Category: লিড নিউজ

  • সিরাজগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

    সিরাজগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

    এবিএনএ : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাক দুটির চালক নিহত হয়েছেন। বুধবার ভোর ৬টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

    যমুনা ব্রিজ পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ব্রিজের পশ্চিম পাশে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝাই ট্রাক ও পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকের চালকই ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেন নওগা জেলার মহাদেবপুর থানার ভীমপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে সাকোয়াত হোসেন(২২) ও পঞ্চগড় জেলার ইকরাম ইসলাম (৪০)। এ ঘটনায় ট্রাকের সহকারিসহ আরও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

  • আর্সেনিকজনিত রোগে বছরে ৪৩০০০ মানুষের মৃত্যু

    আর্সেনিকজনিত রোগে বছরে ৪৩০০০ মানুষের মৃত্যু

    এবিএনএ : দেশের আর্সেনিক সমস্যা ২০ বছর আগে যে অবস্থায় ছিল, এখনো সে অবস্থায় রয়েছে। মূলত রাজনৈতিক কারণে এই সমস্যার সমাধান হচ্ছে না। প্রতিবছর ৪৩ হাজার মানুষ আর্সেনিকজনিত রোগে মারা যাচ্ছে।

    যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে ‘স্বজনপ্রীতি এবং অবহেলা: বাংলাদেশের গ্রামাঞ্চলের খাবার পানিতে আর্সেনিক প্রতিরোধে ব্যর্থ প্রচেষ্টা’ শিরোনামের প্রতিবেদন প্রকাশ করা হয়।

    সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিরা বলেন, দেশের প্রায় দুই কোটি মানুষ আর্সেনিক ঝুঁকির ভেতর রয়েছে। প্রতিবছর ৪৩ হাজার মানুষ আর্সেনিকজনিত রোগে মারা যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের ৬৫ হাজার মানুষ আর্সেনিকজনিত রোগে ভুগছে। তবে হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

    হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিরা বলেন, নিরাপদ বা আর্সেনিকমুক্ত পানির জন্য সরকারের পক্ষ থেকে গভীর নলকূপ দেওয়া হয়। এতে দেখা যাচ্ছে, এই নলকূপ পাওয়ার ক্ষেত্রে বা বসানোর ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব কাজ করে। সাংসদ বা উপজেলার পরিষদের চেয়ারম্যানরা এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন। রোগীর চিকিৎসার ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব আছে কি না—এমন প্রশ্নের জবাবে হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বলা হয়, কার্যত আক্রান্ত ব্যক্তিদের কোনো চিকিৎসাই আপাতত হচ্ছে না। সুতরাং, রাজনৈতিক প্রভাবের বিষয়টি এখানে অবান্তর।

  • বার্ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

    বার্ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

    এবিএনএ : ‘শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর চাঁনখারপুলে এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন।

    ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ঢামেক হাসপাতাল সংলগ্ন সচিবালয় রোডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।

    জানা গেছে, ৫০০ শয্যা বিশিষ্ট এই ইনস্টিটিউটটি নির্মাণে ব্যয় হবে ৫৩৪ কোটি টাকা। মোট ১ দশমিক ৭৬ একর জমিতে বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালটি সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হবে। আন্ডারগ্রাউন্ডে দুই তলা বেইজমেন্টসহ মোট ১২তলা বিশিষ্ট বহুতল একাধিক ভবনের নির্মাণ কাজ খুব শিগগিরই শুরু হবে। পৃথক তিনটি ব্লকের একটিতে বার্ন, একটিতে প্লাস্টিক ও অপরটিতে একাডেমিক ভবন থাকবে।

  • ‘মশাল’ নিয়ে ইসিতে ইনু-শিরিনের শুনানি

    ‘মশাল’ নিয়ে ইসিতে ইনু-শিরিনের শুনানি

    এবিএনএ : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের নির্বাচনী প্রতীক মশাল পাওয়ার দাবি করা দুই পক্ষের এক পক্ষের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তারের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    বুধবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে ইসির সম্মেলন কক্ষে শুরু হয়।

    শুনানিতে জাসদের এ পক্ষে হাসানুল হক ইনু, শিরিন আক্তার, দলের স্থায়ী কমিটির সদস্য নুরুল আক্তার, ড. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান শওকত, সাবেক সংসদ সদস্য জিকরুল আহমেদ খোকন, ঢাকা মহানগর জাসদের সভাপতি মির আক্তার উপস্থিত রয়েছেন।

    সিইসির সভাপতিত্বে নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মোহাম্মদ শাহনেওয়াজ, ইসি সচিব মো. সিরাজূল ইসলাম, যুগ্ম সচিব আইন ড. শাজাহান শুনানিতে রয়েছেন।

    বিকাল ৩টায় জাসাদের অপর অংশের মঈনুদ্দিন খান বাদল-নাজমুল হক প্রধানের শুনানির সময়সূচি রয়েছে।

    এর আগে মঙ্গলবারের মধ্যে দু’পক্ষের পূর্ণাঙ্গ কমিটির তালিকা, সম্মেলনের কার্যবিরণী ও গঠনতন্ত্রের কপি ইসিতে জমা দিতে বলা হয়।

    জাতীয় কাউন্সিলে আলাদা আলাদা দু’টি কমিটি গঠনের বিষয়ে যুক্তি তুলে ধরে সম্মেলনের কার্যবিরণীসহ আনুষাঙ্গিক কাগজপত্র ইসির নির্দেশ অনুযায়ী মঙ্গলবার বিকালেই ইসিতে পৌঁছে দেয় দুই পক্ষ।

    জাতীয় সম্মেলনকে ঘিরে দু’ভাগ হয়ে যায় দলটি। সংসদ সদস্য শিরিন আখতারকে সাধারণ সম্পাদক করার বিরোধিতা করে ১২ মার্চ কাউন্সিলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ থেকে বেরিয়ে আলাদা কমিটি ঘোষণা করে দলটির একটি অংশ।

    শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করা হয় এই কমিটিতে। এই কমিটিতে কার্যকরী সভাপতি হয়েছেন সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল।

    ইসি ২০০৮ সালে সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে। এ পর্যন্ত ৪০টি দল ইসির নিবন্ধন পেয়েছে।

  • বার্ন ইনস্টিটিউট ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

    বার্ন ইনস্টিটিউট ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

    এবিএনএ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অগ্নিদগ্ধ মানুষকে বাঁচানোর ক্ষেত্রে বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। আজ মঙ্গলবার বিকেলে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    আগমীকাল বুধবার রাজধানীর চাঁনখারপুলে সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করে নির্মাণ কাজের উদ্বোধন করবেন। মোহাম্মদ নাসিম বলেন, অগ্নিদগ্ধ লোকদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য এই ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে। বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও প্রসঙ্গে তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার নামে বিএনপি-জামায়াত অশুভ উদ্দেশ্যে নিয়ে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে। শত শত মানুষকে আহত করেছে। এই সকল আহত মানুষকে বার্ন ইউনিটে সেবা দিয়ে সুস্থ করা হয়েছে। ইতিহাসে এই বার্ন ইনস্টিটিউট মাইল ফলক হয়ে থাকবে। এ সময়ে স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ‘জিয়ার মাজার সরানোর চক্রান্ত বিএনপি সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে’

    ‘জিয়ার মাজার সরানোর চক্রান্ত বিএনপি সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে’

    এবিএনএ : জিয়াউর রহমানের মাজার সরানো প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ সরকারের সব অপচেষ্টাকে জীবন দিয়ে প্রতিহত করবে। জাতীয়তাবাদী শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জিয়ার মাজার উচ্ছেদের অশুভ পরিকল্পনা প্রতিরোধ করবে।

    মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, সরকার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনসংলগ্ন এলাকা থেকে জিয়াউর রহমানের মাজার সরিয়ে দেওয়ার চক্রান্ত অব্যাহত রেখেছে।

    বিশ্বখ্যাত স্থপতি লুই আই ক্যানের মূল নকশায় জাতীয় সংসদ ভবন এলাকায় কবরস্থানের জন্য কোনো জায়গা রাখা হয়নি, এমন অজুহাতে শহীদ জিয়ার মাজার সরানোর সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, শহীদ জিয়ার অর্জন এবং গৌরবে ঈর্ষান্বিত হয়ে ক্ষমতাসীন অবৈধ সরকার তার মাজার সরানোর টার্গেট করেছে। কিন্তু বিএনপি সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করবে এবং জনগণও তা বরদাশত করবে না। রিজভী বলেন, রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে সরকার জিয়ার মাজার সরানোর চক্রান্ত করছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় এসে মাজার সরানোর এ চক্রান্ত শুরু করেছিলেন।

    তিনি তখন জিয়া উদ্যানের নামও পরিবর্তন করেছিলেন। আবারো সেই ষড়যন্ত্র করছে অবৈধ এ সরকার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শহীদ জিয়ার এ মাজারটি কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান দখল করে আছে। তাই তার মাজার সরানোর উদ্যোগ দেশে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। জনগণ তাদের এই প্রিয় নেতার মাজার নিয়ে ছিনিমিনি খেলা কখনোই বরদাশত করবে না। এ মাজার সরানোর দুঃসাহস দেখালে পরিণতি ভালো হবে না। কোনোভাবেই তাদের এই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, হেলেন জেরিন খান প্রমুখ।

  • উন্নয়ন প্রকল্প অনুমোদনে ক্ষমতা বাড়লো পরিকল্পনামন্ত্রীর

    উন্নয়ন প্রকল্প অনুমোদনে ক্ষমতা বাড়লো পরিকল্পনামন্ত্রীর

    এবিএনএ : উন্নয়ন প্রকল্প অনুমোদনে ক্ষমতা বাড়লো পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামালের। এখন থেকে ৫০ কোটি টাকা পযন্ত উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের পরিবর্তে তিনিই নিজ ক্ষমতাবলে অনুমোদন দিতে পারবেন। এর আগে ২৫ কোটি টাকা পর্যন্ত উন্নয়ন প্রকল্প অনুমোদনে দিতে পারতেন পরিকল্পনা মন্ত্রী।

    মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
    ২০০৮ সালে ‘সরকার খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন’ প্রণীত নীতিমালার সংশোধন এনে নতুন নীতির খসড়া প্রস্তাবনা আজ অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল ৫০ কোটি টাকার প্রকল্প নিজ ক্ষমতাবলে অনুমোদন দিতে পারবেন। এর আগে তিনি ২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিতে পারতেন।

    ৫০ কোটি টাকার বেশি হলে তা একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাতিত্বে একনেক বৈঠকে অনুমোদন দেওয়া হবে।
    এ বিষয়ে এনইসি বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, দেশের অর্থনীতি বড় হয়েছে। গত কয়েক বছরের মধ্যে মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে। জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে। ‍উন্নয়ন কর্মকাণ্ডও বৃদ্ধি পেয়েছে । এ কারণে ছোট ছোট প্রকল্পগুলো একনেকে অনুমোদনের জন্য না দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়কে অনুমোদনের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে করে একনেক কমিটির কাজও কমে আসবে, প্রকল্প বাস্তবায়নের গতিও তৈরি হবে।
    এ সিদ্ধান্তের ফলে এডিপি বাস্তবায়নের গতি বেড়ে যাবে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী।

  • অতিরিক্ত পুলিশ সুপার পদেও পদোন্নতি পেলেন ১৫৬ কর্মকর্তা

    অতিরিক্ত পুলিশ সুপার পদেও পদোন্নতি পেলেন ১৫৬ কর্মকর্তা

    এবিএনএ : পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৫৬ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদন্নোতি দেয়া হয়েছে। এছাড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পদ মর্যাদার ৭০ অফিসারকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে।

    মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সুরাইয়া পারভীন শেলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদন্নোতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

  • কাওরান বাজারে উচ্ছেদ অভিযান, বিক্ষুব্ধদের সড়ক অবরোধ

    কাওরান বাজারে উচ্ছেদ অভিযান, বিক্ষুব্ধদের সড়ক অবরোধ

    এবিএনএ : রাজধানীর কাওরান বাজারে সবজির আড়ত উচ্ছেদে মঙ্গলবার অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের দাবি, নির্ধারিত ৩১ মার্চের মধ্যে সবজির আড়তগুলি মহাখালী কাঁচাবাজারে স্থানান্তর হওয়ার কথা। একারণেই নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর সকালে সবজির আড়তগুলো উচ্ছেদ শুরু হয়।

    উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পররপই ক্ষুব্ধ ব্যবসায়ীরা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সামনের সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখে।

    ব্যবসায়ীদের অভিযোগ, সবজির আড়ত উচ্ছেদের বিষয়ে কোনো নোটিশ দেয়া হয়নি। প্লটের মালিকদের কাছ থেকে ভাড়া নিয়ে তারা ব্যবসা করছেন। একারণে তারা আড়ত সরিয়ে নেয়ার বিষয়টি জানেন না।

    সকালে উত্তর সিটি করপোরেশনের দুইটি বুলডোজার দিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। সিটি করপোরেশন অঞ্চল-৫ অফিসের সামনে একটি টিনশেডের আড়ত উচ্ছেদ করার পরপরই ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়ে। তাদের তোপের মুখে বুলডোজার দুইটি সেখান থেকে সরে যায়।

    রিপোর্ট লেখা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ। কাওরান বাজারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত!

    রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত!

    এবিএনএ : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১ টা ৪৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

    ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬।উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
    জেলা প্রতিনিধিরা জানিয়েছে, কুড়িগ্রামে মঙ্গলবার দুপুর ১টা ৪২ মিনিটের দিকে জেলার বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। রংপুরে দুপুর ১টা ৫০ মিনিটে জেলার বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়।

    ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাও কেঁপে ওঠে ভূমিকম্পে। আলিপুরদুয়ার, মালদহ ও দুই দিনাজপুরে মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম।