সংকটে মানুষের পাশে দাঁড়ানো আ.লীগের ঐতিহ্য: কাদের

এবিএনএ : প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গত সাত দশক ধরে আওয়ামী লীগ সংকটে মানুষের পাশে থেকে এ আস্থা অর্জন করছে।

আজ মঙ্গলবার সকালে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষ তার সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। অতীতের যেকোন সময়ের চেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন অধিকতর সংগঠিত, শক্তিশালী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীরা নিবেদিত প্রাণ, সজাগ এবং দলের ইশতেহার বাস্তবায়নে দলের সুশৃঙ্খল কর্মীরা প্রতিশ্রুতিশীল, ঐক্যবদ্ধ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ধারন করে আওয়ামী লীগ মুজিবাদর্শের প্রতিটি সৈনিক দেশ ও জাতির কল্যাণে শেখ হাসিনার আজ নেতৃত্বে ঐক্যবদ্ধ। সেতুমন্ত্রী বলেন, জাতির পিতার জন্মশতবর্ষে এবং স্বাধীনতার ৫০ বছরে বিশ্বদরবারেগ পরিচিত ও সমৃদ্ধ জাতি হিসেবে এবং পূর্ব পুরুষের রক্তের ঋণ শোধ করতে হবে সম্মিলিত সৃজনশীল কাজের মধ্য দিয়ে। মাতৃভূমিকে আগামী প্রজন্মের উপযোগী করে গড়ে তোলারও অঙ্গীকার করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে মূলোৎপাটন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণই হবে আমাদের অঙ্গীকার। কাদের বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নই আজ বাস্তবায়িত করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিছক কোন প্রধানমন্ত্রী নন, শেখ হাসিনার লক্ষ্য পরবর্তী নির্বাচন নয়, তার ভাবনায় শুধুই পরবর্তী প্রজন্ম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *