Category: লাইফ স্টাইল

  • ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি? সহজ কয়েকটি অভ্যাসেই মিলবে স্বস্তি—জানুন প্রতিরোধের কার্যকর উপায়

    ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি? সহজ কয়েকটি অভ্যাসেই মিলবে স্বস্তি—জানুন প্রতিরোধের কার্যকর উপায়

    এবিএনএ: অনেক মানুষই ঘরের ধুলাবালি থেকে সৃষ্ট অ্যালার্জিতে ভোগেন। দীর্ঘক্ষণ ধুলার সংস্পর্শে থাকলে হাঁচি, নাক বন্ধ, চোখ জ্বালা বা শ্বাসকষ্টের মতো বিরক্তিকর উপসর্গ দেখা দেয়। তবে কিছু সঠিক অভ্যাস ও স্মার্ট ব্যবস্থাপনা আপনাকে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে অনেকটাই রক্ষা করতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, ধুলাবালির সবচেয়ে বড় উৎস হলো ‘ডাস্ট মাইট’—খুব ক্ষুদ্র জীব যা উষ্ণ ও আর্দ্র পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি করে। বিছানাপত্র হলো এদের সবচেয়ে পছন্দের জায়গা, তাই অ্যালার্জি কমাতে প্রথমেই দরকার সঠিক যত্ন।

    বিছানাপত্র পরিষ্কার রাখা জরুরি

    বালিশ, তোষক ও লেপে অ্যালার্জি-প্রুফ কভার ব্যবহার করলে মাইটের বিস্তার অনেক কমে যায়। সপ্তাহে অন্তত একবার গরম পানিতে চাদর ও বালিশের কভার ধুয়ে নেওয়া উচিত।

    ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখুন

    ডাস্ট মাইট আর্দ্রতা ভালোবাসে। তাই ঘরের আর্দ্রতা ৫০%-এর নিচে রাখা জরুরি। প্রয়োজনে ডিহিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে।

    কার্পেট ও ভারী পর্দা এড়িয়ে চলুন

    কার্পেট, মোটা পর্দা বা ভারী কম্বল ধুলা জমিয়ে রাখে। সম্ভব হলে কার্পেট বাদ দিয়ে টাইলস বা কাঠের মেঝে ব্যবহার করুন। জানালায় পাতলা, সহজে ধোয়া যায় এমন পর্দা রাখুন।

    স্মার্ট ক্লিনিং রুটিন গড়ুন

    ঘর পরিষ্কার করার সময় সাধারণ ঝাড়ুর বদলে এইচইপিএস ফিল্টারযুক্ত ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন। এতে ক্ষুদ্র ধুলিকণাও ফিল্টার হয়ে যায়।

    ভেজা কাপড়েই পরিষ্কার করুন

    আসবাবপত্র মোছার সময় শুকনো কাপড়ের বদলে ভেজা কাপড় ব্যবহার করলে ধুলা বাতাসে উড়তে পারে না।

    মাস্ক পরে ঘর পরিষ্কার করুন

    ঘর পরিষ্কারের সময় মাস্ক ব্যবহার করলে অ্যালার্জেন সরাসরি শ্বাসনালীতে প্রবেশ করতে পারে না। পরিষ্কার শেষে অন্তত ২০ মিনিট দূরে থাকা উত্তম।

    ইনডোর বাতাস বিশুদ্ধ রাখুন

    বাড়িতে এইচইপিএস ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার ব্যবহার করলে বাতাসে থাকা অ্যালার্জেন, পরাগ ও মাইটের বর্জ্য ফিল্টার হয়ে যায়। এর পাশাপাশি ডাস্টবিন পরিষ্কার রাখা ও নিয়মিত বাইরে ফেলে দেওয়া খুবই জরুরি।

    লাইফস্টাইল পরিবর্তনের পরও যদি অ্যালার্জি নিয়ন্ত্রণে না আসে, তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

  • শীতের ঠান্ডায় ছেলেদের ত্বক রক্ষার সহজ উপায়: জানুন কার্যকরী স্কিন কেয়ার টিপস

    শীতের ঠান্ডায় ছেলেদের ত্বক রক্ষার সহজ উপায়: জানুন কার্যকরী স্কিন কেয়ার টিপস

    এবিএনএ: শীত আসলেই ছেলেদের ত্বকে ভাঙন ধরা শুরু করে। ত্বক হয়ে যায় রুক্ষ, খসখসে ও নিস্তেজ। বিশেষ করে গোসলের পর ত্বকে টান পড়ে ও ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। সঠিক যত্ন না নিলে শুধু ত্বক শুষ্ক হয় না, চোখের নিচে দেখা দিতে পারে কালো দাগ ও অকাল বলিরেখা।

    তাই শীতকালে ছেলেদের ত্বককে রক্ষা করতে কিছু সহজ অথচ কার্যকরী স্কিন কেয়ার নিয়ম অবশ্যই মেনে চলা জরুরি।

    🔹 কুসুম গরম পানি ব্যবহার করুন
    শীতে অনেকেই খুব গরম পানিতে গোসল করেন, যা ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। তাই অল্প সময় নিয়ে কুসুম গরম পানিতে গোসল করাই ভালো।

    🔹 ময়েশ্চারাইজারযুক্ত প্রসাধনী ব্যবহার করুন
    শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ক্রিম, লোশন ও সাবান সবই হতে হবে ময়েশ্চারাইজার সমৃদ্ধ। গোসলের পর সঙ্গে সঙ্গে লোশন লাগালে সেটি ত্বকে ভালোভাবে শোষিত হয়।

    🔹 শেভের পর ত্বকের যত্ন নিন
    শেভিংয়ের পর ত্বক থাকে সংবেদনশীল। তাই শেভের পর অবশ্যই আফটারশেভ ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, যাতে ত্বক ফাটল বা জ্বালাপোড়া না হয়।

    🔹 রোদে বের হলে সানস্ক্রিন ব্যবহার করুন
    যারা নিয়মিত সূর্যের আলোতে থাকেন, তারা অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে বাইরে বের হবেন। এটি ত্বককে রোদে পোড়া ও দাগ থেকে রক্ষা করে।

    🔹 তৈলাক্ত ত্বকের জন্য বিশেষ যত্ন
    যাদের ত্বক তৈলাক্ত, তারা অয়েল-ফ্রি ফেসওয়াশ ও সাবান ব্যবহার করবেন। কারণ অতিরিক্ত তেলে মুখে ধুলা-ময়লা সহজেই জমে যেতে পারে।

    🔹 দিনে কয়েকবার মুখ ধোয়ার অভ্যাস করুন
    দিনে কমপক্ষে দুই থেকে তিনবার মুখ ধোয়া উচিত। এতে মুখের ময়লা পরিষ্কার থাকে এবং ত্বক সতেজ থাকে।

    🔹 ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করুন
    মুখ ধোয়ার পর অথবা স্নানের পর অবশ্যই ময়েশ্চারাইজার লাগাতে হবে। এটি ত্বকের কোমলতা বজায় রাখে এবং ত্বককে ফাটল থেকে রক্ষা করে।

    🔹 পর্যাপ্ত পানি পান করুন
    অনেকে শীতে কম পানি পান করেন, যা ত্বকের জন্য ক্ষতিকর। ত্বকের আর্দ্রতা ও সতেজতা ধরে রাখতে শীতেও পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন।

    🔹 শাকসবজি ও ফল খান বেশি করে
    শীতকালে ভিটামিন সমৃদ্ধ শাকসবজি ও মৌসুমি ফল খেলে ত্বকের উজ্জ্বলতা ও স্বাস্থ্য বজায় থাকে।

    শীতের তীব্র ঠান্ডায় ছেলেদের ত্বক যেন রুক্ষ ও শুষ্ক না হয়, সেজন্য নিয়মিত যত্ন নেওয়াই সবচেয়ে কার্যকর উপায়। নিয়মগুলো মেনে চললে ত্বক থাকবে কোমল, উজ্জ্বল ও স্বাস্থ্যকর।

  • অতিথি আসছে হঠাৎ? দ্রুত ঘর গোছানোর সহজ ও কার্যকর টিপস

    অতিথি আসছে হঠাৎ? দ্রুত ঘর গোছানোর সহজ ও কার্যকর টিপস

    এবিএনএ:  ব্যস্ত জীবনে ঘর গোছানোর সময় বের করা অনেকের জন্যই কঠিন। কিন্তু পরিস্থিতি সবসময় হাতে থাকে না—হঠাৎ করেই যদি অতিথি ফোন দিয়ে বলেন, “আমি একটু পরে আসছি”, তখন অগোছালো ঘর নিয়ে দুশ্চিন্তা শুরু হয়। এমন সময়ে দ্রুত ঘর গোছানোর কিছু কার্যকর উপায় জানলে বিব্রত হওয়ার সুযোগ থাকবে না।

    ১. অগোছালো জিনিসপত্র গুছিয়ে ফেলুন:
    ঘরের বিভিন্ন কোণে ছড়িয়ে থাকা জামাকাপড় বা ছোটখাটো জিনিসগুলো আগে সরিয়ে ফেলুন। সব কাপড় ভাঁজ করে তোলার সময় না থাকলে ধোয়ার কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিন, বাকিগুলো ব্যাগে ভরে আড়ালে রাখুন। যেসব জিনিস ঘরে রাখতেই হয়, সেগুলো ধুলোমুক্ত করে সুন্দরভাবে সাজিয়ে ফেলুন।

    ২. জুতার জায়গা গুছিয়ে নিন:
    অতিথির চোখ প্রথমেই পড়ে প্রবেশদ্বারের দিকে। তাই জুতা-স্যান্ডেল এদিক-সেদিক ছড়ানো থাকলে ভালো দেখায় না। জুতার তাক বা কাবার্ড থাকলে সেখানে সুন্দরভাবে গুছিয়ে রাখুন।

    ৩. বাথরুম পরিষ্কার করুন:
    অতিথি এলে বাথরুম ব্যবহারের সম্ভাবনা থাকে। তাই বেসিন, আয়না ও সাবান রাখার জায়গা পরিষ্কার করে নিন। হাতের কাছে একটি পরিষ্কার তোয়ালে রাখুন এবং এয়ার ফ্রেশনার স্প্রে করুন। সম্ভব হলে পানির পাত্রে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিন—এতে মনোরম গন্ধ ছড়িয়ে পড়বে।

    ৪. বসার ঘর ছিমছাম করুন:
    অতিথি আসার আগে বসার ঘরটি দ্রুত গুছিয়ে নিন। টেবিলের উপর ছড়ানো জিনিসপত্র ঝুড়িতে ভরে সরিয়ে ফেলুন। ঘরে ফুলদানি, ছোট শোপিস বা ট্রে সাজিয়ে দিলে পরিচ্ছন্নতার সঙ্গে আভিজাত্যও বাড়বে।

    ৫. ঘরে সুগন্ধ ছড়ান:
    সুগন্ধ মনকে প্রফুল্ল করে এবং ঘরে সজীবতা আনে। কৃত্রিম পারফিউমের পরিবর্তে এসেনশিয়াল অয়েল ব্যবহার করুন। অয়েল ডিফিউজারে কয়েক ফোঁটা তেল দিলে বাষ্পের সঙ্গে মনোরম গন্ধ ছড়িয়ে পড়বে গোটা ঘরে।

    এই ছোট ছোট টিপসগুলো মেনে চললে ব্যস্ততার মাঝেও মুহূর্তের মধ্যে অগোছালো ঘর হয়ে উঠবে পরিপাটি ও অতিথিপরায়ণ।

  • শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়! বিশেষজ্ঞরা জানালেন সঠিক গোসলের নিয়ম

    শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়! বিশেষজ্ঞরা জানালেন সঠিক গোসলের নিয়ম

    এবিএনএ: শীত এলেই অনেকের মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা কমে গেলে রক্তনালীগুলো সঙ্কুচিত হয়ে পড়ে এবং রক্তচাপ বেড়ে যায়। তাই শীতের শুরু থেকেই সচেতন না থাকলে ছোট ভুলও বড় বিপদের কারণ হতে পারে।

    অনেকে শীতে গরম পানি দিয়ে গোসল করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। দীর্ঘদিন গরম পানি ব্যবহারে ত্বক, হৃদপিণ্ড এমনকি পুরুষদের প্রজনন ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

    পুরুষদের প্রজনন ক্ষমতা হ্রাস পেতে পারে
    গবেষণায় দেখা গেছে, গরম পানির তাপে টেস্টিকলসের তাপমাত্রা বেড়ে গেলে শুক্রাণু উৎপাদন কমে যায়। এতে পুরুষদের সন্তান ধারণের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চিকিৎসকরা ঠান্ডা বা হালকা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দেন।

    হৃদরোগের ঝুঁকি বাড়ায় গরম পানি
    চিকিৎসকদের মতে, প্রচণ্ড ঠান্ডায় সরাসরি গরম পানি ব্যবহার করলে রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে। এতে হৃৎপিণ্ডের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা হৃদরোগে আক্রান্তদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

    ত্বকের ক্ষতি ও আর্দ্রতা হ্রাস
    নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এর ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক, খসখসে ও উজ্জ্বলতাহীন। শীতকালে তাই হালকা গরম বা ঠান্ডা পানি দিয়ে গোসল করা ত্বকের পক্ষে উপকারী।

    ঠান্ডা পানিতে গোসলের উপকারিতা
    ঠান্ডা পানি শরীরের রক্তসঞ্চালন ঠিক রাখে, মানসিক চাপ কমায় এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। পাশাপাশি এটি শরীরকে সতেজ রাখে ও ঘুমের মান উন্নত করে।

    দুর্গন্ধ রোধে সহজ সমাধান
    অনেকে গরম পানি ব্যবহার করলে বাথরুমে দুর্গন্ধ অনুভব করেন। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, বাথরুমে একটি ছোট ফিটকিরি রাখলে তা বাতাস বিশুদ্ধ করে এবং দুর্গন্ধ শোষণ করে নেয়।

    শীতের এই মৌসুমে তাই একটু সচেতন হলেই বড় বিপদ এড়ানো সম্ভব। হৃদরোগীদের জন্য বিশেষ করে পরামর্শ—শরীর গরম রাখুন, কিন্তু অতিরিক্ত গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন।

  • একটা জাম্বুরার চার ভাগের এক ভাগেই পূরণ হবে দৈনিক ভিটামিন সি’র চাহিদা!

    একটা জাম্বুরার চার ভাগের এক ভাগেই পূরণ হবে দৈনিক ভিটামিন সি’র চাহিদা!

    এবিএনএ:  চলছে জাম্বুরার মৌসুম, আর বাজারে সহজেই মিলছে পুষ্টিগুণে ভরপুর এই ফলটি। জাম্বুরা কেবল ভিটামিন সি-এর ভাণ্ডার নয়, এতে রয়েছে ভিটামিন বি১, বি২, ফোলেট, কপার ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান।

    গড়ে একটি মাঝারি জাম্বুরার ওজন ৫০০ থেকে ৬০০ গ্রাম হয়ে থাকে। পুষ্টিবিদদের মতে, এই পরিমাণ জাম্বুরায় দৈনিক ভিটামিন সি-এর প্রয়োজনীয়তার ৪০০ শতাংশেরও বেশি পাওয়া যায়। ফলে প্রতিদিন মাত্র এক চতুর্থাংশ জাম্বুরা খেলেই একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভিটামিন সি’র চাহিদা মিটে যাবে।

    তবে ভিটামিন সি দেহে জমা থাকে না। তাই একদিন বেশি খেয়ে কয়েকদিনের ঘাটতি পূরণের সুযোগ নেই। শরীরে বাড়তি ভিটামিন সি প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়।

    ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বককে টানটান রাখতে অপরিহার্য। এটি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা শরীরকে ভেতর থেকে তরুণ রাখে। অন্যদিকে, জাম্বুরার আঁশ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি জোগায়, খারাপ চর্বি নিয়ন্ত্রণে রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

    ওজন নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস রোগীদের জন্য জাম্বুরা বেশ কার্যকর হলেও দীর্ঘমেয়াদি কিডনি রোগীদের জন্য এটি উপযুক্ত নয়। এছাড়া, রক্তে খারাপ চর্বি কমানোর ওষুধ খাওয়ার সঙ্গে জাম্বুরা খেলে ঝুঁকি তৈরি হতে পারে। তাই এ ধরনের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

  • নারীদের রক্তস্বল্পতা দূর করার সহজ উপায়: কোন খাবারে মিলবে পর্যাপ্ত আয়রন ও ভিটামিন?

    নারীদের রক্তস্বল্পতা দূর করার সহজ উপায়: কোন খাবারে মিলবে পর্যাপ্ত আয়রন ও ভিটামিন?

    এবিএনএ:  দেশের নারীদের মধ্যে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া একটি বহুল প্রচলিত স্বাস্থ্যসমস্যা। রক্তে লোহিত কণিকা বা হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, ক্ষুধামন্দা দেখা দেয়, ত্বক ফ্যাকাসে হয়ে যায় এবং শ্বাসকষ্ট বা হৃদকম্পন বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত কিছু খাবার খেলে শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করা সম্ভব।

    ভিটামিন সি সমৃদ্ধ খাবার:
    ভিটামিন সি না থাকলে শরীর আয়রন শোষণ করতে পারে না। তাই কমলা, লেবু, আমলকী, পেঁপে, বাতাবিলেবু, স্ট্রবেরি, ব্রোকোলি, টমেটো ও আঙুর খেলে রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে।

    আয়রন সমৃদ্ধ খাবার:
    হিমোগ্লোবিন তৈরিতে লোহা অপরিহার্য। দেশি মুরগির কলিজা, পালংশাক, কচুশাক, লাল মাংস, চিংড়ি, আমন্ড, বিট, খেজুর ও বেদানায় প্রচুর আয়রন পাওয়া যায়। এগুলো ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট ও ফাইবারেরও ভালো উৎস।

    মধু ও অন্যান্য খাবার:
    মধু শুধু আয়রন নয়, বরং কপার ও ম্যাঙ্গানিজেও সমৃদ্ধ, যা হিমোগ্লোবিন তৈরিতে কার্যকর ভূমিকা রাখে। নিয়মিত দুধ ও ডিম খাওয়াও রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক।

    বিশেষজ্ঞরা আরও জানান, অ্যানিমিয়ার কারণে শরীরের অক্সিজেন ও পুষ্টি উৎপাদনের চাহিদা বাড়ে, ফলে হৃদপিণ্ড অতিরিক্ত চাপের মুখে পড়ে। সময়মতো চিকিৎসকের পরামর্শ নিয়ে হিমোগ্লোবিন পরীক্ষা করা এবং প্রয়োজনীয় খাবার ও ওষুধ গ্রহণ করা জরুরি।

  • মাত্র ১ মিনিটে ফ্যান পরিষ্কার করার জাদুকরী টিপস, কোনো ঝামেলা ছাড়াই!

    মাত্র ১ মিনিটে ফ্যান পরিষ্কার করার জাদুকরী টিপস, কোনো ঝামেলা ছাড়াই!

    এবিএনএ:  ঘরের নিচতলার ধুলাবালি সহজেই মুছে ফেলা গেলেও, সিলিং ফ্যান পরিষ্কার করা যেন এক বড় চ্যালেঞ্জ! ফ্যানের উচ্চতায় থাকায় সেখানে সহজে পৌঁছানো যায় না, ফলে ফ্যানের ব্লেডে জমে থাকে স্তরে স্তরে ধুলো।

    এই ধুলো শুধু ফ্যানকে ময়লা দেখায় না, বরং বাতাসের সঙ্গে পুরো ঘরেই ছড়িয়ে পড়ে। কিন্তু ভাবুন তো, এই কঠিন কাজটা যদি মাত্র এক মিনিটেই করা যায়?

    জেনে নিন একদম সহজ, ঝামেলাহীন পদ্ধতিতে ফ্যান পরিষ্কারের কৌশল:

    ১. প্রথমে একটি পুরনো বালিশের কভার খুঁজে নিন।
    ২. এবার সেই কভারটি দিয়ে ফ্যানের ব্লেডকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলুন—প্রান্ত থেকে গোড় পর্যন্ত।
    ৩. দু’হাতে ব্লেডের ওপর চেপে ধরে কভারের ভিতর দিয়ে আস্তে করে টান দিন।
    ৪. আপনি নিজেই দেখবেন—সব ময়লা কভারের ভিতরেই আটকে গেছে।

    একইভাবে প্রতিটি ব্লেড পরিষ্কার করে ফেলুন। সপ্তাহে একবার এই পদ্ধতি মেনে চললে, ঘর থাকবে ধুলাবালি মুক্ত এবং ফ্যানও থাকবে ঝকঝকে।

  • মন খারাপ হলে যা করবেন: মানসিক প্রশান্তির ৯টি সহজ উপায়

    মন খারাপ হলে যা করবেন: মানসিক প্রশান্তির ৯টি সহজ উপায়

    এবিএনএ:   জীবনে যেমন হাসি আছে, তেমনি আছে মন খারাপের সময়ও। তবে দীর্ঘক্ষণ মন খারাপ থাকলে সেটা আমাদের দৈনন্দিন জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। তাই মন খারাপ দূর করতে কিছু কার্যকর উপায় জানা থাকা খুব জরুরি।

    চলুন জেনে নেওয়া যাক এমন ৯টি কার্যকর উপায়—

    ১. কাছের মানুষের সঙ্গে সময় কাটান
    মন খারাপের সময় সহানুভূতিশীল বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন। মনের কথা ভাগ করলে হালকা অনুভব হয়।

    ২. নিজের উপর চাপ কমান
    অতিরিক্ত দায়িত্ব নিজেকে চাপের মধ্যে ফেলতে পারে। কাজের মাঝেও সময় নিয়ে বিশ্রাম নিন।

    ৩. আনন্দদায়ক কাজে নিজেকে জড়ান
    ছোটবেলার প্রিয় বই পড়া, পছন্দের গান শোনা, রান্না বা সিনেমা দেখা—এসব আপনাকে ধীরে ধীরে আনন্দ দিতে পারে।

    ৪. বাহিরে যান, একটু হাঁটুন
    বাজার করা বা হালকা হাঁটার মতো কাজও মন ভালো করতে সাহায্য করে। দিনে অন্তত ১৫-৩০ মিনিট হাঁটুন।

    ৫. ইতিবাচক চিন্তা চর্চা করুন
    নেগেটিভ চিন্তা বন্ধ করে নিজের ইতিবাচক অভিজ্ঞতাগুলোর তালিকা তৈরি করুন। এতে আত্মবিশ্বাস বাড়ে।

    ৬. নিজেকে ক্ষমা করুন, ধৈর্য ধরুন
    নিজেকে দোষারোপ করবেন না। আত্মসমালোচনায় না গিয়ে নিজেকে সময় দিন এবং ভালো থাকার চেষ্টা করুন।

    ৭. সিদ্ধান্ত নেওয়ায় ধৈর্য দেখান
    মন খারাপের সময় আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। চিন্তাগুলো পরিষ্কার হওয়ার সময় দিন নিজেকে।

    ৮. ঘুমকে অগ্রাধিকার দিন
    ভালো ঘুম মানেই ভালো মন-মেজাজ। ঘুমের ঘাটতিও মন খারাপের কারণ হতে পারে।

    ৯. প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন
    যদি মন খারাপ প্রায়ই হয় এবং দীর্ঘস্থায়ী হয়ে যায়, তবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। থেরাপি আপনার জন্য উপকারী হতে পারে।

    শেষ কথা:
    মন খারাপ হলে নিজেকে বোঝান—এই সময়টাও পার হয়ে যাবে। আপনার অনুভূতিগুলো স্বাভাবিক, তবে সেগুলোর জন্য সঠিক পদক্ষেপ নিলে আপনি আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারেন।

  • সন্তানের হাতে মোবাইল? লাগাম টানুন বন্ধুত্বের মাধ্যমে—জানুন কার্যকর উপায়

    সন্তানের হাতে মোবাইল? লাগাম টানুন বন্ধুত্বের মাধ্যমে—জানুন কার্যকর উপায়

    এবিএনএ:  আজকের প্রযুক্তিনির্ভর যুগে স্মার্টফোন শিশুদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু এই স্মার্টফোনেই তৈরি হচ্ছে অসংখ্য সমস্যা—বিশেষ করে ঘুমের অভাব, মনোযোগের ঘাটতি এবং মানসিক চাপে ভোগা শিশু

    যুক্তরাষ্ট্রের ‘আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকস’ পরামর্শ দিচ্ছে, শিশুদের ঘুমানোর সময় ফোন থেকে সম্পূর্ণ বিরত রাখা উচিত। বাস্তবে অভিভাবকদের কাছে এটি হয়ে উঠেছে এক বড় চ্যালেঞ্জ।

    তবে সম্প্রতি নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আশার কিছু দিক উঠে এসেছে। গবেষণায় বলা হয়,

    “ঘুমানোর দুই ঘণ্টা আগে পর্যন্ত ফোন ব্যবহার করলে ঘুমে বড় সমস্যা হয় না, তবে ঘুমাতে দেরি হয় এবং সকালে উঠতেও কষ্ট হয়।”

    বিশেষত ১১-১৪ বছর বয়সী কিশোরদের ক্ষেত্রে গবেষণা বলছে,

    “যদি কেউ রাতে গোপনে ফোন ব্যবহার করে, তবে তা তার স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে।”

    গবেষক ব্র্যাডলি ব্রসনান বলেন,

    “ঘুম আর স্ক্রিন একসঙ্গে চলে না। আপনি ঠিক করুন— স্ট্রিমিং করবেন, না ড্রিমিং?”

    তিনি আরও জানান, ছোট শিশুদের ক্ষেত্রে ঘুমের ঘাটতি মানসিক বিকাশ, একাগ্রতা এবং ওজন বৃদ্ধি সংক্রান্ত সমস্যার জন্ম দেয়।

    কী করবেন অভিভাবকরা?

    বিশেষজ্ঞদের মতে, অভিভাবকদের উচিত—

    • শিশুর দৈনিক রুটিনে ফোন ব্যবহারের সময় নির্ধারণ করা

    • খাওয়ার সময়, পড়ার সময় ও ঘুমের আগে ফোন বন্ধ রাখা

    • সন্তানকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ঝুঁকি সম্পর্কে খোলামেলা আলোচনা করা

    • স্কুলের প্রয়োজনে নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইন ব্যবহার করতে দেওয়া

    ব্রসনান বলেন,

    “আমাদের মস্তিষ্ক একসঙ্গে একাধিক কাজ দক্ষভাবে করতে পারে না। পড়ার সময় ফোনে ঢুকলে মনোযোগ কমবেই।”

    সবচেয়ে কার্যকর উপায় হলো—
    সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে প্রযুক্তি ব্যবহারে সচেতনতা তৈরি করাএকসঙ্গে অ্যাপ ব্যবহার করা বা শেখার অভ্যাস গড়ে তোলা সন্তানকে নিরাপদ অনলাইন ব্যবহার শিখাতে সাহায্য করে।

    শেষ পর্যন্ত লক্ষ্য একটাই—

    “সন্তান নিজে যেন নিজের মধ্যে আত্মনিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলে। সেটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর পদ্ধতি।”

  • বৃষ্টির দিনে শিশুকে ঘরেই ব্যস্ত ও আনন্দে রাখবেন যেভাবে

    বৃষ্টির দিনে শিশুকে ঘরেই ব্যস্ত ও আনন্দে রাখবেন যেভাবে

    এবিএনএ:  বর্ষাকাল মানেই কখনো হালকা রোদ, কখনো টানা বৃষ্টি। দিনভর আকাশ মেঘলা থাকলে শিশুদের ঘরেই কাটাতে হয় সময়। কিন্তু টানা ঘরে থেকে শিশু যেমন একঘেয়ে হয়ে পড়ে, তেমনি তারা মোবাইল বা টিভির দিকেই বেশি ঝুঁকে পড়ে। তাই বৃষ্টির দিনে শিশুদের ঘরোয়া পরিবেশেই আনন্দে রাখতে চাই সৃজনশীল কিছু পরিকল্পনা। নিচে রইল কিছু কার্যকরী ও মজার উপায়—

    🎲 বোর্ড গেমস

    শিশুদের মানসিক বিকাশে বোর্ড গেম খুবই কার্যকর। বাজারে বিভিন্ন বয়স উপযোগী বোর্ড গেমস পাওয়া যায়। যেমন—লুডো, সাপ-সিঁড়ি, চেস, শব্দ খোঁজার গেম ইত্যাদি। এগুলো শিশুরা পরিবারসহ খেলতে পারলে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও বাড়ে।

    🎨 আর্ট অ্যান্ড ক্রাফট

    শিশুর সৃজনশীলতাকে জাগিয়ে তুলতে আঁকা, রং করা, কাগজ কাটাকাটি বা ক্লে দিয়ে জিনিস বানানো অসাধারণ উপায়। তাকে আঁকার খাতা, পেন্সিল, রঙিন কাগজ বা বিভিন্ন ক্রাফটিং উপকরণ দিন। নিজে নিজে কিছু বানাতে উৎসাহ দিন।

    🍳 রান্নাবান্নায় অংশগ্রহণ

    রান্না করা অনেক শিশুর কাছেই একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে। সহজ কিছু কাজ যেমন—মশলা এগিয়ে দেওয়া, ডাল ধোয়া, ছোট সবজি কাটা এগুলো শিশুরা খুব আগ্রহ নিয়ে করে। চাইলে রান্নাবাটি খেলনার মাধ্যমেও সে শিখতে পারে রান্নার প্রাথমিক ধারণা।

    🎶 গান-নাচ ও গল্পের বই

    গান ও নাচ শিশুর আবেগ প্রকাশের চমৎকার মাধ্যম। ঘরের পরিবেশে গান শোনানো, ছোট ছোট নাচ শেখানো বা নিজে গাইতে দেওয়া যেতে পারে। পাশাপাশি গল্পের বই পড়া অভ্যাস করালে শিশুর শব্দভাণ্ডার যেমন বাড়বে, তেমনি কল্পনার জগৎ হবে সমৃদ্ধ।


    সবচেয়ে বড় কথা, বৃষ্টির দিনে শিশুকে শুধু সময় দিলেই তারা আনন্দ খুঁজে নেয়। তাই একটু মনোযোগ আর পরিকল্পনা দিয়ে আপনি আপনার সন্তানকে দিতে পারেন একটি সুখকর ও সৃজনশীল দিন।