গুলির আঘাতে প্রাণ হারালেন ইকুয়েডরের সাবেক জাতীয় দলের তারকা ডিফেন্ডার মারিও পিনেইদা

এবিএনএ: দক্ষিণ আমেরিকার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ইকুয়েডরের জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডার মারিও পিনেইদা দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৩ বছর।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার ইকুয়েডরের বন্দরনগরী গুয়ায়াকিলের উত্তরাঞ্চলের একটি দোকানের সামনে পিনেইদাকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই হামলাকারী। হামলার সময় তার সঙ্গে ছিলেন তার মা এবং আরও এক নারী। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এই ফুটবলার।

ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে বিশেষ তদন্ত ইউনিট গঠন করে পুলিশি অনুসন্ধান শুরু করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে গুয়ায়াকিল শহরটি গ্যাং সংঘর্ষ ও মাদক চক্রের সহিংসতার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শহরটিতে প্রায় ১ হাজার ৯০০ মানুষ খুন হয়েছেন, যা দেশটির ইতিহাসে ভয়াবহ রেকর্ড।

এই সহিংসতার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। গত সেপ্টেম্বরেই ইকুয়েডরের দ্বিতীয় বিভাগের তিন ফুটবলার খুন হন। এরপর অক্টোবরে এক স্থানীয় ফুটবলার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

মারিও পিনেইদা ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে ইকুয়েডর জাতীয় দলের হয়ে মোট নয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ক্লাব ফুটবলে তার যাত্রা শুরু হয় ইন্ডিপেন্ডিয়েন্তে ডেল ভালের হয়ে। পরে ২০১৬ সালে তিনি যোগ দেন গুয়ায়াকিলের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা এসসিতে।

এছাড়া ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ব্রাজিলের ফ্লুমিনেন্সে এবং ইকুয়েডরের এল নাসিওনাল ক্লাবে ধারে খেলেছেন এই প্রতিভাবান ডিফেন্ডার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *