Category: অর্থ বাণিজ্য

  • স্বল্প সুদের ঋণ কমিয়েছে বিশ্বব্যাংক

    স্বল্প সুদের ঋণ কমিয়েছে বিশ্বব্যাংক

    এ বি এন এ : সদ্য সমাপ্ত ২০১৫-১৬ অর্থবছরে ঋণ, অনুদান, বিনিয়োগ গ্যারান্টিসহ বিভিন্ন খাতে ৬ হাজার ১২০ কোটি মার্কিন ডলার সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে উন্নয়নসহযোগী সংস্থা বিশ্বব্যাংক। এর আগের অর্থবছর এর পরিমাণ ছিল ৫ হাজার ৫৭০ কোটি ডলার।

    এক বছরে বিশ্বব্যাংকের সহায়তার পরিমাণ ৫৫০ কোটি ডলার বাড়লেও এর সুবিধা পেয়েছে মূলত মধ্যম আয়ের দেশগুলো। নিম্ন আয়ের দেশগুলোতে বিনা সুদে ঋণের পরিমাণ গত অর্থবছরে কমিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    এ বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এক বিবৃতিতে বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের ঝুঁকির পরিমাণ বাড়ছে। বিশ্ব অর্থনীতির মন্থর গতি, যুদ্ধ পরিস্থিতির কারণে বাস্তুহারা মানুষ ও জলবায়ু পরিবর্তনের কারণে নিু ও মধ্যম আয়ের দেশগুলো ঝুঁকিতে রয়েছে। এসব দেশের লোকজন বিশ্বব্যাংকের সহায়তা চাইছেন। এসব বিষয় সামনে রেখে আগামীতে বিশ্বব্যাংক সহায়তার পরিমাণ বাড়াবে।

    বিশ্বব্যাংকের সদর দফতর ওয়াশিংটন থেকে প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়েছে, নিু আয়ের দেশগুলোতে কম সুদে ঋণ দানে বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে ১ হাজার ৬২০ কোটি ডলার ঋণের প্রতিশ্র“তি দিয়েছে। আগের অর্থবছর সংস্থাটি ১ হাজার ৮৯০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছিল।

  • আজ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে চুক্তি

    আজ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে চুক্তি

    এ বি এন এ : কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের নির্মাণ ও ব্যবহার চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে আজ । রাজধানীর পেট্রোসেন্টারে পেট্রোবাংলা এবং যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হবে।
    সংশ্লিষ্টরা জানান, চুক্তির ১৮ মাসের মধ্যে টার্মিনাল নির্মাণ সম্পন্ন হবে। এটির এলএনজি ধারণ ক্ষমতা হবে এক লাখ ৩৮ হাজার ঘনমিটার। রি-গ্যাসফিকেশন করে দৈনিক ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। ২০১৮ সালের প্রথমার্ধের মধ্যেই গ্রাহক পর্যায়ে পৌঁছে দেয়া যাবে এখানকার এলএনজি।
    পেট্রোবাংলার ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, টার্মিনালটি নির্মাণ ও ১৫ বছর পরিচালনা করবে যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জি। চুক্তি অনুযায়ী, টার্মিনালটি ব্যবহারের জন্য ভাড়া হিসেবে কোম্পানিটির অনুকূলে সর্বমোট ৯ কোটি মার্কিন ডলার পরিশোধ করতে হবে পেট্রোবাংলাকে। এর পাশাপাশি এই পরিমাণ অর্থের বিপরীতে কর, ভ্যাট ও ইনস্যুরেন্স ফিও পরিশোধ করতে হবে। এছাড়া নির্ধারিত সহায়তা ফি হিসেবে দৈনিক ১ লাখ ৫৯ হাজার ১৮৬ ডলার, পরিচালন সহায়তা ফি ৪৫ হাজার ৮১৪ ডলার এবং টার্মিনাল পরিচালককে ৩২ হাজার ডলার পরিশোধ করতে হবে।
    প্রতি ইউনিট গ্যাস রি-গ্যাসিফাই করতে ৪৯ সেন্ট খরচ নিবে এক্সিলারেট এনার্জি। ইতিমধ্যে এই গ্যাস চট্টগ্রামে সরবরাহ করতে ৯১ কিলোমিটার দীর্ঘ মহেশখালী-আনোয়ারা পাইপলাইন নির্মাণ করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
    উল্লেখ্য, ২০১০ সালে এই ভাসমান এলএনজি টার্মিনালটি নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। দুই বছরের মধ্যেই (ফাস্ট ট্রাক) প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কয়েকবার উদ্যোগ নেয়ার পরও প্রকল্পটির কাজ এগোয়নি। গত বছরের ২৫ ফেব্রুয়ারি  পেট্রোবাংলা ও এক্সিলারেট এনার্জির মধ্যে টার্ম শিট চুক্তি (বিনিয়োগের পূর্বে শর্ত নির্ধারণের ভিত্তিচুক্তি) স্বাক্ষরের পর প্রকল্পটি বাস্তবায়ন প্রক্রিয়ায় গতি আসে।
  • যেসব পণ্যের দাম বাড়ছে-কমছে

    যেসব পণ্যের দাম বাড়ছে-কমছে

    এ বি এন এ : ২০১৬-১৭ সালের প্রস্তাবিত বাজেটে মোবাইল ব্যবহারে, হাতে তৈরি বিড়ি, সিগারেট, আমদানি করা চাল ও মশা মারার ব্যাটে সম্পূরক শুল্ক প্রস্তাব করায় এসব পণ্যের দাম বাড়বে। এছাড়া দেশি মোটরসাইকেল তৈরির যন্ত্রাংশ, এলপিজি সিলিন্ডার, ওষুধ শিল্পের কাঁচামাল,সাইবার সিকিউরিটির যন্ত্রাংশ ও এলইডি ল্যাম্পের যন্ত্রাংশের দাম কমবে।
    এক নজরে দেখে নেয়া যাক এবারের বাজেটে কোন কোন পণ্যের দাম বাড়ছে ও কমছে-
    বাড়ছে
    হাতে তৈরি বিড়ি, সিগারেট, তামাকজাত পণ্য, ওয়াশিং মেশিন, এসি, বাস ও লরির টায়ার, সুগন্ধি, বায়োমেট্রিক স্ক্যানার, ইউপিএস, আইপিএস, ট্রান্সফরমার, পাথর, রড, মাধ্যমিক উচ্চমাধ্যমিকের আমদানি করা বই, কাগজ ও কাগজজাত পণ্য, হোটেল নির্মাণ যন্ত্রাংশ, সিম-রিম, আমদানি করা চাল, অপটিক্যাল ফাইবার ও মশা মারার ব্যাটসহ প্রভৃতি পণ্যের দাম বাড়ছে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় এসব পণ্যে সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেছেন। এর ফলে এসব পণ্যের দাম আগের চেয়ে বাড়বে।
    কমছে 
    দেশি মোটরসাইকেল তৈরির যন্ত্রাংশ, অগ্নি নির্বাপক যন্ত্রাংশ, স্ট্যাবিলাইজার, এলপিজি সিলিন্ডার, ওষুধ শিল্পের কাঁচামাল, ভিডিও কনফারেন্স ডিভাইস, স্মার্ট কার্ডের যন্ত্রাংশ, সাইবার সিকিউরিটির যন্ত্রাংশ, বায়োগ্যাস ডাইজেস্টার, ফায়ার বোর্ড, কফি মেট, পেট্রোলিয়াম জেলি ও এলইডি ল্যাম্পের যন্ত্রাংশসহ প্রভৃতি পণ্যর দাম কমছে। অর্থমন্ত্রী এসব পণ্যে সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করেছেন। এর ফলে এসব পণ্যের দাম আগের চেয়ে কমবে।
  • মূসক না কমালে জুয়েলারি দোকান বন্ধের হুমকি

    মূসক না কমালে জুয়েলারি দোকান বন্ধের হুমকি

    এ বি এন এ : সোনা ও রুপার অলংকার বিক্রির ওপর মূল্য সংযোজন কর (মূসক) দেড় শতাংশ, সোনার আমদানি শুল্ক ভরি প্রতি ১৫০ টাকা ও স্বর্ণ নীতিমালা করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে দাবি তিনটি বাস্তবায়িত না হলে সারা দেশের জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন সমিতির কেন্দ্রীয় নেতারা।

    রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে জুয়েলার্স সমিতি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম, সহসভাপতি গঙ্গা চরণ মালাকার ও এম এম হান্নান আজাদ, সাবেক সভাপতি এম এ ওয়াদুদ খান প্রমুখ।

    আগামী অর্থবছর থেকে ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন ২০১২’ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। নতুন এই আইনে পণ্য আমদানি বা উৎপাদন ও খুচরা বিক্রি পর্যায়ে অভিন্ন ১৫ শতাংশ হারে মূসকের কথা বলা হয়েছে। বর্তমানে সোনা ও রুপার অলংকারের মোট বিক্রয় মূল্যের ৩৩ দশমিক ৩৩ শতাংশ মূল্য সংযোজন কর ভিত্তি ধরে পাঁচ শতাংশ মূসক দিতে হয়। গত বছরের জুনের আগে তিন শতাংশ হারে মূসক দিতে হতো।

    এনামুল হক খান বলেন, ‘সোনার উচ্চমূল্যের সঙ্গে পাঁচ শতাংশ মূসক আরোপ হওয়ার কারণে অলংকার বিক্রি কমে গেছে। তবে পাশের দেশ ভারতে এক শতাংশ মূসক দিতে হয়। আমাদের দেশে ১০ লাখ টাকার সোনার অলংকার কিনলে ৫০ হাজার টাকা মূসক দিতে হয়। একই পরিমাণ অলংকারে ভারতে দিতে হয় মাত্র ১০ হাজার টাকা মূসক। ভারতের ভিসা প্রাপ্তি সহজলভ্য ও যাতায়াত ব্যবস্থা উন্নত হওয়ায় অনেক ক্রেতা ভারত থেকে সোনার অলংকার ক্রয়ে উৎসাহী হচ্ছেন।’

    আগামী অর্থবছর নতুন মূসক আইনের আওতায় সোনার অলংকার বিক্রির ওপর ১৫ শতাংশ মূসক আরোপ হলে জুয়েলারি ব্যবসায়ীরা কখনো মেনে নেবে না বলে উল্লেখ করেন সমিতির সাধারণ সম্পাদক। তিনি দাবি জানান, জুয়েলারি শিল্পকে বাঁচাতে হলে আগামী বাজেটে সোনার অলংকার বিক্রির ওপর মূসক পাঁচ শতাংশ থেকে কমিয়ে দেড় শতাংশ করতে হবে। চোরাচালান বন্ধে সোনা আমদানি শুল্ক ভরি প্রতি তিন হাজার টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করার পাশাপাশি দুই কেজি পর্যন্ত সোনার বার আমদানির সুযোগ দিতে হবে। এ ছাড়া জুয়েলারি শিল্পের জন্য একটি টেকসই স্বর্ণ নীতিমালা করতে হবে।

    বাজেটে দাবিগুলো বাস্তবায়ন না হলে ৪ জুন থেকে সারা দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে ঘোষণা দেন এনামুল হক খান। তিনি বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি অনুরোধ করছি। অন্যথায় বাঁচার তাগিদেই কর্মসূচি গ্রহণে বাধ্য হব।’

    দাবি বাস্তবায়ন না হলে দোকান বন্ধের পাশাপাশি ৫ জুন ঢাকার জাতীয় প্রেসক্লাব এবং প্রত্যেক জেলা ও উপজেলায় যথাক্রমে ইউএনও ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেয় জুয়েলার্স সমিতি।

  • বাজারে আসছে পাঁচ টাকার নতুন নোট

    বাজারে আসছে পাঁচ টাকার নতুন নোট

    এ বি এন এ : অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগ থেকে পাঁচ টাকার নোট ইস্যু করা হচ্ছে। অর্থমন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

     

    চলতি বছরের ১৮ জানুয়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘পাঁচ টাকা মূল্যমান পর্যন্ত নোট ও কয়েন সরকারি মুদ্রায় রূপান্তর’ শীর্ষক সভায় পাঁচ টাকাকে সরকারি মুদ্রা করার সিদ্ধান্ত সবার সম্মতিতে গৃহীত হয়।

     

    বর্তমানে প্রচলিত পাঁচ টাকার ব্যাংক নোটের পরিবর্তে অর্থসচিব স্বাক্ষরিত নতুন নোট আগামী ৫ জুন বাজারে আসছে। বর্তমানে পাঁচ টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর ছিল।

     

    অর্থবিভাগের সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, পাঁচ টাকার নতুন নোট ইস্যু করা হবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্য অফিস থেকেও নতুন নোট ইস্যু করা হবে।

     

    অর্থবিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ স্বাক্ষরিত নতুন নোটের একদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধ এবং অপরদিকে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে।

     

     

    নতুন নোটের দুই পাশের উপরিভাগে বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের স্থলে বাংলাদেশের জাতীয় প্রতীক আছে। একইসঙ্গে লিগ্যাল টেন্ডার-কারেন্সি নোট হওয়ায় নোটের সামনের দিকের মাঝখানে ‘চাহিবামাত্র ইহার বাহককে পাঁচ টাকা দিতে বাধ্য থাকিবে’ লেখাটি থাকবে না।

     

    এ ছাড়া নতুন নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে। নতুন নোটের পাশাপাশি আগের নোট ও ধাতব মুদ্রা বাজারে চালু থাকবে।

  • অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় একজনের হাতে থাকা উচিত: ফরাসউদ্দিন

    অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় একজনের হাতে থাকা উচিত: ফরাসউদ্দিন

    এ বি এন এ : দেশের উন্নয়ন ও অর্থনীতির স্বার্থে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় একজনের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, ‘বর্তমানে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর মধ্যে বিভিন্ন সময় যে বাদানুবাদ হয় তা আমাদের ভালো লাগে না।’
    শুক্রবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বাজেট রিপোর্টিং বিষয়ক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরাসউদ্দিন এ কথা বলেন।
    ফরাসউদ্দিন বলেন, অতীতেও একই ব্যক্তির হাতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় ছিল। সেটিই ভালো। সাবেক এই গভর্নর মনে করেন, রাষ্ট্র মালিকানাধীন একমাত্র সোনালী ব্যাংককে রাষ্ট্র খাতে রেখে বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে পর্যায়ক্রমে বেসরকারি খাতে ছেড়ে দেয়া উচিত।

    তিনি আরো বলেন, ‘অনাস্থা প্রস্তাব ও জাতীয় বাজেট পাস এই দুটি ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদটি ছেড়ে (বাদ দেয়া) দেয়া উচিত।’

  • সুইফটের মাধ্যমে সোনালী ব্যাংকের আড়াই লাখ ডলার চুরি

    সুইফটের মাধ্যমে সোনালী ব্যাংকের আড়াই লাখ ডলার চুরি

    এ বি এন এ : বাংলাদেশের রাষ্ট্রায়াত্ত সবচেয়ে বড় সোনালী ব্যাংকের প্রায় ২ কোটি টাকা (আড়াই লাখ ডলার) চুরির তথ্য প্রকাশ পেয়েছে।

     

    ২০১৩ সালে সুইফট কোর্ড ব্যবহার করে এই টাকা লোপাটের ঘটনা ঘটে। সে সময়ে সুইফট কর্তৃপক্ষকে বাংলাদেশ বিষয়টি জানিয়েছিল। তবে তুরস্কে পাচার হওয়া ওই অর্থ আর ফেরত আনা সম্ভব হয়নি।

     

    সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক জালিয়াতি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের প্রায় ৮শ’ কোটি টাকা (৮ দশমিক ১০ মিলিয়ন ডলার) চুরি হয়। এই ঘটনা তদন্ত করতে গিয়ে ২০১৩ সালে সোনালী ব্যাংকের এই আর্থিক জালিয়াতির ঘটনা পেয়েছে বলে বুধবার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। তবে এ বিষয়টি সে সময়ে আলোচনায় আসেনি। অনেকটা চাপা পড়ে যায়।

     

    সোনালী ব্যাংক জানিয়েছে, ২০১৩ সালে এই ঘটনার পর বিষয়টি সুইফটকে জানানো হয়। এরপর তুরস্কে পাচার হওয়া ওই অর্থ উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। সোনালী ব্যাংকের সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির সময় সুইফট কোড ব্যবহার করে যে পন্থা অবলম্বন করা হয়েছিল, সে সময়েও একই পন্থা নিয়েছিল সাইবার চক্রটি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ওই অর্থ চুরিতে অপরাধীরা এখন পর্যন্ত শনাক্ত হয়নি।

     

    এখন সোনালী ব্যাংক কর্তৃপক্ষ এ ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা আছে কি না তা নতুন করে যাচাই করে দেখছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীও সোনালী ব্যাংকের ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত কেউ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে জড়িত কি না তা তদন্ত করে দেখছে। সোনালী ব্যাংকের আইটি দেখাশুনা করেন, এমন ব্যক্তি জানান, হ্যাকাররা সোনালী ব্যাংকের কম্পিউটারে একটি কি-লগার সফটওয়্যার ইনস্টল করে সিস্টেম পাসওয়ার্ড পেয়ে যায়। এরপর তারা অর্থ হস্তান্তরে সুইফটের কাছে ভুয়া অনুরোধ পাঠায়। তাৎক্ষণিকভাবে সে সময়ে পুলিশ এই জালিয়াতির সঙ্গে জড়িত প্রমাণ পেয়ে ব্যাংকের দুই কর্মকর্তাকে আটক করেছিল। কিন্তু কোনো ধরনের অভিযোগ গঠন ছাড়াই পরে তারা ছাড়া পেয়ে যান।

     

    পুলিশের সিনিয়র এক কর্মকর্তা বলেন, ‘এটা ইন্টারেস্টিং। এটা আমাদের দেখতে হবে।’ সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্বীপ কুমার দ্ত্ত বলেন, ‘হামলাকারীরা ধরা-ছোয়ার বাইরেই রয়েছে এবং অর্থও উদ্ধার সম্ভব হয়নি।’ ঠিক সে সময়ে কী ঘটেছিল তা তারা বের করতেই পারেননি বলেও জানান তিনি। সোনালী ব্যাংকের অর্থ চুরির ঘটনা সুইফটের বিরুদ্ধে এ নিয়ে আনুষ্ঠানিক চতুর্থ অভিযোগ। তবে দুটি ঘটনা একই ব্যক্তি করেছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সারা বিশ্বের প্রায় ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে অর্থ লেনদেনে সুইফট ব্যবহার করে। হ্যাকিংয়ের ঘটনায় সুইফটের নিরাপত্তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। বাংলাদেশের পক্ষ থেকে সুইফটের নিরাপত্তা ব্যবস্থার খুঁত নিয়ে অভিযোগ তোলা হয়। তবে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের মেরুদণ্ডে পরিণত হওয়া এই সমবায় প্রতিষ্ঠানটি তা প্রত্যাখ্যান করে আসছে।

     

    বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এবং সুইফটের মুখপাত্র নাতাশা দে তেরান বাংলাদেশের সোনালী ব্যাংকের অর্থ চুরির ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হননি। উল্লেখ্য, সোনালী ব্যাংকের শিল্প ভবন কর্পোরেট শাখায় এ ঘটনা ঘটে। ওই শাখার সুইফট কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. শাহ আলম ও জুনিয়র অফিসার (আইটি) মো. মনোয়ার হোসেন গোপন পাসওয়ার্ড ব্যাংকটির ইউকে শাখায় পাঠিয়েছেন, যার ভিত্তিতে ইউকে শাখা লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংক পিএলসিতে থাকা তুরস্কের নাগরিকের হিসাবে আড়াই লাখ ডলার পাঠিয়ে দেয়। পরে তুরস্কের নাগরিক তুর্ক ইকওনোমি বানকাসি অর্থ তুলে নিয়ে নিজের ব্যাংক হিসাবটিই (নম্বর-১৪৯৩৬৯৩৭) বন্ধ করে দেন। সে সময়ে পুলিশ মো. শাহ আলম ও মো. মনোয়ার হোসেনকে আটক করেছিল। আর ব্যাংকটির যুক্তরাজ্য শাখার চিফ অপারেটিং অফিসারকে বরখাস্ত করা হয়।

  • দক্ষতা বাড়াতে বিপুল বিনিয়োগে আগ্রহী চীন

    দক্ষতা বাড়াতে বিপুল বিনিয়োগে আগ্রহী চীন

    এ বি এন এ : বাংলাদেশের শিল্প খাতের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য চীন বিপুল বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং কিয়াং।

     

    রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশে শিল্প-কারখানা স্থানান্তরের পাশাপাশি বাংলাদেশ থেকে এসব কারখানায় উৎপাদিত পণ্য আমদানি করবে। এ ক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পাবে বলে তিনি মন্তব্য করেন।

     

    বুধবার শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানান চীনা রাষ্ট্রদূত। শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবালসহ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

     

    বৈঠকে বাংলাদেশের শিল্প খাতে চীনা বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের বিদ্যুৎ খাতে চীনের বিপুল বিনিয়োগের বিষয়টি শিল্পমন্ত্রীকে অবহিত করেন।

     

    চীনা রাষ্ট্রদূত বলেন, পাটশিল্প খাতে জামা, জ্যাকেট, মোজা, শাড়ি, টাই, জুতা, নির্মাণসামগ্রীসহ বহুমুখী পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে। চীনের উদ্যোক্তারা এসব পণ্য উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশের পাটশিল্প খাতে বিনিয়োগ করতে চান। এর পাশাপাশি কৃষি যন্ত্রপাতি, কয়লাভিত্তিক বিদ্যুৎ ও সার উৎপাদনেও চীন বিনিয়োগ করবে। বাংলাদেশে শিল্প খাতের ভিত্তি শক্তিশালী করতে চীন সব ধরনের সহায়তা দেবে বলে তিনি উল্লেখ করেন।

     

    শিল্পমন্ত্রী বাংলাদেশের শিল্প খাতে চীনা বিনিয়োগ আগ্রহের জন্য ধন্যবাদ জানান।

     

    তিনি বলেন, চীনা উদ্যোক্তারা পাটশিল্পের পাশাপাশি বাংলাদেশের চিনিকল ও নিউজপ্রিন্ট কাগজকলের আধুনিকায়নে বিনিয়োগ করতে পারে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজন অনুযায়ী জমি বরাদ্দ দিতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

     

    আমির হোসেন আমু বলেন, চীনা উদ্যোক্তারা অর্থনৈতিক অঞ্চলে ভারী শিল্প খাতে বিনিয়োগের পাশাপাশি এর বাইরেও হালকা প্রকৌশল শিল্প খাতে বিনিয়োগ করতে পারে। তিনি বাংলাদেশে গাড়ি উৎপাদন শিল্পে বিনিয়োগের জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। এ লক্ষ্যে বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে চীনের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান যৌথভাবে উদ্যোগ নিতে পারে বলে তিনি মন্তব্য করেন।

     

    মন্ত্রী বিসিআইসির আওতাধীন শিল্প-কারখানা প্রতিষ্ঠান বিআইএসএফের আধুনিকায়ন ও পণ্য বৈচিত্র্যকরণের লক্ষ্যে চীনা উদ্যোক্তাদের বিনিয়োগের পরামর্শ দেন।

     

    বৈঠকে চীনা রাষ্ট্রদূত ১২ থেকে ১৭ জুন, ২০১৬ চীনের কুংমিংয়ে অনুষ্ঠিতব্য চতুর্থ চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী এবং ২৪তম চীনা কুংমিং আমদানি-রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও শিল্প উন্নয়ন সম্পর্কিত আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের জন্য শিল্পমন্ত্রীকে আমন্ত্রণ জানান। তিনি এ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে চীনের খ্যাতনামা গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনের প্রস্তাব করলে শিল্পমন্ত্রী এতে সম্মতি জানান।

  • রমজানে ১৭৪টি পয়েন্টে টিসিবি’র ট্রাকে পণ্য বিক্রি

    রমজানে ১৭৪টি পয়েন্টে টিসিবি’র ট্রাকে পণ্য বিক্রি

    এ বি এন এ : পবিত্র রমজান উপলক্ষে সারা দেশের ১৭৪টি পয়েন্টে টিসিবি ট্রাক বসাবে। যেখানে চিনি, মসুর ডাল, ছোলা, সয়াবিন তেল ও খেজুর সরকার নির্ধারিত দামে বিক্রি হবে।

    রাজধানী ঢাকার ২৫টি পয়েন্টে, চট্টগ্রামের ১০টি, অন্য বিভাগীয় শহরে ৫টি করে ট্রাক বসবে। এছাড়া জেলা শহরে দু’টি করে মোট ১৭৪টি স্থানে অস্থায়ীভাবে ট্রাক বসিয়ে স্থানীয় বাজারের তুলনায় কিছুটা কম দামে পাঁচটি পণ্য বিক্রি করা হবে বলে জানান টিসিবি’র জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির।

    তিনি বলেন, রমজান উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে খোলা বাজারে পণ্য দেওয়া হয় ডিলারদের চাহিদা অনুযায়ী। স্থানীয় বাজার থেকে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর সংগ্রহ করে দেওয়া হবে।

    রমজান উপলক্ষে পাচশ’ মেট্রিক টন সয়াবিল তেল, ১ হাজার ৫শ’ মেট্রিক টন ছোলা খোলা বাজারে ছাড়া হবে। এছাড়া চিনি, মসুর ডাল ডিলারদের চাহিদা অনুযায়ী দেওয়া সম্ভব বলে জানিয়ছেন হুমায়ুন কবির।

    তিনি বলেন, খেজুর স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে দেওয়া হবে। রমজানের প্রথমে ও শেষ দিকে খেজুরের চাহিদা থাকে। এই পণ্য সরবারহে কোনো সমস্যা হবে না। ইতোমধ্যে স্থানীয় বাজার থেকে খেজুর সংগ্রহ করে তা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

    এদিকে খোলা বাজারে সয়াবিন তেলের দাম দীর্ঘদিন ধরে কম। যে কারণে রমজান উপলক্ষে টিসিবি’র খোলা বাজারে তেলের সংকট হবে না বলেও জানিয়েছে টিসিবি।

    ডাল, তেল ও চিনি সারা বছর টিসিবি খোলা বাজারে দিয়ে থাকে। এজন্য এসব পণ্যের চাহিদা কম। আর চাহিদা কম থাকায় রমজানে দাম কম থাকবে- বলেন হুমায়ুন কবির।

    তবে স্থানীয় বাজারের সঙ্গে দামের সমন্বয় করে রমজানের তিনদিন আগে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি’র সকল পণ্যের দাম নির্ধারণ করে দেবে। আর সেসব পণ্যের দাম বাজারের থেকে কম হবে টিসিবি থেকে জানানো হয়।

    গত বছরের চেয়ে এ বছরে কি টিসিবি’র পণ্যের দাম কম না বেশি হবে?- এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, রমজানের আগে বাণিজ্য মন্ত্রণালয় সকল পণ্যের দাম নির্ধারণ করবে। এর আগে দামের বিষয়ে কিছু বলা যাবে না।

    রমজান উপলক্ষে খোলা বাজারে পণ্য দেওয়ার ক্ষেত্রে ঢাকা ও ঢাকার বাইরে কি ধরনের টার্গেট রয়েছে? জানতে চাইলে তিনি বলেন, সব ডিলারদের জন্য একই পণ্য নির্ধারণ এবং সকল ট্রাকে একই পরিমাণে পণ্য দেওয়া হয়।

    রমজানকে কেন্দ্র করে বাজারে সকল পণ্যের দাম বাড়তে শুরু করেছে দুই মাস আগে থেকে। এ বিষয়ে টিসিবি কোনো পদক্ষেপ নেবে? এমন প্রশ্নের জবাবে টিসিবি চেয়ারম্যানের পিএ ও জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল ও পূর্বাভাস সেল বাজারের দাম নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ছয়টি প্রতিষ্ঠান এককভাবে কাজ করে।

    দেশের মানুষের চাহিদা অনুযায়ী পণ্য টিসিবি সরবরাহ করতে পারবে কি? জানতে চাইলে তিনি বলেন, ২ ‍হাজার ৯শ’ ৫২ ডিলারের চাহিদা অনুযায়ী আমরা কাজ করি। তাদের চাহিদা অনুযায়ী পণ্য দিয়ে থাকে টিসিবি। আর রমজানে ডিলারদের চাহিদা অনুযায়ী পণ্য দিতে পারবে টিসিবি।

    তিনি বলেন, টিসিবি’র কোলেস্টেরল নেই। এজন্য স্থানীয় বাজার থেকে সকল পণ্য সংগ্রহ করে দিতে হয়। জরুরি প্রয়োজনে সাতদিনের নোটিশে স্থানীয় বাজার থেকে পণ্য সংগ্রহ করা যায়। কিন্তু আন্তর্জাতিক বাজার থেকে পণ্য সংগ্রহ করতে তিনমাস সময় লাগে। আর টিসিবি এবারের রমজান উপলক্ষে সকল পণ্য ডিলারদের চাহিদা অনুযায়ী দিতে পারবে, কোনো সমস্যা হবে না।

  • জাতীয় শিল্পনীতিতে অগ্রাধিকার খাত পর্যটন : শিল্পমন্ত্রী

    জাতীয় শিল্পনীতিতে অগ্রাধিকার খাত পর্যটন : শিল্পমন্ত্রী

    এ বি এন এ : জাতীয় শিল্পনীতি-২০১৬ তে এ শিল্পকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
    বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ আন্তর্জাতিক পর্যটন মেলা-২০১৬’এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি) এ মেলার আয়োজন করে।
    তিনি বলেন, বাংলাদেশে বিরাজমান পর্যটন শিল্পের অপার সম্ভাবনা কাজে লাগাতে সরকার এ শিল্প খাতের বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এ শিল্পের জন্য জাতীয় বাজেটে আলাদা বরাদ্দ দেয়ার পাশাপাশি হোটেল-মোটেল, রিসোর্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলসহ পর্যটন শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি ও উপকরণ আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড় দেয়া হচ্ছে।
    শিল্পমন্ত্রী বলেন, পর্যটন শিল্পের প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালকে ‘পর্যটন বছর’হিসেবে ঘোষণা করেছেন। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার প্রস্তুতি হিসেবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ চলছে। কক্সবাজার থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত প্রায় ৫৬ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করা হচ্ছে। এ উদ্যোগ আগামী দিনে কক্সবাজারকে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পর্যটন নগরীতে পরিণত করবে।
    সুন্দরবন, সিলেটসহ বিভিন্ন জেলার চা বাগানসহ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অন্যান্য পর্যটন স্পটের পরিচিতি বাড়াতে ব্যাপক প্রচার চালানোর পরামর্শ দেন শিল্পমন্ত্রী।
    বিএফটিডির প্রেসিডেন্ট এ এস এম আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, বিএফটিডির প্রাক্তন প্রেসিডেন্ট হাকিম আলী, নির্বাহী পরিচালক রেজাউল ইকরামসহ বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার এবং শ্রীলংকার হাইকমিশনার বক্তব্য রাখেন।
    তিন দিনব্যাপী এ পর্যটন মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের ১১০টি স্টলে প্রায় ৫০০ পর্যটন শিল্পোদ্যোক্তা অংশ নিচ্ছেন।