মুক্তিযুদ্ধের কিংবদন্তি সেনানীর প্রস্থান: এ কে খন্দকারের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক

Written by

in

এবিএনএ: মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এবং স্বাধীন বাংলাদেশের প্রথম বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার রাষ্ট্রপতি কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে রাজধানীতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন এ কে খন্দকার বীর উত্তম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৩০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণকারী আবদুল করিম খন্দকার, যিনি এ কে খন্দকার নামেই অধিক পরিচিত, ছিলেন এক বর্ণাঢ্য ও গৌরবময় জীবনের অধিকারী। মহান মুক্তিযুদ্ধে তিনি উপ-প্রধান সেনাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রাখেন।

স্বাধীনতার পর রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পাবনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

কূটনৈতিক অঙ্গনেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি ভারত ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশ ও জাতির প্রতি তার এই বহুমুখী অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *