এবিএনএ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, বাংলাদেশকে এমন এক রাষ্ট্রে রূপান্তর করা হবে যেখানে সব নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবেন।
মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “আমরা চাই না কেউ নিরাপত্তা বাহিনীর ভয়ে ধর্ম পালন করুক। বরং প্রত্যেকেই যেন স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা যদি নিজেদের মধ্যে বিভক্ত হয়ে যাই তবে জাতি হিসেবে ব্যর্থ হবো। কিন্তু আমরা ব্যর্থ হতে চাই না। আমাদের লক্ষ্য হলো একটি নতুন বাংলাদেশ গড়া, যেখানে ধর্মীয় ভিন্নতা থাকলেও রাষ্ট্র সবার প্রতি সমান আচরণ করবে।”
ড. ইউনূস জোর দিয়ে বলেন, রাষ্ট্র কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেবে না বা অবহেলা করবে না। বরং সব ধর্মের মানুষকে সমান সম্মান ও অধিকার দিতে রাষ্ট্র বাধ্য থাকবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশকে আমরা এমন এক উদাহরণ হিসেবে গড়ে তুলতে চাই, যেটি বিশ্বের অন্যান্য দেশ অনুসরণ করবে। এই লক্ষ্য পূরণে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। পরিদর্শন শেষে তিনি শুভেচ্ছা সভায় অংশ নেন এবং উপস্থিতদের উদ্দেশে সংহতির বার্তা দেন।

Leave a Reply