Category: লিড নিউজ

  • যৌথ প্রচেষ্টায় পহেলা বৈশাখের নিরাপত্তা

    যৌথ প্রচেষ্টায় পহেলা বৈশাখের নিরাপত্তা

    এবিএনএ : বিভিন্ন বাহিনী, সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

    মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

    তিনি বলেন, পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থা, সিটি কর্পোরেশন, ঢাবি কর্তৃপক্ষ, আয়োজক ও চারুকলা ইনস্টিটিউটের সঙ্গে আলোচনা করে সমন্বিত পরিকল্পনা করা হয়েছে।

    ডিএমপি কমিশনার বলেন, এবারের পহেলা বৈশাখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করবে পুলিশ। জননিরাপত্তায় জনগণকে আমাদের সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।

    নিরাপত্তার স্বার্থে ১৩ এপ্রিল সন্ধ্যা থেকে ১৪ এপ্রিল রাত ৯টা পর্যন্ত স্টিকার ছাড়া কোন গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।

    এসময় পহেলা বৈশাখে ঢাবির নেয়া নিরাপত্তা ব্যবস্থাগুলো ব্রিফ করেন উপ-উপাচার্য শহীদ আক্তার হোসেন। তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রায় পুলিশসহ বিএনসিসি ও চারুকলার স্বেচ্ছাসেবক থাকবে। এছাড়াও ঢাবি ক্যাম্পাসে পুলিশ ও ৪ শতাধিক বিএনসিসি ও গার্লস গাইড থাকবে। যদি কেউ কোন সমস্যায় পরে তখন জরুরিভাবে ফোন করার জন্য কয়েকটি হেল্পলাইন খোলা হয়েছে। হেল্পলাইনের ফোন নম্বরগুলো ঢাবি ক্যাম্পাসে লাগিয়ে দেয়া হবে।

    এসময় বিকেল ৫ টার মধ্যে ঢাবি ও এর আশপাশের এলাকায় সব অনুষ্ঠান শেষ করার কথা জানান উপ-উপাচার্য। এ সময় উপস্থিত ছিলেন ঢাবির প্রক্টর এম আমজাদ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

    কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

    এবিএনএ : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুইজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হাতিমারা এলাকায় যাত্রীবাহী একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

    নিহতরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিদপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সিএনজি চালক আবুল কালাম (৪০), কাবিলপুর গ্রামের আব্দুল জাব্বারের স্ত্রী নুরজ্জাহান বেগম (৫৫) ও তোফায়ের আহম্মেদের স্ত্রী আলেয়া বেগম (৪০)।

    লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট লুৎফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি ও লাশ হাইওয়ে ফাঁড়িতে রয়েছে।

  • নাইকো দুর্নীতি : অভিযোগ গঠনের শুনানি ৭ জুন

    নাইকো দুর্নীতি : অভিযোগ গঠনের শুনানি ৭ জুন

    এবিএনএ : নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দিয়েছেন আদালত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সাত আসামির সময়ের আবেদনের প্রেক্ষিতে আগামী ৭ জুন এ শুনানির দিন পুনর্নির্ধারণ করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ-৯ আমিনুল ইসলামের আদালতে মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

    ১১ জন আসামির মধ্যে সাতজন আদালতে অনুপস্থিত থেকে তাদের আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন জানান। এ আবেদন মঞ্জুর করেন আদালত। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। কারাগারে আটক ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে আদালতে হাজির করা হয়। অন্য তিন আসামি জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন এবং ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া আদালতে হাজির ছিলেন। কানাডার কম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি করেন।

  • সিনিয়র সচিব পদোন্নতি পেলেন চারজন

    সিনিয়র সচিব পদোন্নতি পেলেন চারজন

    এবিএনএ : সচিব থেকে সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন চারজন। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত এক আদেশ জারি করে। পদোন্নতিপ্রাপ্তরা হলেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

  • পাটকল শ্রমিকদের বকেয়া বেতন দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

    পাটকল শ্রমিকদের বকেয়া বেতন দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

    এবিএনএ : পাটকল শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পহেলা বৈশাখের মধ্যে পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয়কে ৩০০ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এই ৩০০ কোটি টাকাসহ সর্বমোট ১ হাজার কোটি টাকা পাট মন্ত্রণালয়কে দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

    সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বলেন, পাট শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য ৩০০ কোটি টাকা দিয়ে দিন। আপনারা পহেলা বৈশাখ পালন করবেন, পাটকল শ্রমিকরা রাস্তায় থাকবেন- এটা হয় না। দ্রুত এ টাকা দিয়ে দিন। পহেলা বৈশাখের আগেই যেন তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়। এ ছাড়া প্রতিবছর ২৮ এপ্রিল জাতীয় স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

  • সন্ধ্যায় উন্মুক্তস্থানে কনসার্ট নয়, মুখোশ বর্জনের অনুরোধ

    সন্ধ্যায় উন্মুক্তস্থানে কনসার্ট নয়, মুখোশ বর্জনের অনুরোধ

    এবিএনএ : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া পহেলা বৈশাখে মঙ্গলশোভা যাত্রায় মুখোশ না পরার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে ওইদিন বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

    সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখ সামনে রেখে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

    ডিএমপি কমিশনার আরও জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে নিশ্চ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৯টি ওয়াচ টাওয়ার থাকবে।

    তিনি বলেন, বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা না গেলেও ‘ইনডোরে, সুরক্ষিত স্থানে’ সন্ধ্যার পরও সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে পারে। মানুষ বিকালের পরও রঙিন পোশাক পরে বেড়াবে, ঘোরাফেরা করবে, সুন্দরভাবে আড্ডা দেবে। এসবে কোনো নিয়ন্ত্রণ নাই। শুধু উন্মুক্ত স্থানে কনসার্টের মতো বড় আয়োজন করা যাবে না।

  • রাষ্ট্রপতির সঙ্গে রেড ক্রিসেন্ট প্রতিনিধিদলের সাক্ষাত

    রাষ্ট্রপতির সঙ্গে রেড ক্রিসেন্ট প্রতিনিধিদলের সাক্ষাত

    এবিএনএ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে।

    রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, প্রতিনিধিদল এসময় রাষ্ট্রপতিকে বিডিআরসিএস এর সার্বিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিদল বিডিআরসিএস ও হলি ফ্যামিলি হাসপাতালের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বিডিআরসিএস এর উন্নয়নের লক্ষ্যে তাঁর সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি হামিদ বলেন, বিডিআরসিএস হচ্ছে একটি মানবিক ও মর্যাদাসম্পন্ন সংগঠন।

    তিনি বিডিআরসিএস সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার জন্য আহ্বান জানান যাতে তাদের সকলে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সময়ে দুস্থ মানবতার সেবা করতে পারেন। বিডিআরসিএস সভাপতি আবদুল হামিদ সংগঠনের উন্নয়নে সব ধরনের সহযোগিতা প্রদানের বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বাস দেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

  • ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে হচ্ছে পরিবহন আইন : সেতুমন্ত্রী

    ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে হচ্ছে পরিবহন আইন : সেতুমন্ত্রী

    এবিএনএ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট নিরসনে সরকার গাড়ির ব্যবহার সীমিত করার প্রস্তাব রেখে একটি আইন করার চিন্তা-ভাবনা করছে। পরিবারপ্রতি গাড়ির সংখ্যা নির্ধারণের বিষয়টি প্রস্তাবিত সড়ক পরিবহন আইনের খসড়ায় সংযোজন করা হবে। আইনটি হলে যানজট নিরসনে রাজধানীর রাস্তায় ব্যক্তিগত গাড়িও নিয়ন্ত্রণে আসবে। আজ রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সড়ক পরিবহন আইন-২০১৬ এর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে পরিবহন খাতসংশ্লিষ্ট সকল স্টেক-হোল্ডারদের নিয়ে দিনব্যাপী জাতীয় কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    কর্মশালায় পরিবারপ্রতি গাড়ির সংখ্যা নির্ধারণ করে দেওয়ার জন্য সড়ক পরিবহন আইন-২০১৬র খসড়ায় অন্তর্ভুক্ত করে প্রস্তাবসমূহ চূড়ান্ত করা হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান নজরুল ইসলাম এর সভাপতিত্ব করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেওয়া সড়ক দুর্ঘটনা বিষয়ে যে তথ্য দিয়েছে তার সমালোচনা করে মন্ত্রী বলেছেন, ওই সংস্থা বলেছে প্রতিদিন বাংলাদেশে ৫৯ জন হিসেবে বছরে ২১ হাজার ২৪০ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এ তথ্য সঠিক নয়। মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশ করার কঠোর সমালোচনা করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, আমি সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে চাই। পরিবহন সেক্টরে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। আইন করে কিছুই হবে না, যদি আমরা যথাযথ আইন মান্য না করি। মন্ত্রীর খবরদারির জন্য আইন চাই না। জনগণের জন্য আইন চাই। উল্লেখ্য, ২০১১ সালে সড়ক পরিবহন ও ট্রাফিক আইন নামে খসড়ায় ২২টি অধ্যায় ও ৩৭২টি ধারা ছিল। ২০১৩ সালে গঠিত কমিটি তা কমিয়ে ১৫ অধ্যায় ও ২৪২টি ধারায় চূড়ান্ত করে। সর্বশেষ খসড়ায় আইনটিকে ১৩টি অধ্যায় ও ৬৩ ধারায় নামিয়ে আনা হয়েছে।

  • হানিফ ফ্লাইওভার অতিক্রমকালে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী

    হানিফ ফ্লাইওভার অতিক্রমকালে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী

    এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার রাজধানীর বাইরে কেরাণীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন উপলক্ষে তিনি সরকারি গাড়িবহর নিয়ে যান। এ সময় যাত্রাপথে মেয়র হানিফ ফ্লাইওভার অতিক্রমকালে তিনি টোল পরিশোধ করেছেন।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরণীগঞ্জে যাওয়া এবং সেখান থেকে ফিরার পথে তার গাড়িবহরের সকল যানবাহনের জন্য টোল পরিশোধ করেছেন।’

    এ বিষয়ে প্রেস সচিব আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এই সময় প্রধানমন্ত্রীর পক্ষে টোল পরিশোধ করেন।’

    এছাড়া, গত বছর ১২ ডিসেম্বর শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মান কাজ উদ্বোধন করার পর মুন্সীগঞ্জ থেকে রাজধানীতে ফিরার সময় তার সরকারি গাড়িবহরের জন্য ধলেশ্বরী সেতু ও মেয়র হানিফ ফ্লাইওভার ব্যবহার করার জন্য টোল পরিশোধ করেছিলেন।

  • রাজধানীতে ৬ ঘণ্টার ব্যবধানে ৪ জনের আত্মহত্যা

    রাজধানীতে ৬ ঘণ্টার ব্যবধানে ৪ জনের আত্মহত্যা

    এবিএনএ : রাজধানীর মিরপুর, রূপনগর, রামপুরা ও তুরাগ এলাকায় ৬ ঘণ্টায় চারজন আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত ১টা থেকে রোববার সকাল ৭টার মধ্যে এসব আত্মহত্যার ঘটনা ঘটে।

    রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মওলা জানান, শনিবার রাত ১টার দিকে মিরপুর রূপনগরের বর্ধিত পল্লি এলাকা থেকে আশিক ইবনে মাহমুদ (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

    আশিক মিরপুর রূপনগরের বর্ধিত পল্লি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। ৭-৮ মাস ধরে তিনি বেকার ছিলেন। নিজের জীবন নিয়ে হতাশ ছিলেন তিনি। এ কারণেই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এদিকে, মিরপুরের মনিপুরের মোল্লাপাড়ার একটি বাসা থেকে হুমায়ুন কবীর (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

    মিরপুর থানার এসআই মো. আহসান হাবিব জানান, হুমায়ুন কবীর নীলফামারী থেকে চাকরির উদ্দেশে ঢাকায় আসেন তার আত্মীয়ের বাসায়। রবিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তিনি। ভোর ৫টার দিকে তার আত্মীয় শহিদুল ইসলাম বাথরুমের দিকে যান। বাথরুম বন্ধ দেখে তিনি অনেক ডাকাডাকি করেন। পরে সাড়া শব্দ না পেয়ে বাথরুমের দরাজা ভেঙে দেখেন গ্রিলের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছেন তিনি। ধারণা করা হচ্ছে বেকার থাকার কারণে হতাশায় তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

    তুরাগ থানার এসআই মাহবুব আলী জানান, তুরাগ থানার বাউনিয়া এলাকা থেকে রোববার সকাল সাড়ে ৭টার দিকে তানজিলা খাতুন (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী হারুন অর রশীদের সঙ্গে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। তিন-চারদিন আগে তানজিলা তার বাবার বাড়ি তুরাগ বাউনিয়া পূর্বপাড়ার বাসায় বেড়াতে আসেন। শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমতে যান তিনি। পরে ভোরে তাকে অনেক ডাকাডাকি করা হয়। তিনি না ওঠায় দরাজ ভেঙে আড়ার সঙ্গে উড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এছাড়া রামপুরা থানার এসআই কামরুল ইসলাম জানান, রামপুরার বনশ্রীর বি ব্লকের একটি বাসা থেকে শনিবার গভীর রাতে মোজাম্মেল হক (৫৫) নামে এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করা হয়। মোজাম্মেল রামপুরার বি ব্লকের ৩ নম্বর রোডের ৩৬ নম্বর বাসার কেয়ারটেকারের কাজ করতেন। কাল রাতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিক জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।