দেশ সংকটে পড়লে এগিয়ে আসে বিএনসিসি—ক্যাডেটদের ভূমিকায় সেনাপ্রধানের প্রশংসা
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ক্যাডেটরা সশস্ত্র বাহিনীর সহায়ক শক্তি বলে মন্তব্য জেনারেল ওয়াকার-উজ-জামানের


এবিএনএ: দেশের যেকোনো সংকটময় মুহূর্তে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রগণ্য বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা, শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বিএনসিসি ক্যাডেটরা প্রশংসনীয় অবদান রেখে চলেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সাভারের বাইপাইল এলাকায় অবস্থিত বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে আয়োজিত ‘বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫-২৬’-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে সেনাপ্রধান কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং ক্যাডেটদের সালাম গ্রহণ করেন। এ সময় তিনি বিএনসিসিতে দায়িত্বপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, বিএনসিসি কর্মকর্তা ও ক্যাডেটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, জাতীয় ও সামাজিক পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দেশপ্রেম, নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধে গড়ে ওঠা এই ক্যাডেটরা ভবিষ্যতে দেশের জন্য শক্তিশালী মানবসম্পদ হিসেবে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




