এবিএনএ: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপর জাপা নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেল ৩টার দিকে জাপার নেতাকর্মীরা ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করে কর্মী সমাবেশ শুরু করেন। এতে দলের চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন।

তবে সমাবেশের জন্য কোনো অনুমতি না থাকায় পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে নির্দেশ দেয়। কিন্তু জাপা নেতাকর্মীরা এতে আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর তা সংঘর্ষে রূপ নেয়।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, “জাপা অনুমতি ছাড়াই সড়ক দখল করে সমাবেশ করছিল। আমরা তাদের শান্তভাবে সরে যেতে বললে তারা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।”

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে।

Leave a Reply