দেশে ফের করোনা আতঙ্ক: ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৩

Written by

in

এবিএনএ:

বাংলাদেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে করোনাভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের এক বেসরকারি হাসপাতালে ৮১ থেকে ৯০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন।

এদিকে, গত এক দিনে মোট ২১টি নমুনা পরীক্ষার ভিত্তিতে ৩ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। এতে শনাক্তের হার দাঁড়ায় ১৪ দশমিক ২৯ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে।

একই সময়ে সুস্থ হয়েছেন ৩ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জনে পৌঁছেছে। বর্তমানে দেশে কোভিড-১৯ রোগে সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৪৪ শতাংশ।

করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ২ হাজার ৫০০ জন এই রোগে প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২২৪টি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু শনাক্তের হার আবারও বাড়তে শুরু করেছে, তাই জনসাধারণকে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করা উচিত। এছাড়া বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বাড়তি সচেতনতা জরুরি বলেও জানিয়েছেন তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *