Category: লিড নিউজ

  • বাহুবলে ৪ শিশু হত্যার ঘটনায় অভিযোগপত্র দাখিল

    বাহুবলে ৪ শিশু হত্যার ঘটনায় অভিযোগপত্র দাখিল

    এবিএনএ : পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

    আজ মঙ্গলবার দুপুর ১২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির আলম এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তদের মধ্যে পঞ্চায়েত আব্দুল আলী বাগল, তার ছেলে জুয়েল ও রুবেল, একই গ্রামের শাহেদ, আরজু এবং বশির কারাগারে বন্দি রয়েছেন। বাকি তিন আসামি পলাতক। এছাড়া কারাগারে বন্দি অপর আসামি সালেহ-এর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। কোর্ট ইন্সপেক্টর কামাল হোসেন চার্জশিট দাখিলের বিষয়টি জানিয়েছেন।

    উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাদের অপহরণ করা হয়। পাঁচদিন পর বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালুমিশ্রিত মাটির নিচে ওই চার শিশুর মৃতদেহ পাওয়া যায়। নিহত শিশুরা হলো- সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)। এদের মধ্যে প্রথম তিনজন সম্পর্কে আপন চাচাতো ভাই। আর ইসমাইল তাদের প্রতিবেশী। স্থানীয় সূত্র জানায়, শিশু মনির, শুভ ও তাজেলের বাবার সঙ্গে একটি বড়ই গাছ কাটাকে কেন্দ্র করে একই গ্রামের পঞ্চায়েত আব্দুল আলী বাগলের বিরোধ ছিল। এর জের ধরে ওই চার শিশুকে অপহরণের পর হত্যা করা হয়।

  • মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় নৌমহড়ায় আমেরিকা

    মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় নৌমহড়ায় আমেরিকা

    এবিএনএ : আমেরিকা মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে বড় নৌমহড়া শুরু করেছে। সোমবার বাহরাইনে শুরু হওয়া এ মহড়ায় বিশ্বের ৩০টির বেশি দেশ অংশ গ্রহণ করছে। বাহরাইনের মার্কিন ৫ম নৌবহরের ঘাটি রয়েছে। খবর আইআরআইবি।

    মার্কিন নৌ বাহিনীর সেন্ট্রাল কমান্ড আয়োজিত ইন্টারন্যশনাল মাইন কাউন্টারমেজার এক্সারসাইজ বা আএমসিএমইএক্স নামের মহড়া চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত চলবে বলে কথা রয়েছে।

    মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলো বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলসহ জলদস্যু, সন্ত্রাসবাদ এবং মাইন প্রসঙ্গে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে বলে দাবি করা হয়েছে। মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান এ দাবি করেন।

    সুয়েজখাল, বাবুল মান্দাব প্রণালী এবং হরমুজ প্রণালীসহ বিশ্বের সাগর পথের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকা এ অঞ্চলে অবস্থিত বলে উল্লেখ করেন অ্যাডমিরাল ডোনেগান। তিনি বলেন, ফলে বিশ্বের দেশগুলোর প্রশিক্ষণের চমৎকার সুবিধা মধ্যপ্রাচ্যে রয়েছে।

    মহড়ায় মাইন বিরোধী অভিযান, অবকাঠামো রক্ষা এবং বেসামরিক জাহাজ রক্ষায় নৌ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গুরুত্ব দেয়া হবে। এ ছাড়া, এতে চালকহীন ডুবোযান এবং দ্রুতগামী জাহাজের মতো নতুন প্রযুক্তির কার্যকারিতাও যাচাই করা হবে।

  • নয় মাসে জিডিপির প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ

    নয় মাসে জিডিপির প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ

    এবিএনএ : চলতি বছরের ৯ মাসে জিডিপির প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ। মাথাপিছু আয় ১৪শ’ ৬৬ ডলার, যা টাকায় ১ লাখ ১৪ হাজার চারশ’ সাত। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীকে এ তথ্য অবহিত করেছে পরিকল্পনা কমিশন।

    চলতি বছরে জিডিপির লক্ষ্যমাত্রা ছিল ৭ শতাংশ। নয় মাসেই এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। জিডিপির এ প্রবৃদ্ধি কোনো নির্বাচিত সরকারের আমলে বাংলাদেশে এটাই সর্বোচ্চ। এর আগে ২০০৬-০৭ অর্থ বছরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সর্বোচ্চ প্রবৃদ্ধি ছিল ৭.৬ শতাংশ। গত অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৩১৬ ডলার। ওই অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫১ শতাংশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক চলছে।

  • রোববার থেকে নার্সদের আমরণ অনশন

    রোববার থেকে নার্সদের আমরণ অনশন

    এবিএনএ : দাবি আদায় না হলে আগামী রোববার থেকে আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেকার নার্সরা।

    মঙ্গলবার সকালে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস এ তথ্য জানান।

    তিনি বলেন, আমরা দাবি আদায়ের জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু প্রশাসন আমাদের বিষয়ে কোনো সাড়া দিচ্ছে না। আমরা আগামী শনিবার পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। এর মধ্যে আমাদের দাবি মানা না হলে রোববার থেকে আমরা আমরণ অনশনে যাব।

    গত ২৮ মার্চ পিএসসি তিন হাজার ৬১৬ সিনিয়র স্টাফ নার্স পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ দেওয়ার এবং বয়সসীমা ৩৬ বছরে উন্নীত করাসহ বিভিন্ন দাবিতে ৩০ মার্চ থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বেকার নার্সরা।

  • দুই হাজার জনকে আসামি করে তিন মামলা

    দুই হাজার জনকে আসামি করে তিন মামলা

    এবিএনএ : চট্টগ্রামের বাঁশখালীর গণ্ড‍ামারায় এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে দুই গ্রুপের উত্তেজনাকে ঘিরে পুলিশ-আনসার ও গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৫৭ জনের নাম উল্লেখসহ দুই হাজার জনকে আসামি করে তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে ম্যাজিস্ট্রেট-পুলিশ ও সরকারি লোকজনের ওপর হামলার ঘটনায় বাঁশখালী থানার এসআই বাহার মিয়া বাদী হয়ে একটি, নিহত দুই সহোদর ও জামাতার পরিবারের পক্ষে বশির আহমদ বাদী হয়ে একটি এবং নিহত জাকেরের পরিবারের পক্ষে স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন।

    থানা সূত্রে জানা গেছে, পুলিশ বাদী হয়ে করা মামলায় ৫৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সহস্রাধিক আসামি করা হয়েছে। বশির আহমদের মামলায় বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক, বিএনপি নেতা লিয়াকত আলীসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। মনোয়ারার মামলায় অজ্ঞাত ১৫০০-১৮০০ জনকে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, এ পর্যন্ত তিনটি মামলাই হয়েছে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ঘটনাস্থল ও আশপাশে রয়েছেন। সোমবার স্থানীয় হাজীপাড়া স্কুল মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে দুই গ্রুপের সমাবেশের মাইকিংকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এরপরও দুই পক্ষের লোকজন সমাবেশস্থলে এলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ইটপাটকেল ছুড়লে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় গ্রামবাসী, আনসার ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। তবে স্থানীয় লোকজনের দাবি, তারা ১৪৪ ধারা জারির বিষয়ে কিছুই জানতেন না।

    একই পরিবারের নিহত তিনজন হলেন গণ্ডামারা ইউনিয়নের চরপাড়ার আশরাফ আলী বাড়ির মরতুজা আলী (৩৫) ও মো. আনোয়ারুল ইসলাম (৪৪), তাদের বোনের স্বামী জাকের হোসেন (৩০)। জাকেরকে সোমবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরা তিনজনই লবণের মাঠে কাজ করতেন। মরতুজার চার মেয়ে, দুই ছেলে, আনোয়ারের তিন মেয়ে, এক ছেলে এবং জাকেরের চার ছেলে রয়েছে। নিহত অপরজন হলেন একই ইউনিয়নের রহমানিয়া সিনিয়র মাদ্রাসা এলাকার বাসিন্দা জাকের আহমদ।

  • জামিন পেলেন খালেদা জিয়া

    জামিন পেলেন খালেদা জিয়া

    এবিএনএ : রাজধানীর যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

    এ ছাড়া আরও চারটি মামলায় আজ হাজিরা দেবেন খালেদা জিয়া।

    সকাল ১০টা ৫০ মিনিটে এজলাসকক্ষে ঢোকেন খালেদা জিয়া। জয়নাল আবেদীনসহ অন্য আইনজীবীরা তাঁর পক্ষে জামিনের শুনানি করেন। খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, এ মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে আসামি করা হয়েছে। মামলার ঘটনাস্থলে তিনি ছিলেন না। সবকিছু সুতরাং-অতএবের ওপর ভিত্তি করে পুলিশ তাঁকে এ মামলার আসামি করেছে। সুতরাং তাঁর জামিন আবেদন মঞ্জুর করা হোক।

    রাজধানীর যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় আত্মসমর্পণ করতে আজ মঙ্গলবার সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে পৌঁছেছেন। ছবি: সাজিদ হোসেনঅন্যদিকে, রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধিতা করে আদালতে বক্তব্য দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু।

    শুনানি শেষে আদালত বেলা ১১টা ২০ মিনিটে জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

    রাজধানীর যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় আত্মসমর্পণ করতে আজ মঙ্গলবার সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে পৌঁছেছেন। এ সময় দলের নেতা কর্মীরা ভিড় জমান। ছবি: সাজিদ হোসেন২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে গত বছরের ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই অবরোধের মধ্যে ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে ২৯ জন যাত্রী দগ্ধ হন। তাঁদের মধ্যে নূর আলম (৬০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারি মারা যান। ওই ঘটনায় ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলা করে যাত্রাবাড়ী থানার পুলিশ। দুই মামলাতেই খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গত ৩০ মার্চ খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

  • উপমন্ত্রী জয়ের ঘটনা তদন্তে কমিটি : স্বরাষ্ট্রমন্ত্রী

    উপমন্ত্রী জয়ের ঘটনা তদন্তে কমিটি : স্বরাষ্ট্রমন্ত্রী

    এবিএনএ : যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তাকে দেখে নেয়ার হুমকি দেয়ার যে অভিযোগটি উঠেছে তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিমকে কমিটির প্রধান করা হয়েছে।

    সোমবার বিকেলে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মিলনায়তনে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মন্ত্রী।

    তিনি বলেন, একটি ঘটনায় অভিযোগ এসেছে। এখন বিষয়টি প্রথমে তদন্ত করে দেখা হবে। ঘটনাটা কীভাবে হলো। এখানে কার গাফিলতি ছিল। সবকিছু দেখে-শুনেই ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে বিষয়টি তদন্তে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিমকে প্রধান করে কমিটি গঠন করে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

    কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার বিষয়ে মন্ত্রী বলেন, প্রচলিত আইনেই এই ঘটনার বিচার সম্ভব।

    এরআগে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই কথা বলেছেন। যদিও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শনিবার এক অনুষ্ঠানে বলেছিলেন, সেকেলে আইনে তনু হত্যার বিচার সম্ভব নয়।

    গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দ্বিতীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ।

    বিকেল ৩টায় মন্ত্রীর আসার কথা থাকলেও তিনি পৌঁছান সাড়ে ৫টায়।

  • ৮০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ইইউ

    ৮০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ইইউ

    এবিএনএ : অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া প্রায় ৮০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
    সোমবার ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা জানান।

    আসাদুজ্জামান খান কামাল বলেন, ভিসার মেয়াদ না থাকা, ছাত্রত্ব শেষ হয়ে যাওয়াসহ নানা কারণে এসব বাংলাদেশি ‌‌ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ হয়ে পড়েছেন।

    এর আগে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত ইইউ প্রতিনিধিদল। ইইউর ডেপুটি সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান লেফলারের নেতৃত্বে বৈঠকে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

  • ‘তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত নেই’

    ‘তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত নেই’

    এবিএনএ : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন।

    কুমিল্লা সেনানিবাসে এই হত্যাকাণ্ডের ১৫ দিন পর সোমবার প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করে কুমিল্লা মেডিক্যাল কলেজের চিকিৎসক দল। আদালতের নির্দেশে দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়েছে চার দিন আগে। সেই প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. কে পি সাহা বলেন, প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের আলামত নেই। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রতিবেদনে উল্লেখ করা যায়নি। শরীরে যে দুটি আঘাতের চিহ্ন রয়েছে তা মৃত্যুর জন্য যথেষ্ট কারণ নয়। এ ছাড়া ভিসেরা প্রতিবেদনে কোনো বিষক্রিয়া পাওয়া যায়নি। তিনি আরো বলেন, ২১ মার্চ ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. শারমিন সুলতানা প্রথম ময়নাতদন্ত সম্পন্ন করেন। উল্লেখ্য, কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় ২০ মার্চ রাতে একটি কালভার্টের কাছ থেকে তনুর লাশ উদ্ধার করে পুলিশ। তনুর বাবা ইয়ার হোসেন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলাটির তদন্ত এখন ডিবি করবে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী তনু কলেজ থিয়েটারে যুক্ত ছিলেন। তিনি টিউশনি করে ফেরার পথে খুন হন।

  • ৮০ হাজার বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠাতে চায় ইইউ

    ৮০ হাজার বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠাতে চায় ইইউ

    এবিএনএ : ইইউভুক্ত দেশগুলো থেকে ৮০ হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের গ্লোবাল ইস্যু বিষয়ক ডেপুটি সেক্রেটারি জেনারেল ক্রিস্টিয়ান লেফার। ইইউ-ভুক্ত বিভিন্ন দেশে প্রায় আড়াই লাখ বাংলাদেশি রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের এই প্রদিনিধিদলের সদস্যরা। ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে চুক্তি অনুযায়ী অভিবাসীদের ফেরত পাঠানো শুরু হয়েছে।

    অভিবাসী ইস্যু নিয়ে আলোচনার জন্য আজ ঢাকা এসেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলটির সফরকালে বিভিন্ন পর্যায়ে সিরিজ বৈঠকও করবেন। এই প্রতিনিধিদলটি অভিবাসনের অর্থনৈতিক ও বৈশ্বিক প্রেক্ষিত নিয়ে ঢাকার সঙ্গে আলোচনা করেছে। সঙ্গতকারণেই সেখানে বাংলাদেশিদের বিষয়টি এসেছে। এবার বাংলাদেশের সভাপতিত্বে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)-এর বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম চলছে। বছরের সমাপনীতে ঢাকায় জিএফএমডির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইইউ টিমের সঙ্গে আলোচনায় জিএফএমডির বিষয়টি স্থান পায়। প্রতিনিধিদলের সফর এবং বাংলাদেশের প্রস্তুতি বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে ইইউ টিমের গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের সূচি নির্ধারিত রয়েছে। সফরকালে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গেও তাদের সাক্ষাৎ হতে পারে। মন্ত্রণালয় সূত্র মতে, ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ হয়ে পড়া কিংবা অবৈধভাবে যাওয়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে একটি চাপ রয়েছে। বাংলাদেশ কূটনৈতিকভাবে সেটি মোকাবিলায় কাজ করছে। ইইউ প্রতিনিধিদলের আলোচনায় সেটি আসতে পারে এমন আভাস দিয়ে দেশীয় এক কূটনীতিক বলেন, বাংলাদেশের তরফে অবৈধদের রি-রেজিস্ট্রেশন বা বৈধকরণের অনুরোধ বরাবরের মতো এবারও ব্যক্ত করা হবে। ঢাকা সফরকালে ইইউর প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।