ইরানে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি: চীনের নজরদারি ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা

এবিএনএ: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও অস্থির পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এখন পর্যন্ত কোনো চীনা নাগরিকের হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ইরানের পরিস্থিতি উদ্বেগজনক হলেও সেখানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেইজিং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও জানান, ইরানে বসবাসরত চীনা নাগরিকদের স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি সতর্কতার সঙ্গে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। কোনো জরুরি পরিস্থিতিতে তারা যেন দ্রুত চীনা দূতাবাস বা কনসুলার হটলাইনের সঙ্গে যোগাযোগ করেন, সে নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। বর্তমানে দেশটির বিভিন্ন শহর ও অঞ্চলে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে, যা ইরানের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *