Category: শিক্ষা

  • মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী সেপ্টেম্বরে

    মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী সেপ্টেম্বরে

    এ বি এন এ : ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

    মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট ও ইনস্টিটিউটে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত এই মতবিনিময় সভার আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সভায় দেশের জ্যেষ্ঠ সাংবাদিক, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কর্মকর্তা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন।

    স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত সবার কাছে মেডিকেল ভর্তি পরীক্ষা নিশ্ছিদ্র করতে কী ব্যবস্থা করা যায়, তা জানতে পরামর্শ চান। তবে শুরুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক পরীক্ষা গ্রহণের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বর্ণনা দেন।

    ভর্তি পরীক্ষা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত সাংবাদিকেরা।

    সভায় সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিএমএর সভাপতি মাহমুদ হাসান, বিএমডিসির সভাপতি মোহাম্মদ শহিদুল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

  • এইচএসসির ফল প্রকাশ ১৮ আগস্ট

    এইচএসসির ফল প্রকাশ ১৮ আগস্ট

    এ বি এন এ : ১৮ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন স্ব-স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব কালের কণ্ঠকে জানান, পাবলিক পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার একটি রেওয়াজ আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠিয়েছি। গতকার রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক পত্রে ১৮ আগস্ট ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু

    এ বি এন এ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষা অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ রবিবার থেকে শুরু হয়েছে।
    রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, পরীক্ষা অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ রবিবার থেকে শুরু হয়ে চলবে আগামী ২১ আগস্ট পর্যন্ত।
    এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd ) থেকে পাওয়া যাবে।
  • ‘ইসলামের বাণী ভূলভাবে উপস্থাপন করা হচ্ছে’

    ‘ইসলামের বাণী ভূলভাবে উপস্থাপন করা হচ্ছে’

     এ বি এন এ : ইসলামের মূল শান্তির বাণী ভুলভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হচ্ছে জানিয়ে শিক্ষার্থীদের কাছে ধর্মের বাণী সঠিকভাবে উপস্থাপনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

    রোববার (২৪ জুলাই) সকালে নায়েম মিলনায়তনে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষার মান মূল্যায়ন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

    তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের ধর্মের বিষয়ে সঠিক শিক্ষা দিতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে তাদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে।’

    শিক্ষাক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্কুলগুলোতে শিক্ষার মান নিশ্চিতে উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। শিক্ষক সঙ্কট দূর করার লক্ষ্যে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। ফলে শিক্ষার মানের উন্নয়ন যাতে পুরোপুরি বাস্তবায়ন হয়, সেদিকে নজর দিতে হবে।’

  • মজার গণিত

    মজার গণিত

    এ বি এন এ : সাধারণ গুণ-ভাগ দিয়ে অনেক সময় গণিতের জটিল সমস্যার তাক লাগানো সমাধান দেওয়া যায়। যেমন ধরা যাক, আপনি বিশ্ববিদ্যালয়ে কার্জন হলের সেই পুরোনো দিনের বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। তাঁদের কেউ পরিসংখ্যান, কেউ গণিত বা কেউ পদার্থবিজ্ঞানে পাস করে পিএইচডি, পোস্ট ডক্টরাল করে এসেছেন। কেউ অধ্যাপক, কেউ বিজ্ঞানী। মাঝেমধ্যে কার্জন হল প্রাঙ্গণে বিজ্ঞানের মজার বিষয় নিয়ে আলোচনার আসর বসান। এটা একধরনের বিজ্ঞানের আড্ডা বলা চলে। সেখানে আপনি বন্ধুকে বললেন, এই যে আমি কয়েকটা অঙ্ক বলছি, তোমরা লিখে রাখতে পারো।
    বন্ধুরা বললেন, লিখে লাভ?

    – লাভ আছে। দেখো না, তোমরা তোমাদের পছন্দের কোনো অঙ্ক নিয়ে আমার কথামতো গুণ-ভাগ করে উত্তর মিলয়ে নেবে। প্রথম অঙ্কটা কিন্তু তোমাদের ইচ্ছা অনুযায়ী হবে, আমি জানবও না, জানতে চাইবও না।

    – বেশ, আমরা একটা অঙ্ক ধরলাম।

    – আরে দাঁড়াও দাঁড়াও। একটু সবুর করো। আমার কথা তো শেষ হয়নি এখনো। প্রথমে তোমরা যার যার কাগজে ১, ২, ৪, ৫, ৭, ৮—এ কয়টি অঙ্ক লিখে রাখো। লক্ষ করলে দেখবে, এদের মধ্যে একটা ছন্দ আছে। যেমন ১-এর পর ২, এরপর ৩ বাদ দিয়ে ৪ ও ৫। এরপর আবার ৬ বাদ দিয়ে ৭ ও ৮। ছন্দটা মনে রাখলে তোমরা যেকোনো অনুষ্ঠানে সহজে গণিতের এই চমকপ্রদ খেলাটা দেখাতে পারবে।

    লিখেছ তো? এবার তোমারা তোমাদের যার যার পছন্দ অনুযায়ী ১ থেকে ৬-এর মধ্যে যেকোনো একটি অঙ্ক বেছে নাও। আমি জানতে চাইব না। ওটা গোপন।
    এবার ক্যালকুলেটর নিয়ে কিছু হিসাব করো। প্রথমে তোমরা যে সংখ্যাটি বেছে নিয়েছ, তাকে ৯ দিয়ে গুণ করো।
    – বেশ করলাম, তারপর?
    – গুণফলকে আবার গুণ করো ১১১ দিয়ে।
    – বেশ করলাম।
    – ফলাফল কি বড় হয়ে যাচ্ছে? হোক বড়। এবার প্রাপ্ত ফলাফলকে আরেকবার গুণ কর ১০০১ দিয়ে।
    – আরে ভাই, আর কত গুণ করাবে, এ তো গাধার খাটনি খাটাচ্ছ!
    – না, না ভাই, এই তো শেষ। এবার গুণফলকে ৭ দিয়ে ভাগ করো।
    – বেশ করলাম। তো কী হলো?
    – দেখো তো তোমরা ফলাফল কী পেয়েছ? আমি যে প্রথম ৬টি অঙ্ক লিখতে বলেছিলাম, তার সঙ্গে কোনো মিল পাচ্ছ কি?
    বন্ধুরা কিছুক্ষণ চোখ বুলিয়ে সমস্বরে চেঁচিয়ে উঠল, আরে তাই তো, ফলাফলে তো তোমার ৬টি অঙ্কের সব কটিই আছে!
    এখানেই এই জটিল গণিতের মজা। ১ থেকে ৬ পর্যন্ত যেকোনো একটি অঙ্ক নিয়ে তাকে ক্রমান্বয়ে ৯, ১১১ ও ১০০১ দিয়ে গুণ করে ৭ দিয়ে ভাগ করলে ৬ অঙ্কের একটি সংখ্যা পাওয়া যাবে, যার মধ্যে ১, ২, ৪, ৫, ৭ ও ৮ অঙ্কগুলোই শুধু থাকবে, হয়তো এই ক্রমিকে নয়, উল্টাপাল্টা ধারায়। আপনি এখনই পরীক্ষা করে দেখুন না, খুব সোজা।
    আপনাদের যাঁরা গণিতে উৎসাহী, তাঁরা একটু চিন্তা করে বের করুন তো কেন সব সময় একই উত্তর পাওয়া যায়? যদি এর যৌক্তিক ব্যাখ্যা কোনো উৎসাহী তরুণ বের করতে পারেন, তাহলে তিনি নির্ঘাত আগামী বছর ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ও প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এবং নিশ্চয়ই তিনি দেশের জন্য স্বর্ণপদক জয় করে আনবেন।
  • শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ, ২৩ জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠক

    শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ, ২৩ জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠক

    এ বি এন এ : শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আগামী ২৩ জুলাই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

    আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউশনে ওইদিন সকাল সাড়ে ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, তিন/চারজন সিনিয়র শিক্ষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও মহাসচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

    বৈঠকে জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় সম্পর্কে সরকারের দিকনির্দেশনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছে তুলে ধরা হবে।

    একই উদ্দেশে আগামী ১৭ জুলাই দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকার ইংরেজি মাধ্যমের স্কুলকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সভা আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়।

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেব বক্তব্য দিবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

    বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রাস্টি বোর্ডের সদস্য, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, মালিক ও পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

    কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে ওইদিন বেলা সাড়ে ১০টায় বৈঠকটি হবে। বৈঠকে জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় সম্পর্কে সরকারের দিকনির্দেশনা দেয়া হবে।

    এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষার্থীদের জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের সঙ্গে জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক বৈঠক আয়োজন করা হবে।

  • অবশেষে সব প্যানেল শিক্ষকদের নিয়োগের নির্দেশ

    অবশেষে সব প্যানেল শিক্ষকদের নিয়োগের নির্দেশ

    এ বি এন এ : অবশেষে সদ্য জাতীয়করণকৃত রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম পদসহ সকল শূন্যপদে প্যানেল শিক্ষকদের নিয়োগের নির্দেশ দিয়েছে সরকার।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত নির্দেশ দেশের ৬১ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠানো হয়েছে।

    আনোয়ারুল হক বৃহস্পতিবার (০৯ জুন) বলেন, মাঠ পর্যায়ে বিভ্রান্তি দূর করতে দ্বিতীয়দফায় নির্দেশনা দেওয়া হয়েছে।

    গত ৬ জুন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিলেও পঞ্চমপদে শিক্ষদের নিয়োগ দিচ্ছিলো না তারা।

    প্যানেল শিক্ষকরা দাবি করছিলেন, পঞ্চমপদে নিয়োগের আদেশ না দেওয়ায় ৫ হাজারের বেশি শিক্ষক নিয়োগ পাবে না। অথচ এই শিক্ষকের সংখ্যা ২৮ হাজার।

    দ্বিতীয় দফায় পাঠানো চিঠিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৩ সালের আদেশ অনুযায়ী জাতীয়করণকৃত ২২ হাজার ৯২৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে একটি করে প্রধান শিক্ষক ও চারটি সহকারী শিক্ষকের পদ রাজস্বখাতে সৃজন করা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতি রয়েছে।

    “বর্ণিত অবস্থায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পদের চাহিদা মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৩ সালের ২৭ অক্টোবরের স্মারকবলে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগ দেওয়া যাবে।”

    জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছাড়াও ৬১ জেলা প্রশাসক, বিভাগীয় উপ-পরিচালককে (প্রাথমিক শিক্ষা) চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

    বাংলাদেশ প্রাথমিক প্যানেল শিক্ষক ঐক্যজোটের সভাপতি রবিউল ইসলাম বলেন, এখন সকল শূন্যপদে শিক্ষকরা নিয়োগ পাবেন। এ নির্দেশে তারা খুশি।

    রংপুরের বদরগঞ্জ উপজেলার প্রার্থী মিজানুর রহমান শাহ জানান, সরকারের নির্দেশে দীর্ঘ দিনের আন্দোলন এবং জটিলতা কাটলো।

    রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি (নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলা ও কল্যাণ) নীতিমালা-২০০৯ অনুযায়ী সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০১০ সালের ২১ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্য পদের বিপরীতে নিয়োগের জন্য ৪২ হাজার ৬১১ জনের একটি প্যানেল প্রস্তুত করা হয়। ওই প্যানেল থেকে এরই মধ্যে ১০ হাজার ৫১৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকিদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঝুলে থাকার মধ্যে তা নিয়ে দীর্ঘ আন্দোলন এবং আইনি লড়াই চালিয়ে যান প্রার্থীরা।

    পরে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেয় গণশিক্ষা মন্ত্রণালয়। উচ্চ আদালত রিট পিটিশন ও রিভিউ পিটিশন খারিজ করে নীতিমালা তৈরি করে নিয়োগ দিতে বলায় নিয়োগ উদ্যোগ নেয় মন্ত্রণালয়।

    ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১০’ এ ৪২ হাজার ৬১১ জনের মেধাক্রম তালিকা ২০১২ সালের ৮ এপ্রিল প্রকাশ করা হয়। এরপর ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের ঘোষণা দেওয়ার পর সেই প্যানেল থেকে শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে যায়। এখন সেই জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাবেন তারা।

    প্যানেল শিক্ষক ঐক্যজোটের সভাপতি রবিউল ইসলাম বলেন, এসব পদে প্রায় ২৫-২৮ হাজার প্রার্থী রয়েছেন। এর আগে আইনি লড়াইয়ে নওগাঁয় ১০ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাদের মধ্যে সাত জন যোগদান করেন।

  • ‘দেশের শিক্ষা উন্নয়নে কাজ করছে সরকার’

    ‘দেশের শিক্ষা উন্নয়নে কাজ করছে সরকার’

    এ বি এন এ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার নেতৃত্বে ২৩ বছরের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। সেই বাংলাদেশকে জাতির পিতা গড়ে তুলতে থাকেন নানামুখী কার্যক্রমে। তার কার্যক্রমের মধ্যে গুরুত্ব পেয়েছিল শিক্ষাখাত। তিনিই বলেছিলেন, ‘সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষাখাতে পুঁজি বিনিয়োগের চাইতে উৎকৃষ্ট বিনিয়োগ আর কিছু হতে পারে না।’ বর্তমান সরকার সেই কথাই মাথায় রেখে দেশের শিক্ষা উন্নয়নে কাজ করছে।’
    রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী।
    তিনি বলেন, আমাদের এই মেধাবী শিক্ষার্থীদের দরকার মেধা বিকাশের সুযোগ। এই প্রতিযোগিতা তেমনই একটি সুযোগ।
    শেখ হাসিনা জানান, তার সরকার কারিগরি শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, ধর্ম শিক্ষাসহ সব শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। তার সরকার মনে করে শিক্ষাখাতে অর্থব্যয় ‘খরচ’ নয়, ‘বিনিয়োগ’, ‘উৎকৃষ্ট বিনিয়োগ’।
    ‘দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৬’ প্রতিযোগিতায় নির্বাচিত জাতীয় পর্যায়ের সেরা ১২ জন এবং ২০১৫ সালের নির্বাচিত সেরা ১২ জন মেধাবীর হাতে পুরস্কার তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
  • ঘূর্ণিঝড় রোয়ানু : পেছাল এইচএসসি পরীক্ষা

    ঘূর্ণিঝড় রোয়ানু : পেছাল এইচএসসি পরীক্ষা

    এ বি এন এ : ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় জেলাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর রবিবারের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।
    শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা, নতুন সূচি অনুযায়ী ২২ মে অনুষ্ঠেয় এইচএসসি/ডিআইবিএস পরীক্ষা হবে ২৭ মে শুক্রবার। সকালের পরীক্ষা ৯টা থেকে এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২ মে অনুষ্ঠেয় পরীক্ষা হবে ২৪ মে মঙ্গলবার বেলা ২টা থেকে।
    বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তবে বোর্ড সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
  • যেখানে প্রতিযোগিতা নেই, সেখানে সাফল্যের সম্ভাবনাও থাকে না : শিক্ষামন্ত্রী

    যেখানে প্রতিযোগিতা নেই, সেখানে সাফল্যের সম্ভাবনাও থাকে না : শিক্ষামন্ত্রী

    এ বি এন এ :  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যেখানে প্রতিযোগিতা নেই, সেখানে সাফল্য ও অগ্রগতির সম্ভাবনাও থাকে না। কলেজগুলোকে শিক্ষার মানোন্নয়নে প্রতিযোগিতা করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, তাহলে আমাদের শিক্ষার মান বাড়বে এবং উচ্চশিক্ষার উদ্দেশ্য সফল হবে।

    আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র‌্যাংকিং ২০১৫’র নির্বাচিত কলেজসমূহকে সম্মাননা স্মারক, সনদ ও পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

    শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য হচ্ছে বিশ্বমানের শিক্ষাদান, জ্ঞানের সৃষ্টি, জ্ঞান বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎস্যু মন সৃষ্টি এবং তাদের মানবিক গুণাবলী অর্জনে সহায়তা দান।

    তিনি আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৬৮৫টি স্নাতক (সম্মান) কলেজের র‌্যাংকিং এবং শীর্ষ স্থানীয় কলেজসমূহকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার প্রদানের উদ্যোগ উচ্চশিক্ষার পথকে প্রশ্বস্ত করবে।

    অনুষ্ঠানে সর্বমোট ৬৭টি কলেজকে সম্মাননা স্মারক, সনদ এবং ৫ ও ১০ হাজার টাকা মূল্যের বই উপহার দেওয়া হয়।

    পুরষ্কারপ্রাপ্ত কলেজগুলোর মধ্যে জাতীয় পর্যায়ের ৫ সেরা কলেজ হলো- রাজশাহী কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা (বেসরকারি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল। এর মধ্যে জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ হলো রাজশাহী কলেজ, সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ ও সেরা মহিলা কলেজ ইডেন মহিলা কলেজ।

    শিক্ষার মানোন্নয়নে এভাবে ঢাকা-ময়মনসিংহ অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল, খুলনা অঞ্চল, রাজশাহী অঞ্চল ও রংপুর অঞ্চলের প্রত্যেকের সেরা ১০ কলেজ এবং বরিশাল অঞ্চলের ৯ ও সিলেট অঞ্চলের ৮ সেরা কলেজসমূহকে সম্মাননা, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।