Category: লিড নিউজ

  • চুরি যাওয়া রিজার্ভ উদ্ধারে সাহায্যের হাত বাড়িয়েছে বিএনপি

    চুরি যাওয়া রিজার্ভ উদ্ধারে সাহায্যের হাত বাড়িয়েছে বিএনপি

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ৮শ কোটি টাকা উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংককে সহযোগিতা করতে চায় বিএনপি। এ লক্ষ্যে গবেষণামূলক একটি প্রতিবেদন ও সিডি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পৌঁছে দিয়েছে দলটি।

    সোমবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে দেখা করে প্রতিবেদনটি হস্তান্তর করে। সোমবার দুপুর ১টায় গভর্নরের কার্যালয় থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের বিষয়টি জানান প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বিএনপির অর্থনৈতিক বিষয়ক আব্দুস সালাম। প্রতিনিধি দলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনিও ছিলেন।

    এরআগে গত ২৯ মার্চ ‘বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার (৮০০ কোটি টাকা) লুণ্ঠন একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে চুরির এই ঘটনাটি বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ডাকাতি বলে আখ্যায়িত করেছিল বিএনপি।

    সোমবার আব্দুস সালাম বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে লোপাট হওয়া অর্থ জনগণের। জনগণের এই টাকা লোপাটে বিএনপি উদ্বিগ্ন। সেজন্য ঘটনা ঘটার পরপরই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ বিষয়ে দলের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব দিয়েছিলেন এ বিষয়ে গবেষণা করে একটি প্রতিবেদন তৈরি করার জন্য। আমাদের দলের দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে এ বিষয়ে গবেষণামূলক একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে।

    তিনি আরো বলেন, ‘আমরা চাই, লোপাটকৃত এই টাকা অনতিবিলম্বে উদ্ধার হওয়ার পাশাপাশি জড়িতরা গ্রেফতার হোক। এ লক্ষ্যে আমরা বাংলাদেশ ব্যাংককে সহযোগিতা করতে চাই। সেজন্য এ সংক্রান্ত আমাদের গবেষণামূলক প্রতিবেদন ও সিডি রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নরের কাছে হস্তান্তর করেছি। আশা করছি, এটি তারা পর্যবেক্ষণ করলে দোষীরা ধরা পড়বে।’

    বাংলাদেশের রিভার্ভের বিপুল পরিমাণ টাকা চুরি যাওয়ার ঘটনাটি প্রকাশ না করায় সমালোচনার মুখে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদে থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান। এরপর নতুন গভর্নরের দায়িত্ব পান সাবেক অর্থ সচিব ফজলে কবির।

    বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক বলেন, ‘আমরা গভর্নরকে বলেছি, একটি বিশেষ অবস্থায় আপনি এখানে (বাংলাদেশ ব্যাংকের গভর্নর) দায়িত্বে এসেছেন। আপনার প্রধান কাজ হবে, এটা (টাকা উদ্ধার ও জড়িতদের চিহ্নিত করা) বের করে আনা। এ লক্ষ্যে আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আপনার কাছে পাঠিয়েছেন।’

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাম বলেন, ‘গভর্নর সাহেব খুব খুশি হয়েছেন। তিনি বলেছেন, এক্ষেত্রে আপনাদের (বিএনপি) সহযোগিতা অবশ্যই কাম্য। আপনারা যে সহযোগিতা করলেন তার জন্য আপনাদের ধন্যবাদ।’

    গবেষণা প্রতিবেদনের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটি চিঠিও গর্ভনরের কাছে দেয়া হয়েছে বলে জানান আব্দুস সালাম।

    উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশে ব্যাংকের রিজার্ভের টাকা থেকে ৮শ কোটি টাকা হ্যাকিংয়ের মাধ্যমে সরিয়ে নেয়া হয়। বাংলাদেশ ব্যাংক বিষয়টি ধামা চাপা দিয়ে রাখার চেষ্টা করলেও ফিলিপাইনের একটি সংবাদ মাধ্যমে তা ফাঁস করে দেয়। মূলত ফিলিপাইনের কয়েকটি ক্যাসিনোর মাধ্যমে এ টাকা পাচার করা হয়েছে।

  • শ্রমিক ধর্মঘটে অচল খুলনায় রাষ্ট্রায়ত্ব পাটকল

    শ্রমিক ধর্মঘটে অচল খুলনায় রাষ্ট্রায়ত্ব পাটকল

    এবিএনএ : শ্রমিকদের লাগাতার ধর্মঘটে অচল হয়ে পড়েছে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো। সোমবার সকাল থেকে রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বানে ৭ মিলের ৩৫ হাজার শ্রমিক এ কর্মসূচি পালন করছে।

    পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে অবিলম্বে মিলগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদনমুখী করার জন্য পাটখাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, পে-কমিশনের ন্যায় অবিলম্বে রাষ্ট্রায়ত্ব শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন, ২০১৩ সালের ১ জুলাই ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে রবিবার এ ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।

    সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের সদস্য সচিব জাকির হোসেন বলেন, পূর্বের ডাকা চতুর্থ ধাপের ২১ দিনের কর্মসূচি অনুযায়ী ৩ এপ্রিলের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা ছিল। সে অনুযায়ী দাবি বাস্তবায়ন না হওয়ায় সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

    দাবি আদায় না হলে ধর্মঘটের পাশাপাশি মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

    তিনি জানান, খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিলের ৩৫ হাজার শ্রমিক মিল বন্ধ করে ধর্মঘট পালন করছেন।

  • পুরান ঢাকায় মসজিদের ভেতর মোয়াজ্জিন খুন

    পুরান ঢাকায় মসজিদের ভেতর মোয়াজ্জিন খুন

    এবিএনএ : পুরান ঢাকার ইসলামপুরে এক মসিজদের মোয়াজ্জিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম বিল্লাল হোসেন (৫০)। সোমবার সকালে ইসলামপুরের জব্বু খান জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মুরাদ আলী জানিয়েছেন, সকালে মুসল্লিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মসজিদের দোতলার সিঁড়িতে বিল্লাল হোসেনের লাশ পড়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জব্বু খান মসজিদের দোতলা থেকে চারতলা পর্যন্ত মসিজদ হিসেবে ব্যবহার করা হয়। তিনতলার একটি কক্ষে বিল্লাল হোসেন থাকতেন। তার বাড়ি মানিকগঞ্জে। তবে লাশ উদ্ধারের সময় তার থাকার কক্ষটি তালাবদ্ধ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন বিভাগ আলামত সংগ্রহ করেছে।

    তিনি আরো জানান, এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে মসজিদের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখা স্টিকার নিষিদ্ধ

    গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখা স্টিকার নিষিদ্ধ

    এবিএনএ : এখন থেকে পুলিশের গাড়ি অথবা পুলিশ সদস্যদের ব্যবহৃত ব্যক্তিগত কোনো গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখা স্টিকার ব্যবহার করা যাবে না। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশ এ নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি রাজধানীতে সংঘবদ্ধ অপরাধী চক্র ব্যক্তিগত, চোরাই বা ছিনতাই করা গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখা স্টিকার ব্যবহার করছে। এ ছাড়া অনেক অপরাধী পুলিশ বা র‍্যাব পরিচয়ে ডাকাতি, অপহরণ, প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কাজ নির্বিঘ্নে করে যাচ্ছে।

    পুলিশ বা ডিএমপির স্টিকার ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিচ্ছে তারা। ফলে অনেক সময় সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছে। এ ধরনের অপরাধী শনাক্তে বেগ পেতে হচ্ছে পুলিশকেও। এসব ঘটনা প্রতিরোধে ডিএমপি কমিশনারের আদেশে বলা হয়, রাজধানীতে পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি ডিএমপির পরিবহন পুলের সরকারি যানবাহন ও পুলিশ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে পুলিশ বা ডিএমপি লেখাযুক্ত স্টিকার ব্যবহার করে চলাফেরা করতে দেখা যায়।

    সম্প্রতি রাজধানীতে সংঘটিত বেশ বিছু অপরাধে এ রূপ স্টিকারযুক্ত গাড়ির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ফলে একদিকে যেমন পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে অপরাধীরা এরূপ অভিনব পন্থা অবলম্বন করে অপরাধ সংঘটনে উৎসাহী হয়ে উঠছে। ফলে রাজধানীতে পুলিশের বিভিন্ন ইউনিটে ব্যবহৃত সরকারি যানবাহন ও পুলিশ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে অস্থায়ীভাবে কাগজ বা বোর্ডের ওপর পুলিশ বা ডিএমপি লেখাযুক্ত স্টিকার ব্যবহার ও প্রদর্শন করা যাবে না। অপরাধ বিভাগ ও ট্রাফিক বিভাগের উপকমিশনারদের স্ব স্ব অধিক্ষেত্রে পুলিশ বা ডিএমপি লেখাযুক্ত স্টিকার সংবলিত গাড়িতে চলাচলকারী পুলিশ কর্মকর্তা, সদস্য বা চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে রাজধানীর সব থানার ওসি, উপকমিশনার (ডিসি) ও অন্যান্য ইউনিটের প্রধানদের কাছে আদেশের অনুলিপি পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

  • শেরপুরে বোমা বানাতে গিয়ে নিহত ২, গ্রেনেড-গুলি উদ্ধার

    শেরপুরে বোমা বানাতে গিয়ে নিহত ২, গ্রেনেড-গুলি উদ্ধার

    এবিএনএ : বগুড়ার শেরপুরে বোমা বিস্ফোরিত বাড়িটিতে সকাল ১০টা থেকে কাজ শুরু করেছে ডিএমপির বোমা নিষ্ক্রিয় দল। এরইমধ্যে বাড়িটি থেকে বেশকিছু গ্রেনেড, বোমা তৈরির সরঞ্জাম ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত অভিযানে ১০টি গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল, ২০ রাউন্ড গুলি এবং অর্ধশতাধিক ককটেল উদ্ধার করা হয়েছে। ডিএমপির এএসপি রহমতুল্লাহ এই তথ্য জানিয়েছেন।

    পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নববর্ষে নাশকতা ঘটানোর লক্ষ্যে ওই বাড়িতে জেএমবি বা তার আদলে অন্য কোন জঙ্গি সংগঠন বোমাগুলি তৈরি করছিল।

    রবিবার রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের জোয়ানগ্রামের ব্যবসায়ী মাহবুবুর রহমানের ভাড়া দেয়া বাসায় বোমা বিস্ফোরিত দু’জন নিহত হয়। এদের একজন মিজানুর রহমান নামের ভাড়াটিয়ার নিকটাত্মীয় বলে পুলিশ নিশ্চিত হলেও তার নাম জানতে পারে নি। মিজান নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে স্ত্রী-কন্যাসহ প্রায় সাত মাস আগে এই বাড়ি ভাড়া নেয় বলে জানিয়েছেন মাহবুবুর রহমানের মেয়ে সুমাইয়া আক্তার পলি।

    সোমবার সকালে ঢাকা থেকে ডিএমপির এএসপি রহমতুল্লাহর নেতৃত্বে ১১ সদস্যের পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে। সকাল ১০টার দিকে তারা ওই বাড়িতে ঢুকে অবিস্ফোরিত বোমাগুলো উদ্ধার শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকটি ব্যাগে মোড়ানো বেশ কিছু গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান এখনো চলছে।

    এদিকে, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সায়ুফজ্জামান ফারুকী জানান, সামনে পহেলা বৈশাখ। আর এই উৎসবকে ঘিরে বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা নিয়েই বোমাগুলো তৈরি করা হচ্ছিল বলে তাদের প্রাথমিক ধারণা। এটি নিষিদ্ধ সংগঠন জেএমবি সদস্যদের কাজ বলেও ধারণা করছে পুলিশ।

  • ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক না করলে সিম বন্ধ

    ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক না করলে সিম বন্ধ

    এবিএনএ : ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন না করলে সিমকার্ড বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিদের এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন না করলে সিমকার্ড বন্ধ করে দেওয়া হবে। তবে পরবর্তীতে রি-রেজিস্ট্রেশন করলে তা ফের খুলে দেওয়া হবে।

    জনগণকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই তার ব্যবহৃত মোবাইলের সিম কার্ডটি তিনি বায়োমেট্টিক পদ্ধতিতে রি-ভেরিফিকেশন করে নেবেন, জানান অ্যাডভোকেট তারানা হালিম। তারানা হালিম বলেন, দেশে ৯ হাজারেরও বেশি ডাকঘর রয়েছে। এসব ডাকঘরে বায়োমেট্টিক পদ্ধতি চালু করে জনগণের সিমকার্ড ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে কাজও শুরু হয়েছে।

  • আবাসিক এলাকার অনুমোদনহীন প্রতিষ্ঠান সরাতে হবে

    আবাসিক এলাকার অনুমোদনহীন প্রতিষ্ঠান সরাতে হবে

    এবিএনএ : আবাসিক এলাকায় গড়ে ওঠা অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান ছয় মাসের মধ্যে সরিয়ে নিতে হবে। এছাড়াও অনুমতি ছাড়া আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না।

    সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

    মন্ত্রিপরিষদ সচিব জানান, আবাসিক এলাকায় গড়ে ওঠা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ক্যাম্পাস, বার, রেস্টুরেন্ট, হাসপাতালসহ বিভিন্ন অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান সরানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

    বৈঠকে আবাসিক এলাকার অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছয় মাসের মধ্যে রাজউক, গৃহায়ণ কর্তৃপক্ষ, সিটি করপোরেশন ও সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত অভিযান পরিচালনারও সিদ্ধান্ত হয়েছে। ছয় মাসের সময় গণনা আজ থেকে শুরু হচ্ছে।

  • প্রচলিত আইনেই তনু হত্যার বিচার সম্ভব: প্রধানমন্ত্রী

    প্রচলিত আইনেই তনু হত্যার বিচার সম্ভব: প্রধানমন্ত্রী

    এবিএনএ : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার প্রচলিত আইনেই সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রচলিত আইনে দ্রুত এ বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সরকার দেখাবে এটা সম্ভব হয়েছে।

    সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এক অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

    সূত্র জানায়, বৈঠকে তনু হত্যা প্রসঙ্গে প্রধান বিচারপতির দেয়া সাম্প্রতিক বক্তব্য নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী উপরোক্ত মন্তব্য করেন।

  • সিম নিবন্ধনে ঝুঁকি নেই: মন্ত্রিসভা

    সিম নিবন্ধনে ঝুঁকি নেই: মন্ত্রিসভা

    এবিএনএ : বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধনে গ্রাহকরা আঙুলের ছাপ দেওয়ার কারণে কোনো ঝুঁকিতে পড়বে না বলে আশ্বস্ত করেছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সিম পুনর্নিবন্ধন বিষয়ে আলোচনা হয়। এতে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে উল্লেখ করা হয়।

    সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

    সূত্র জানায়, সিম পুনর্নিবন্ধন নিয়ে যেসব আশঙ্কা ও সমালোচনা হচ্ছে, তা মন্ত্রিসভার বৈঠকে তোলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তখন ডাক তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, মোবাইল অপারেটরদের কাছে কোনো তথ্য জমা থাকছে না। মোবাইল অপারেটরদের বায়োমেট্রিক সিম নিবন্ধন যন্ত্রে আঙুলের ছাপ সংরক্ষণেরও কোনো ব্যবস্থা নেই। এটা কোনোভাবে অন্য কোথাও ব্যবহার করা যায় না। অপারেটররা শুধু জাতীয় পরিচয়পত্র তথ্য ভান্ডারের সঙ্গে গ্রাহকদের তথ্য মিলিয়ে নিচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, আইন অনুসারে কোনো কোম্পানি এসব তথ্য বাইরে ব্যবহার করতে বা কাউকে দিতে পারেন না। টেলিযোগাযোগ আইন অনুযায়ী অপারেটররা কোনো আইন ভঙ্গ করলে তাদের ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

    গত বছরের ১৬ ডিসেম্বর থেকে সারা দেশে ছয়টি মোবাইল অপারেটর গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে সিম/রিম নিবন্ধন ও তথ্য যাচাই শুরু করে। এরপর থেকে নানা মহল থেকে সমালোচনা করে বলা হচ্ছে, বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের সময় নেওয়া গ্রাহকদের আঙুলের ছাপ মোবাইল অপারেটরদের কাছে সংরক্ষিত থাকবে। সেখান থেকে অন্যদের কাছে এসব তথ্য চলে যাওয়ার আশঙ্কা করে বলা হচ্ছে, নাগরিকের একান্ত ব্যক্তিগত তথ্য বিদেশে চলে যাবে, অপরাধমূলক কর্মকাণ্ডে নিরীহ মানুষকে জড়ানো হবে। আঙুলের ছাপসহ অন্যান্য তথ্য অপব্যবহারের ঝুঁকি থাকবে।

  • চলচ্চিত্র বিকাশের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান

    চলচ্চিত্র বিকাশের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান

    এবিএনএ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দেশে চলচ্চিত্রের পুনরুজ্জীবন ঘটাতে আধুনিক ডিজিটাল প্রেক্ষাগৃহ নির্মাণ, পাইরেসি রোধ ও মানসম্মত সিনেমা নির্মাণের তিনটি চ্যালেঞ্জ মোকাবিলায় সকল চলচ্চিত্রসেবীদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। এর আগে বিএফডিসি প্রাঙ্গণ থেকে দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ নেতৃত্ব দেন হাসানুল হক ইনু।

    বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ। বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ‘দর্শক সংকট ও বিলুপ্তির পথে প্রেক্ষাগৃহ : বাংলাদেশের চলচ্চিত্রের সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, মসিউদ্দীন সাকের, ম. হামিদসহ চলচ্চিত্র শিল্পী-কলাকুশলীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন। তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র টিকে থাকার শিল্প। যতই টেলিভিশনে বা মোবাইলে দেখা হোক না কেন, বড় পর্দায় হলে বসে সিনেমা দেখার আবেদন অটুট থাকবে। ইনু বলেন, প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গেলে যাপিত জীবন থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য দর্শকেরা চলে যান মন ও মননের এক ভিন্ন জগতে।

    তিনি বলেন, ‘সুতরাং, চলচ্চিত্রে বিনিয়োগ করুন, ভাল চলচ্চিত্র নির্মাণ করুন’। মন্ত্রী জানান, সাভারের কবিরপুরে নির্মাণাধীন বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে আগামী জুলাই মাস থেকে শ্যুটিং করা যাবে। এছাড়া, বিএফডিসি সংলগ্ন স্থানে বৃহদায়তন চলচ্চিত্র-শিল্পী-সাহিত্য মিলন কেন্দ্র নির্মাণ পরিকল্পনা গ্রহন করা হয়েছে। জাতীয় চলচ্চিত্র দিবসের সেমিনারে তথ্যমন্ত্রী পুনরায় স্মরণ করিয়ে দেন যে, মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক মানের দুটি সম্পূর্ণ চলচ্চিত্র নির্মাণ করতে হবে। তথ্যসচিব মরতুজা আহমদ চলচ্চিত্রের বিকাশে সংশ্লিষ্ট আইন যুগোপযোগী করা ও প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।