
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, যানজট প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে এগিয়ে যান। পরে তারা সড়কে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় শিক্ষার্থীদের হাতে নানা দাবি ও প্রতিবাদসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। তারা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান করছেন। এতে সড়কের দুই পাশে যানজট বাড়ছে। অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি যানজটও কমে আসবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় সে। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি অপ্রতিম। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের পাশে সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তুহিন (১৯) নামে একজনকে আটক করা হয়েছে। পরে আনাস নামে আরও একজনকে আটক করার কথা জানা গেছে। প্রাথমিকভাবে আইফোন নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্তাধীন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনায় রোববার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে তদন্তের অগ্রগতি ও ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে।
রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অপ্রতিমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের পরপরই হত্যার বিচার দাবিতে মহাসড়কে অবস্থান নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।




