ভোরে হাঁসের মাংসের জন্য নীলা মার্কেটে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে গন্তব্য ওয়েস্টিন

এবিএনএ:  স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, কখনও কখনও রাতের কাজ শেষ হতে ভোর হয়ে যায়। এ সময় বাসায় রান্না বা খাবারের ব্যবস্থা না থাকায় তিনি প্রায়ই তিনশ’ ফুট এলাকার নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। তবে নীলা মার্কেট বন্ধ থাকলে তিনি গুলশানের বিলাসবহুল হোটেল ওয়েস্টিনে যান নাস্তার জন্য।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। ওই সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ভিডিও বার্তায় আসা অভিযোগ সম্পর্কেও প্রতিক্রিয়া জানান তিনি।

জানে আলমের দাবি, সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার সময় গুলশানে আসিফ মাহমুদের সঙ্গে তার দেখা হয়েছিল। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, “সেদিন আমি ওই এলাকায় গিয়েছিলাম কিনা তা আমার মনে নেই।”

সাংবাদিকরা জানতে চান, চাঁদাবাজির সিসিটিভি ফুটেজে হেলমেট পরা ব্যক্তিটি তিনি কিনা। জবাবে উপদেষ্টা বলেন, “হেলমেট পরা যেকোনো ব্যক্তিকে যদি আমাকে বলা হয়, সেটি কতটা বিশ্বাসযোগ্য—তা বিবেচনা করা উচিত।”

তিনি আরও বলেন, “এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কেউ এখনও এর প্রমাণ দিতে পারেনি। বরং শোনা যাচ্ছে, আরেকজনকে রাজনৈতিক নেতার বাসায় জোরপূর্বক নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে, যা ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এসেছে এবং এখন পর্যন্ত সেটি যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। তাই আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *