Category: লিড নিউজ

  • সার্ক ফুড ব্যাংক ও সার্ক সিড ব্যাংক প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

    সার্ক ফুড ব্যাংক ও সার্ক সিড ব্যাংক প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

    এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সার্ক ফুড ব্যাংক ও সার্ক সিড ব্যাংক প্রতিষ্ঠা করতে চাই। এক দেশ অপর দেশকে যেকোনো দুযোগ-দুর্বিপাকে যেন সহযোগিতার হাত বাড়াতে পারি, তার জন্য যৌথ উদ্যোগ নেওয়াটা প্রয়োজন।

    আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সার্ক কৃষিমন্ত্রীদের তৃতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতের কৃষিমন্ত্রী রাধা মোহন সিং ও সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা বক্তব্য দেন।

    প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই সারা বিশ্বের একটি মানুষও যেন ক্ষুধার্ত না থাকে, অনাহারে না থাকে, অপুষ্টিতে না ভোগে। প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করা- এটাই আমাদের লক্ষ্য। কিন্তু এটা কোনো একক দেশের পক্ষে সম্ভব না। এ জন্য সকলের যৌথ উদ্যোগ একান্তভাবে অপরিহার্য। তিনি বলেন, সার্কভুক্ত বেশির ভাগ দেশেরই অর্থনীতি এখনও প্রধানত কৃষিনির্ভর। যদিও কোনো কোনো দেশের জিডিপিতে কৃষির অবদান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, তবুও কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টির যোগান এবং শিল্পের কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে কৃষি এখনও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

  • ‘বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা’

    ‘বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা’

    এবিএনএ : আগামী অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

    আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ভবনে সংগঠনটির প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মুহিত বলেন, আগামী অর্থবছরের (২০১৬-২০১৭) বাজেট ২ জুন উপস্থাপন করা হবে। তিনি বলেন, এবার মেগা প্রকল্প বাজেট ও ক্যাপিটাল বাজেট নামে দুটি আলাদা বাজেট করার চিন্তা রয়েছে। এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

  • প্রধান নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন

    প্রধান নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন

    এবিএনএ : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার মেরুদ্ণ্ডহীন। তার অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।

    বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    এরশাদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার বেসরম। তাকে দায়িত্বে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজিজ মার্কার চেয়েও এই কমিশনার খারাপ। এ কারণে মানুষের মনে ক্ষোভ রয়েছে। মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। দেশে সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।

    দেশের সার্বিক পরিস্থিতি উল্লেখ করে এরশাদ বলেন, দেশে কর্মসংস্থান নেই, সাধারণ মানুষের চাকুরি নেই। পুলিশের কনস্টেবল পদে চাকুরি নিতে ১০ লাখ আর শিক্ষকের চাকুরি নিতে ১৫ লাখ টাকা ঘুষ দিতে হয়। শুধু ঘুষ দিলেই হবে না চাকরি প্রার্থীকে আওয়ামী লীগের লোক হতে হবে।

    এরশাদ বলেন, তনু হত্যার কথা সবারই জানা। এ পর্যন্ত দুইবার তার মরদেহ কবর থেকে তোলা হলো। কিন্তু বিচার প্রক্রিয়ার কোনো অগ্রসরতা পাওয়া যাচ্ছে না। একদিন হয়তো সরকার বলবে তনু নামের কোন মেয়েই ছিল না। এটি মিডিয়ার প্রচার।

    সরকারের উদ্দেশে এরশাদ বলেন, ‘জেলের ভয় দেখাবেন না। আমি জেল দেখে ভয় করিনা। যা সত্য তাই বলবো।’

    জেলা জাপা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ এমপির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা মহাসচিব, রুহুল আমীন হাওলাদার, জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, বগুড়া জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এমপি, বগুড়া-৬ আসনের এমপি অ্যাডভোকেট আলতাব হোসেন প্রমুখ।

    বগুড়া জেলা জাপার সম্মেলন অনুষ্ঠানে এরশাদ শরিফুল ইসলাম জিন্নাহ এমপি পুনরায় সভাপতি এবং নুরুল ইসলাম এমপিকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

  • কনডমের ভেতর মিললো কোটি টাকার সোনা

    কনডমের ভেতর মিললো কোটি টাকার সোনা

    এবিএনএ : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাথরুমের কমডে কনডমে মোড়ানো অবস্থায় কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দকৃত স্বর্ণের ওজন দুই কেজি।

    বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর বাথরুম থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক ড. মইনুল খান।

    তিনি জানান, সকালে বিমানবন্দরের ৩ নম্বর বাথরুম থেকে ওইসব স্বর্ণ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা বিজি০১৮৭ নম্বর ফ্লাইটে স্বর্ণগুলো আনা হয়েছে।

    দুই কেজি ওজনের স্বর্ণের বারগুলো তিনটি কনডমে ঢুকিয়ে আনা হয়। তবে এ ঘটনায় এখন পার্যন্ত কাউকেই আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দারা।

  • বাগেরহাট জেলা শাখার আওয়ামীলীগ যুবলীগের আহবায়ক কমিটি গঠনে শুভেচ্ছা ও অভিনন্দন- সোহেল

    বাগেরহাট জেলা শাখার আওয়ামীলীগ যুবলীগের আহবায়ক কমিটি গঠনে শুভেচ্ছা ও অভিনন্দন- সোহেল

    এবিএনএ : বাগেরহাট জেলা ও তার সকল উপজেলার সম্মেলন সফল করার লক্ষে গত ৬ এপ্রিল ২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করায় বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মুস্তাফিজুর রহমান সোহেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারন সম্পাদক মো. হারুনুর রশীদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক নির্বাচিত হয়েছেন সরদার নাসির উদ্দিন ও যুগ্ম আহবায়ক পদে নির্বাচিত হয়েছেন শাহ নেওয়াজ মোল্লা দোলন, ও ফারুক তালুকদার।

    সদস্যরা হলেন লিটন সরকার, শেখ হুমায়ন কবির পলি, কাজী আলী আশরাফ টিটো, রাশেদুজ্জামান পুকুল, মো: সেলিম রেজা, আসাদুজ্জামান মিলন ওয়াহিদুজ্জামান বাবু, বক্কর খান, মো: হাসিব খান, মুন্সি তানজিল হোসেন, মনিরুল ইসলাম ঝুমুর, মনির আহমেদ প্রিন্স, শেখ শমসের আলী, এডভোকেট শংকর চক্রবর্তী, টিটো গাজী, মো: কবির হোসেন, দেবাশিষ দাস, মো: মোজাম্মেল হক, আজমল হোসেন মুক্তা মীর জেসি আশরাফ জেমস, শেখ ফাহারিয়ার ওয়ালিদ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য বাগেরহাট আওয়ামী যুব লীগ সফলভাবে কাজ করে যাবে বলে দলটির চেয়ারম্যান ও সাধারন সম্পাদক আশা প্রকাশ করেন।

  • পয়লা বৈশাখে সোহরাওয়ার্দী-রমনায় প্রবেশ বন্ধ চারটায়

    পয়লা বৈশাখে সোহরাওয়ার্দী-রমনায় প্রবেশ বন্ধ চারটায়

    এবিএনএ : বাংলা নববর্ষে রাজধানীর রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ বিকেল চারটায় বন্ধ করে দেওয়া হবে। এই দুই স্থানে বিকেল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করে সবাইকে হয়ে যেতে হবে।

    আজ বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এসব কথা বলেন।
    অনির্ধারিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির এই কমিশনার বলেন, নববর্ষ উদযাপনে কোন হুমকি নেই। তবে বিগত দিনের ঘটনা বিবেচনায় নিয়ে এবং যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য নানান এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পয়লা বৈশাখের দুই দিন আগে পূর্ণাঙ্গ নিরাপত্তার ব্যবস্থার কথা গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি।
    মনিরুল ইসলাম বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠান হবে। এ নিয়ে তাদের সঙ্গে বৈঠক হয়েছে। মুখোশ নিয়ে আসলেও কেউ যেন তা না পরে সে ব্যাপারে কথা হয়েছে। মুখোশ হাতে থাকবে। শব্দদূষণ করে এবং মানুষের বিরক্তির উদ্রেক করায় ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে।
    রাজধানীবাসীর সহযোগিতা কামনা করেন মনিরুল ইসলাম। তিনি নগরবাসীকে সুষ্ঠুভাবে পয়লা বৈশাখের অনুষ্ঠান পালনের আহ্বান জানান।

  • আপিলেও বহাল জঙ্গি নেতা মাসুমের মৃত্যুদণ্ড

    আপিলেও বহাল জঙ্গি নেতা মাসুমের মৃত্যুদণ্ড

    এবিএনএ : লক্ষ্মীপুর জজ কোর্টে বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য মাসুমুর রহমান ওরফে মাসুমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য মোহম্মদ আমজাদ আলীকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে।
    এই মামলায় আমজাদ আলীর পুনর্বিচারের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে কনডেম সেল থেকে সাধারণ কয়েদিদের সেলে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
    প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বুধবার এই রায় দেন।

  • ‘দেশপ্রেমিক জীবন দেন, কিন্তু আত্মসমর্পন করেন না’

    ‘দেশপ্রেমিক জীবন দেন, কিন্তু আত্মসমর্পন করেন না’

    এবিএনএ : সারাবিশ্বে বাংলাদেশ বিমানবাহিনীর সুনাম অক্ষুন্ন রাখতে প্রতিটি সদস্যকে নিরলস কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

    আজ বুধবার দুপুরে যশোরে ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠান থেকে এ আহ্বান জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, দেশপ্রেমিক সৈন্যরা জীবন দেন, কিন্তু আত্মসমর্পন করেন না। পাশাপাশি মনে রাখতে হবে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা সারাবিশ্বে প্রশংসিত। এ অবস্থান সমুন্নত রাখতেও আপনাদের নিরলস প্রচেষ্টা চালু রাখতে হবে, বলেন রাষ্ট্রপতি। জাতির পিতার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপতি বলেন, যে জাতি সম্মান করতে পারে না, আত্মমর্যাদা রক্ষা করতে পারে না। সেই জাতি কোনো দিন বড় হতে পারে না। সেই জন্য আজকে আমরা আত্মমর্যাদা বিশিষ্ট জাতি হিসেবে আত্মমর্যাদা নিয়ে বাস করতে চাই। আমরা অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না। অন্য কেউ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুক, তা আমরা সহ্য করব না। আমরা এই নীতিতে বিশ্বাসী। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের সব ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, দেশ প্রেমিক সৈন্যরা জীবন দেন, কিন্তু আত্মসমপর্ণ করেন না। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্যারেড চত্বরে পৌঁছলে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির অধিনায়ক এয়ার কমডোর মো. শফিকুল আলম তাকে স্বাগত জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

  • ৬.৯ মাত্রার ভূমিকম্প

    ৬.৯ মাত্রার ভূমিকম্প

    এবিএনএ : দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ ভানুয়াতুতে শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯।
    বুধবার বাংলাদেশ সময় বেলা ১২টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ভানুয়াতুর সোলা এলাকা থেকে ১০৯ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে ৩৩.৭ কিলোমিটার গভীরে।

    ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এ ঘটনায় কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

  • দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত সম্ভব: প্রধানমন্ত্রী

    দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত সম্ভব: প্রধানমন্ত্রী

    এবিএনএ : দেশের চিকিৎসকদের মেধাবী আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কাজের সুযোগ করে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।

    একই সঙ্গে দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব বলেও মনে করেন তিনি।

    বুধবার রাজধানীর চাঁনখারপুলে ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের’ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “বহুলোক বিদেশে চলে যাচ্ছে চিকিৎসা নিতে। যারা বড়লোক তারা বিদেশে যাবে তাতে আমার আপত্তি নাই।

    “কিন্তু সমমানের চিকিৎসা আমাদের দেশের ডাক্তাররা দিতে পারবে না এটা আমি বিশ্বাস করি না। কারণ আমার দেশের ডাক্তাররা যথেষ্ট মেধাবী। তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে। উন্নত ব্যবস্থা করতে হবে।”

    ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ চিকিৎসার পাশাপাশি গবেষণা, শিক্ষা কার্যক্রম এবং প্লাস্টিক সার্জারি সংক্রান্ত বিষয়গুলোতে ‘সেন্টার অফ এক্সিলেন্সে’ পরিণত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

    বিশ্বমানের এই ইনস্টিটিউটের সঙ্গে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য থাকবে ৫০০ শয্যার হাসপাতালে। চাঁনখারপুলে ১ দশমিক ৭৬ একর জমিতে এই ইনস্টিটিউট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫৩৪ কোটি টাকা।

    ২০১৫ সালের ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পাওয়া এ প্রকল্পের কাজ ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করা যাবে বলে আশা করছে সরকার।

    দক্ষ লোকবল সৃষ্টিতে নতুন এই ইনস্টিটিউট কাজ করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

    বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও রাজশাহীতেও দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন।

    দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে দেশজুড়ে পেট্রোল বোমায় দগ্ধ হাজার হাজার রোগীর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে চিকিৎসা নেওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, “২০১৪ সালে বিএনপি জামায়াতের জ্বালাও-পোড়াও শুরু হয়। নির্বাচন ঠেকানোর কথা বলে মানুষকে পুড়িয়ে মারার মিশন শুরু হয়। আর তাদের ক্যাডার বাহিনী সারা দেশে মানুষকে পুড়িয়ে মারা শুরু করে।

    “১৩ থেকে ১৫ সাল পর্যন্ত তারা তাণ্ডব চালিয়েছে। কেউই তাদের হাত থেকে রেহাই পায়নি।তারা কিভাবে আশা করে যে, জনগণকে পুড়িয়ে মেরে আবার ক্ষমতায় যাবে।”

    চিকিৎসার্ধীদের নিরাপত্তায় নিশ্চিত করতে ঊপনিবেশিক আমলে নির্মিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভবন ভেঙে ফেলার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, “ঢাকা মেডিকেল কলেজের যে পুরোনো বিল্ডিংগুলো আছে .. আমরা হেরিটেজ হেরিটেজ বলে এই পুরনো বিল্ডিংগুলো ব্যবহার করতে যেয়ে কখন যে মাথার ওপর ভেঙে পড়ে, মানুষ মারা যাবে তার কোনো ঠিক নাই।”

    ঐহিত্যবাহী দালানগুলোর কিছু অংশ সংস্কার করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, “কিছুটা হ্যারিটেজ রক্ষার জন্য যেটুকু দরকার, সেটুকু রাখা যাবে। এর বাইরে বিল্ডিংগুলো সম্পূর্ণ ভেঙে অত্যন্ত আধুনিক এবং উন্নত যুগোপোযুগী প্রযুক্তি সম্পন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ নির্মাণ করতে চাই।”

    প্রধানমন্ত্রী তার বক্তব্যের এই অংশের জন্য সমালোচিত হবেন এমন আভাস দিয়ে বলেন, “আমি জানি, আমি কিছু করতে গেলে এক গ্রুপ আছে লাফ দিয়ে পড়ে..হেরিটেজ রক্ষা। জীবন বড়, না হেরিটেজ বড়। চিকিসা সেবা বড়, না হেরিটেজ বড়।

    “শত বছরের বিল্ডিং ধসে যে মানুষ মারা যাবে, তখন তো ওই হেরিটেজওয়ালারা দায়িত্ব নেবে না। তখন দোষ পড়বে সরকারের ওপর।”

    তিনি বলেন, “এখনই শুনবেন টকশো শুরু হয়ে গেল। লেখালেখি শুরু হয়ে গেল। সেটা হতে পারে। কিন্তু দেশের মানুষের জন্য যেটা করা দরকার সেটা আমি করব।”

    স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।