Category: আইন ও আদালত

  • আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

    আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

    এবিএনএ:  আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস। স্বাধীন বাংলাদেশের বিচারব্যবস্থার ইতিহাসে গুরুত্বপূর্ণ এই দিনটি উপলক্ষে নানা আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    দিবসটি স্মরণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী ও বিশিষ্টজনদের অংশগ্রহণে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

    অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানসহ বিচারাঙ্গনের শীর্ষ ব্যক্তিবর্গ।

    উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ অক্টোবর অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বরকে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।

    কারণ হিসেবে জানানো হয়, ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথমবারের মতো উচ্চ আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতিবছর সুপ্রিম কোর্ট দিবস পালিত হয়ে আসছে।

  • সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পাঠালেন আদালত

    সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পাঠালেন আদালত

    এবিএনএ: রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে পুলিশের হেফাজতে রাখার অনুমতি দেওয়া হয়েছে।

    সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মুনিরুজ্জামান আদালতে আনিস আলমগীরকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক আংশিকভাবে আবেদন মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড অনুমোদন দেন।

    এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিম থেকে বের হওয়ার সময় আনিস আলমগীরকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

    ওই রাতেই জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদের করা মামলায় আনিস আলমগীরসহ চারজনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন— অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।

    মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে তৎপরতা চালায়। অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টকশোর মাধ্যমে নিষিদ্ধ সংগঠন পুনরুজ্জীবনের গুজব ও প্রচারণা চালানো হয়।

    এতে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু কর্মী উৎসাহিত হয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও সহিংসতায় জড়াচ্ছে বলেও মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

  • সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

    সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

    এবিএনএ: সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উত্তরা পশ্চিম থানার মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মুনিরুজ্জামান ঢাকার আদালতে এ আবেদন করেন।

    ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিম থেকে বের হওয়ার সময় আনিস আলমগীরকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

    ওই রাতেই জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদের দায়ের করা মামলায় আনিস আলমগীরসহ চারজনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন— অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে একটি গোষ্ঠী গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হয়। অভিযোগ অনুযায়ী, আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের বিভিন্ন টকশোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠন পুনর্বাসনের পক্ষে বিভ্রান্তিকর বক্তব্য ও প্রচারণা চালিয়ে আসছিলেন।

    এ ধরনের প্রচারণার ফলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু কর্মী রাষ্ট্রবিরোধী তৎপরতা এবং সহিংস কার্যক্রমে উৎসাহিত হচ্ছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

  • জোট করলেও একক প্রতীকে ভোট বাধ্যতামূলক: হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়

    জোট করলেও একক প্রতীকে ভোট বাধ্যতামূলক: হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়

    এবিএনএ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠন করা হলেও প্রতিটি দলকে তাদের নিজস্ব দলীয় প্রতীকে ভোটগ্রহণ করতে হবে—হাইকোর্ট এমন নির্দেশনা দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় ঘোষণা করেন।

    হাইকোর্ট জানায়, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলেও দলীয় প্রতীক পরিবর্তনের সুযোগ নেই। গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে দেন আদালত। ফলে জোট করলেও প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকেই নির্বাচনে অংশ নিতে হবে।

    রিটের পক্ষের শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম; তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সাহেদুল আজম। এর আগে গত ২৬ নভেম্বর জোটবদ্ধ নির্বাচন হলেও দলীয় প্রতীকের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করে এনডিএম। রিটে যুক্তি দেওয়া হয়, জোটভুক্ত দলগুলোর ভোটে একক প্রতীক ব্যবহারে বাধা থাকায় আরপিওর সংশোধিত বিধানটি বাতিল করা উচিত।

    জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল ইসলাম রিটটি দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল।

    উল্লেখ্য, গত ৩ নভেম্বর সরকার আরপিও সংশোধন করে জানায়—নিবন্ধিত একাধিক দল জোট গঠন করলেও প্রত্যেককে নিজ নিজ প্রতীকেই নির্বাচনে অংশ নিতে হবে।

  • বাগেরহাটে ব্র্যাক কর্মী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

    বাগেরহাটে ব্র্যাক কর্মী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

    এবিএনএ, বাগেরহাট: বাগেরহাটে ব্র্যাক এনজিওর এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে জিহাদ শেখ (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

    রোববার (১ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ রোজিনা আক্তার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
    দণ্ডপ্রাপ্ত জিহাদ শেখ সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতি গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে।

    ব্র্যাকের আইনজীবী অ্যাডভোকেট ফকির মো. নওরেশুজ্জামান লালন জানান, ২০২৩ সালের ১ আগস্ট দুপুরে এনজিওর মাইক্রোফাইন্যান্স বিভাগের এক নারী কর্মী বেনেগাতি এলাকায় অফিসের কাজ শেষে সার্ভে করছিলেন। ওইসময় সনাতন দাস নামে এক ব্যক্তির বাড়িতে তথ্য সংগ্রহের সময় আসামি জিহাদ তাকে অন্য একটি বাড়িতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখায়।

    পথিমধ্যে বৃষ্টির কারণে আশেপাশে কেউ না থাকায় জিহাদ শেখ আকস্মিকভাবে তার গলায় দা ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি নির্জন জায়গায় জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী বাগেরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ধারায় মামলা করেন।

    মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং আদালত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করেন। দীর্ঘ শুনানি ও নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর, আদালত আদালত আসামিকে দোষী প্রমাণিত করে এ দণ্ড ঘোষণা করেন।

    রায়ের পর আদালতের বেঞ্চ সহকারী জানান, সাক্ষ্যপ্রমাণ ও ঘটনার বিবরণ বিচার করে আদালত যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা এবং অতিরিক্ত সাজা নিশ্চিত করেছেন।

     

  • জুলাই–আগস্ট অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসি, সাবেক আইজিপি মামুনের কারাদণ্ড

    জুলাই–আগস্ট অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসি, সাবেক আইজিপি মামুনের কারাদণ্ড

    এবিএনএ: জুলাই–আগস্ট অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দোষ স্বীকার করে রাষ্ট্রের পক্ষে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করে। সঙ্গে ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মানবতাবিরোধী অপরাধে দেশের কোনো সাবেক সরকারপ্রধানের বিরুদ্ধে এটাই প্রথম দণ্ডাদেশ।

    রায়ের দ্বিতীয় অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং প্রথম অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল বলেছে, ড্রোন, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমনের নির্দেশ দেন শেখ হাসিনা। তার নির্দেশে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ বাস্তবায়ন করেন।

    রায়ে ছয়টি ভাগে মোট ৪৫৩ পৃষ্ঠায় অভিযোগ, সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি, রোম স্ট্যাটিউটের বিধান, ভিডিও–অডিও প্রমাণ এবং সাক্ষ্যসমূহ তুলে ধরা হয়। আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এএসএম মাকসুদ কামাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও আদালতে তুলে ধরে।

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনা, এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী হামলার ভিডিও–তথ্যও রায়ে উল্লেখ করা হয়।

    মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর পর্যবেক্ষণ প্রতিবেদন থেকেও গুরুত্বপূর্ণ অংশ আদালতে পড়ে শোনানো হয়। দুপুর দেড়টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়ে রায় ঘোষণা করা হয়।

    গত ২৩ অক্টোবর যুক্তিতর্ক শেষ হওয়ার পর ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল। সে অনুযায়ী আজ এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়। রায়টি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করে, যা অন্যান্য গণমাধ্যমও রিলে করে।

  • দেশের বিচারব্যবস্থায় বড় পরিবর্তন: পদোন্নতি পাচ্ছেন এক হাজারেরও বেশি বিচারক

    দেশের বিচারব্যবস্থায় বড় পরিবর্তন: পদোন্নতি পাচ্ছেন এক হাজারেরও বেশি বিচারক

    এবিএনএ: দেশের বিচারব্যবস্থায় বড় রদবদল আসছে। অধস্তন আদালতের এক হাজারেরও বেশি বিচারককে পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। একই সঙ্গে, সাবেক বিচারক বেগম মোছাম্মৎ কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা পুনর্বহালের প্রস্তাবও নাকচ করা হয়েছে।

    মঙ্গলবার বিকেলে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন। বৈঠকের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    সূত্র জানিয়েছে, প্রায় ৩০০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে জেলা ও দায়রা জজ পদে উন্নীত করা হচ্ছে। এছাড়া যুগ্ম জেলা ও দায়রা জজদের অতিরিক্ত জেলা জজ, সিনিয়র সহকারী বিচারকদের যুগ্ম জেলা জজ এবং সহকারী বিচারকদের সিনিয়র সহকারী বিচারক পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

    তবে একই বৈঠকে কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা পুনর্বহালের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফুলকোর্ট। উল্লেখ্য, ২০২১ সালের ১৩ নভেম্বর তিনি এক ধর্ষণ মামলায় স্থগিতাদেশ থাকা অবস্থায় আসামিকে জামিন দেওয়ায় তাঁর বিচারিক ক্ষমতা স্থগিত করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পরে সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে তাঁর ফৌজদারি বিচারিক দায়িত্ব স্থগিতের নির্দেশ দেয়।

    সম্প্রতি আইন মন্ত্রণালয় তাঁর বিচারিক ক্ষমতা ফেরানোর প্রস্তাব পাঠালেও, বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন থাকায় ফুলকোর্ট সেটি নাকচ করেছে।

    এছাড়া, সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডারও এখনো চূড়ান্ত হয়নি বলে বৈঠকে জানানো হয়েছে, কারণ সরকারের বার্ষিক ছুটির ক্যালেন্ডার এখনো প্রকাশিত হয়নি।

    বিচারকদের এই ব্যাপক পদোন্নতি দেশের বিচারব্যবস্থায় নতুন গতি ও প্রশাসনিক স্থিতিশীলতা আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে অফিস চলবে নতুন সময়সূচিতে

    সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে অফিস চলবে নতুন সময়সূচিতে

    এবিএনএ:  বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার্ষিক অবকাশকালীন সময়ে অফিসের সময়সূচি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে এই অবকাশ চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত।

    সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবকাশকালীন সময়ে হাইকোর্ট বিভাগে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস চলবে।

    এ ছাড়া জরুরি মামলার শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে নির্দিষ্ট বিচারিক এখতিয়ারসহ বিশেষ বেঞ্চ এবং আপিল বিভাগে চেম্বার কোর্ট গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

    আইনজীবী মহল মনে করছেন, নতুন সময়সূচি অবকাশকালেও জরুরি মামলার কার্যক্রমে গতি আনবে এবং ন্যায়বিচার প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ হবে।

  • সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা বিষয়ক বিশেষ সেমিনার আয়োজন করল ডুলা

    সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা বিষয়ক বিশেষ সেমিনার আয়োজন করল ডুলা

    এবিএনএ:  সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে জনস্বার্থ মামলা বিষয়ক একটি প্রশিক্ষণমূলক সেমিনার। আয়োজন করে Dhaka University LLM Lawyers’ Association (ডুলা), যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটরিয়ামে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

    সেশনের মূল বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম। তিনি জনস্বার্থ মামলার গুরুত্ব, প্রক্রিয়া ও প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তরুণ আইনজীবীদের উৎসাহিত করেন।

    আয়োজকরা জানান, আইন পেশায় ক্রমাগত শেখা ও জানার বিকল্প নেই। এমন প্রশিক্ষণ ও সেমিনারের মাধ্যমে আইনজীবীরা তাদের পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করতে পারবেন।

    ডুলার সভাপতি এডভোকেট শেখ আলী আহমেদ খোকন ও সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মোহাম্মদ জয়নাল আবেদীনসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ এ আয়োজনকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজন করা প্রয়োজন। নচেৎ আইন পেশা ধীরে ধীরে মেধার অভাবে দুর্বল হয়ে পড়বে। তাই তারা ডুলাকে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

  • সুপ্রিম কোর্টে অবকাশকালীন চেম্বার জজ নিয়োগ, দায়িত্বে রেজাউল হক ও ফারাহ মাহবুব

    সুপ্রিম কোর্টে অবকাশকালীন চেম্বার জজ নিয়োগ, দায়িত্বে রেজাউল হক ও ফারাহ মাহবুব

    এবিএনএ:  সুপ্রিম কোর্টের আসন্ন অবকাশকালীন সময়ে আপিল বিভাগের চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন দুই বিচারপতি। প্রধান বিচারপতির মনোনয়নে ৭ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন বিচারপতি মো. রেজাউল হক। আর ২১ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন বিচারপতি ফারাহ মাহবুব।

    এই তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান।

    নির্ধারিত সূচি অনুযায়ী, বিচারপতি মো. রেজাউল হক ৮, ৯, ১০, ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে আপিল বিভাগের ১নং চেম্বার কোর্টে জরুরি বিষয়াদি শুনানি করবেন। অপরদিকে, বিচারপতি ফারাহ মাহবুব ২১, ২৩, ২৫, ২৮, ২৯ সেপ্টেম্বর এবং ৫, ৭, ৯, ১২ ও ১৪ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল বিভাগের ২নং চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

    অবকাশকালীন সময়ে আপিল বিভাগে এসব চেম্বার জজ মামলাসংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য কাজ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।