সময় বর্তমান পাকিস্তানের ঝিলম জেলা থেকে পরিবারসহ গুলজার চলে আসেন ভারতে। তখন গুলজার নয়, তাঁর নাম ছিল সাম্পুরান সিং কালরা। পরিবারের সঙ্গে প্রথমে পাঞ্জাবের অমৃতসর, এরপর জীবিকার তাগিদে চলে যান বোম্বে। সেখানে কাজের ফাঁকে ফাঁকে বই পড়ার নেশা তাঁকে পরিচয় করিয়ে দেয় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, গল্পের সঙ্গে। একে একে পড়তে শুরু করেন শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, নজরুল, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়। এরপর যখন সিনেমার পোকা মাথায় ঢোকে, তখন বাঙালি বিমল রায়, ঋষিকেশ মুখার্জিদের মতো নির্মাতাদের সহকারী হিসেবে কাজ শুরু করেন। এমনকি গীতিকার হিসেবে গুলজারের অভিষেক ঘটে বাঙালি সংগীত পরিচালক শচীন দেববর্মনের সঙ্গে কাজ করে। সময়ে সময়ে নিজের চারপাশে গুলজার খুঁজে পান সলিল চৌধুরী, দেবু সেন, বাসু ভট্টাচার্য, সুবোধ ঘোষ, রাহুল দেববর্মন, কিশোর কুমারের মতো বাঙালিদের বন্ধু আর শুভাকাঙ্ক্ষী হিসেবে। এমনকি স্ত্রী রাখীর সঙ্গে গুলজারের পরিচয়টাও না-কি হয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের মাধ্যমে।

    ঘোরাঘুরির ফাঁকে লিখছেন কবিতামেঘনা
    ওহ্, আর রাখীর জন্ম তো এই বাংলাদেশেই। তিনিও ১৯৪৭ সালের দেশভাগের পর বাংলাদেশের ভিটেমাটি ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন। গুলজারের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে সবাই তাঁকে চিনত রাখী মজুমদার নামে। তাঁর বাবা বাংলাদেশে পাটের ব্যবসা করতেন।
    বাংলাদেশ থেকে রাখী আর পাকিস্তান থেকে গুলজার ভিটেমাটি হারিয়ে ভারতের ভূখণ্ডে গড়েন নিজেদের পৃথিবী। এসবের মধ্যে বাংলা, বাঙালি আর বাংলাদেশ একটা সময় এতটাই প্রভাবিত করে এই দম্পতিকে যে তাঁরা তাঁদের একমাত্র মেয়ের নাম রাখেন বাংলাদেশের নদীর নামে, মেঘনা।
    সেই মেঘনা এখন অনেক বড়। বলিউডের গুণী পরিচালকদের একজন। তাঁর সবশেষ মুক্তি পাওয়া ছবি তালভার ২০১৫ সালে বলিউডের সবচেয়ে প্রশংসিত ছবির একটি। সেই মেঘনার কথাই প্রথমবার বাংলাদেশে এসে বারবার মনে করছিলেন গুলজার। তাঁকে যাঁরা বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছিলেন, তাঁদের কাছে মেঘনা নদী দেখার আবদারও করেছিলেন। কিন্তু এক দিনের ছোট্ট সফরে মেঘনার কাছে যাওয়ার সময় হয়ে ওঠেনি।

    একমাত্র মেয়ে মেঘনার সঙ্গেভাবনায় বঙ্গবন্ধু ও নজরুল
    ‘তাহলে ঢাকার কোথায় বেড়ানো হলো?’
    এই প্রশ্নের জবাব গুলজার দিলেন না। তাঁকে যাঁরা আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশে নিয়ে এসেছেন ‘লেইজার বাংলাদেশ’, সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শুক্লা সারওয়াত সিরাজ বললেন, ‘গুলজার সাহেবের কাছে দুটো পথ ছিল। একটি মেঘনা নদী দেখতে যাওয়ার। অন্যটি, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও নজরুল ইনস্টিটিউট ঘুরে আসার। কারণ, এক দিনের মধ্যে তো মেঘনা নদী দেখে অন্য কোথাও যাওয়া সম্ভব ছিল না। পরে গুলজার সাহেব মেঘনা না দেখে, বঙ্গবন্ধু ও নজরুলের স্মৃতি ছুঁয়ে দেখতে যান।’

    এরপরের কথাগুলো বললেন গুলজার। জানালেন, তাঁর পরের কাজ নজরুলকে নিয়ে। নজরুলের প্রেমের গান নিয়ে ভারতীয় সংগীতশিল্পী অজয় চক্রবর্তীর সঙ্গে কিছু কাজ করবেন তিনি। তৈরি করবেন একটি নজরুলসংগীতের অ্যালবাম। তাই ২৫ মার্চ শুক্রবার নজরুল ইনস্টিটিউট ঘুরে সেই অ্যালবামের জন্যই তথ্য আর নজরুল অভিজ্ঞতা নিয়ে গেলেন গুলজার।

    এরপর গুলজার গিয়েছিলেন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত সেই বাড়িতে। সেখানে গিয়ে লম্বা সময় কাটান গুলজার। সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি এক দারুণ খবর জানান। বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে নিয়ে একটি নাটক লিখতে চাই।’ তাঁর পাশে বসা সফরসঙ্গী ভারতীয় নাট্যনির্দেশক সেলিম আরিফের দিকে ইশারা করে বলেন, ‘ও যদি নাটকটি নির্দেশনা দিতে রাজি হয়, তাহলে হয়তো শিগগিরই এর কাজ শুরু করব।’

    ‘আসলে বাংলাদেশ সফরটা নিজেকে সমৃদ্ধ করার জন্য খুব জরুরি ছিল। এখানে এসে কিছু তথ্য সংগ্রহ না করলে, বঙ্গবন্ধু-নজরুলের স্মৃতিগুলো কাছ থেকে না দেখলে কাজগুলো আমি করতে পারতাম না।’ বলে গেলেন গুলজার।
    পাশাপাশি গুলজার ও রাখীতবে মেঘনা নদী দেখার ইচ্ছা কিন্তু গুলজারের মনে দানা বেঁধে আছে এখনো। তাই ২৬ মার্চ বিমানবন্দরের উদ্দেশে বেরোনোর আগেও বলছিলেন, ‘এখানে প্রতিবছর যে সাহিত্য উৎসব হয়, সুযোগ হলে এবার সেখানে যোগ দেব। আর সে সময় মেঘনা নদীটাও দেখে নেব। কোন নদীর নামে মেয়েটার নাম রাখলাম দেখতে ইচ্ছা হয় খুব।’

    গুলজারের লেখা কিছু জনপ্রিয় গান:
    * জয় হো (স্লামডগ মিলিয়নিয়ার)
    * তেরে বিনা জিন্দেগি সে কোই (আন্ধি)
    * ছাইয়া ছাইয়া/অ্যায় আজনাবি (দিল সে)
    * বিড়ি জালাইলে/ন্যায়না (ওমকারা)
    * তেরে বিনা/মাইয়া মাইয়া (গুরু)
    * সাজদে (কিল দিল)

    * অ্যায় জিন্দেগি গালে লাগ যা (সাদমা)
    * তুঝসে নারাজ নেহি জিন্দেগি/লাকড়ি কি কাঠি (মাসুম)
    * মুসাফির হু ইয়ার (পরিচয়)
    * সাথিয়া/চুপকে সে (সাথিয়া)
    * সো যাও (হায়দার)

    .পুরস্কার ও স্বীকৃতি

    * ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন সাতবার।
    * স্লামডগ মিলিয়নিয়ার ছবির ‘জয় হো’ গানের জন্য তিনি জিতেছেন অস্কার ও গ্র্যামি অ্যাওয়ার্ড
    * গীতিকার হিসেবে সর্বোচ্চ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়ার সম্মান পেয়েছেন গুলজার। মোট ১১ বার তিনি জিতেছেন সেরা গীতিকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। অন্যান্য বিভাগে গুলজার আরও আটটি পুরস্কার পেয়েছেন, এর মধ্যে রয়েছে চিত্রনাট্যকার, পরিচালক ও আজীবন সম্মাননার পদক।
    * ভারতীয় নাগরিকদের জন্য তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণও অর্জন করেছেন তিনি।
    * ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ সম্মাননা দাদা সাহেব ফালকে পুরস্কারও জিতেছেন তিনি।
    * ভারতের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারও পেয়েছেন তিনি।

    বাংলা সাহিত্য থেকে অনুপ্রাণিত গুলজার পরিচালিত ছবি
    * মেরে আপনে (১৯৭০)। বাঙালি নির্মাতা তপন সিনহা পরিচালিত ১৯৬৮ সালে মুক্তি পাওয়া বাংলা ছবি আপনজন-এর হিন্দি রিমেক ছিল মেরে আপনে।
    * পরিচয় (১৯৭২)। রাজ কুমার মৈত্রের লেখা ‘রঙিন উত্তরীয়’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।
    * খুশবু (১৯৭৫)। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পণ্ডিতমশাই অবলম্বনে ছবিটি নির্মাণ করেন গুলজার।
    * কিতাব (১৯৭৭)। ছবিটি গুলজার তৈরি করেছেন সমরেশ বসুর গল্প ‘পথিক’ অবলম্বনে।
    * নামকীন (১৯৮২)। সমরেশ বসুর ‘অকাল বসন্ত’ গল্প অবলম্বনে ছবিটি তৈরি করেছেন গুলজার।
    * আঙ্গুর (১৯৮২)। উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি অব এররস্ অবলম্বনে ছবিটি তৈরি। তবে গুলজার আঙ্গুর নির্মাণের অনুপ্রেরণা পেয়েছিলেন

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ করা ভ্রান্তিবিলাস থেকে।

    * ইজাজাত (১৯৮৮)। সুবোধ ঘোষের ‘জতুগৃহ’ অবলম্বনে এ ছবিটি তৈরি করেছেন গুলজার।
    (এ নিয়ে একটি মজার গল্পও শোনালেন তিনি। সুবোধ ঘোষকে যখন তিনি এই গল্পটির চিত্রনাট্য পড়ে শোনাচ্ছিলেন তখন নাকি সুবোধ ঘোষ বলেছিলেন, ‘এটা তো সেই গল্প নয়, তবে গল্পটা ভালোই লাগছে।’ ভয়ে ভয়ে গুলজার জানতে চান লেখকের কাছে, ‘দাদা, তাহলে কি আপনার নামটা এতে দেব?’ জবাবে সুবোধ ঘোষ বলেছিলেন, ‘হ্যাঁ, দিয়ে দাও। তুমি তো এর জন্য আমাকে পয়সা দিচ্ছই। নাম দিতে বাধা কিসের?’
    * লেকিন (১৯৯১)। গুলজার তাঁর এই ছবিটি তৈরি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষুধিত পাষাণ’ গল্প অবলম্বনে।

  • রিজার্ভ চুরি : ফিলিপাইনে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি

    রিজার্ভ চুরি : ফিলিপাইনে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি

    এবিএনএ : রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিনাসের (বিএসএফ) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি। এ ছাড়াও বাংলাদেশের গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে যাবে।

    রবিবারের মধ্যে তারা সেখানে পৌঁছাবেন বলে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব) জন গোমস এই তথ্য জানানো হয়। শুক্রবার ফিলিপাইনভিত্তিক সংবাদপত্র বিজনেস ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    ম্যানিলায় জন গোমস বলেন, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আসছেন। ফেরত পাওয়া অর্থ কীভাবে দেশে নেওয়া যায় সে বিষয়ে ওই কর্মকর্তা এএমএলসির জুলিয়ার সাথে সমন্বয় করবেন। এ ছাড়া রিজার্ভের অর্থ কীভাবে ফিলিপাইনে প্রবেশ করল এবং কে কে এর সঙ্গে যুক্ত সে ব্যাপারে প্রয়োজনীয় প্রমাণ বের করতে চেষ্টা করবে সিআইডি। আগামী ৫ এপ্রিল ফিলিপাইনের সিনেটের চতুর্থ শুনানিকালে বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে জানান গোমস। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত ব্যবসায়ী কিম অং আইনজীবীর মাধ্যমে ফিলিপাইনের অর্থপাচার দমন কাউন্সিল (এএমএলসি) ও বাংলাদেশ সরকারের প্রতিনিধির কাছে ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেওয়ার পর এই তথ্য জানা গেল। কিমের আইনজীবী ১০০ ডলারের নোট ভর্তি একটি ব্রিফকেস নিয়ে ম্যানিলায় বিএসএফের কার্যালয়ে আসেন। তার কাছ থেকে ব্রিফকেসটি গ্রহণ করেন গোমস ও এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া বাচায়-আবাদ। গত মঙ্গলবার ফিলিপাইনের সিনেটের শুনানি চলাকালে অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার করেছিলেন কিম অং। সেই অঙ্গীকার অনুযায়ী বৃহস্পতিবার তিনি অর্থ ফেরত দেন। ফিলিপাইনের অর্থ বিনিময়কারী প্রতিষ্ঠান ফিলরেম সার্ভিস করপোরেশনের মাধ্যমে সোলেয়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর জুয়াড়িদের জন্য কিম অং অর্থ পাঠিয়েছিলেন বলে শুনানিতে উল্লেখ করেন। বাংলাদেশ ব্যাংকের অর্থ যথাযথভাবে ফেরত পাঠানো হবে বলে জানান এএমএলসির জুলিয়া। তিনি জানান, বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিলেই অর্থ ফেরত পাঠানো হবে।

  • জিকা ভাইরাসের জৈবিক কাঠামো ‘আবিষ্কার

    জিকা ভাইরাসের জৈবিক কাঠামো ‘আবিষ্কার

    এবিএনএ : জিকা ভাইরাসের জৈব-আনবিক গঠন আবিষ্কারের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক, যা এই রোগের প্রতিষেধক তৈরির পথে এক ধাপ এগিয়ে দিল বলে মনে করা হচ্ছে। একই শ্রেণির ডেঙ্গু ও ইয়েলো ফিভারের মতো ফ্ল্যাভিভাইরাসের গঠনের সঙ্গে বাইরের স্তরে প্রোটিনের খোলসে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে জিকার।

    এই পার্থক্য থেকেই একই গ্রুপের অন্যান্য ফ্ল্যাভিভাইরাস স্নায়ুকোষ আক্রান্ত না করলেও জিকা কেন করে সে বিষয়টি ব্যাখ্যা করা এবং তা থেকে জিকা প্রতিরোধে প্রতিষেধক বা ওষুধ তৈরির নতুন পথ পাওয়া যাবে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেক্সাস ডিজিজের পরিচালক ড. অ্যান্থনি ফসি।

    প্রতিষ্ঠানটির অর্থায়নে পারড্যু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের এই গবেষণা সাইন্স সাময়িকীকে প্রকাশিত হয়েছে।

    গর্ভবতী মা মশাবাহিত এ রোগে আক্রান্ত হলে তার অনাগত শিশুর মাথা স্বাভাবিকের চেয়ে ছোট হতে পারে, মস্তিষ্কের গঠন থাকতে পারে অপূর্ণ। এ রোগকে বলে মাইক্রোসেফালি। ফলে এইসব শিশুরা বুদ্ধিপ্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে।

    (Kuhn and Rossman Research Groups / Purdue University) ডেঙ্গু রোগের জীবাণুর মতো জিকা ভাইরাসের বাহক এডিস এজিপ্টি মশা। গত বছর মে মাসে ব্রাজিলে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সেখানে মাইক্রোসেফালিতে আক্রান্ত শিশু জন্মের হার আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এরপর বিশ্বের প্রায় ৩৩টি দেশে এই ভাইরাস সংক্রমণের চিহ্ণ পাওয়া গেলে বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    জিকা ভাইরাসের সংক্রমণে কারও মৃত্যু না হলেও স্নায়ুবিক কোষ, যেগুলো মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র গঠন করে জিকা ভাইরাস তা ধ্বংস বা এর বৃদ্ধি ব্যাহত করতে পারে বলে গবেষণায় দেখা গেছে। এর আগে মেডিকেল জার্নাল সেল স্টেম সেলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জিকা ভাইরাস মস্তিষ্কের কর্টেক্স বা বহিঃস্তরের কোষকে বেছে বেছে আক্রমণ করে: ‘অধিকাংশ ক্ষেত্রে কোষের মৃত্যু হয় এবং অন্যদের স্বাভাবিক বৃদ্ধি ও নতুন কোষ তৈরি ব্যহত হয়।

    জৈব-আনবিক গঠনের বাইরের খোলসে পাওয়া ওই প্রোটিনই কিছু মানব কোষের সঙ্গে জুড়ে গিয়ে মানুষের স্নায়ুতন্ত্রে প্রবেশ করতে পারে বলে ধারণা ওই গবেষক দলের। রয়টার্সকে ড. অ্যান্থনি ফসি বলেন, গবেষকরা এখনও এটা প্রমাণ করেনি; কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র (কীভাবে জিকা স্নায়ু কোষে যায়)। জৈব-আনবিক গঠনে পাওয়া ওই প্রোটিনই স্নায়ুকোষে ঢোকার কারণ হলে রোগটির প্রতিষেধক আবিষ্কারে এটি কার্যকরভাবে কাজে লাগানো যাবে বলে আশা গবেষকদের।