
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরে কলেজছাত্রকে মারধর করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে শাহীন নামে এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রোববার রাত সাড়ে ৮টার দিকে শহরের হরের গাবতলা মোড় সংলগ্ন স্কুল-কলেজ সড়কে এ ঘটনা ঘটে। আটক শাহীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শশানঘাট এলাকার ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে কলেজছাত্র নাদিম হাসান সোহান ওই এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনজন যুবক তার পথ আটকে দেয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা নেওয়ার চেষ্টা করে।
অভিযোগ রয়েছে, এ সময় ছিনতাইকারীরা ওই শিক্ষার্থীকে মারধর করে এবং তার মানিব্যাগ ও কলেজে ভর্তিসংক্রান্ত কাগজপত্র নিয়ে নেয়। পরিস্থিতিতে ওই শিক্ষার্থী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকে ধাওয়া দিলে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও শাহীনকে ধরে ফেলেন তারা। পরে তাকে ঘিরে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক কিশোরকে নিজেদের হেফাজতে নেয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সন্ধ্যার পর এমন ঘটনার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন নাগরিকদের কেউ কেউ শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও মাদকসেবীদের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা পলাতক দুই সহযোগীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর অভিযুক্ত কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক দুই ব্যক্তিকে শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে বলে জানা গেছে।




