হুমকি উপেক্ষা করে সামরিক মহড়ায় দ. কোরিয়া-যুক্তরাষ্ট্র

এ বি এন এ : দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের হাজার হাজার সৈন্য সোমবার সামরিক মহড়া শুরু করেছে। এদিকে মহড়ায় অংশ নেয়া বাহিনীর ওপর নিবারণমূলক হামলার হুমকি দিয়েছে পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এই যৌথ বার্ষিক মহড়া দুই সপ্তাহ চলবে। উলচি ফ্রিডম নামের মহড়াটি ব্যাপকভাবে কম্পিউটার নিয়ন্ত্রিত। এতে দক্ষিণ কোরিয়ার ৫০ হাজার ও যুক্তরাষ্ট্রের ৩০ হাজার সৈন্য অংশ নিচ্ছে।
মহড়া শুরুর এক দিন আগে রবিবার একত্রীকরণ মন্ত্রণালয় দেশবাসীকে উত্তর কোরিয়ার হুমকির বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছে। এছাড়াও উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ কারে দক্ষিণে চলে আসা পিয়ংইয়ংবিরোধী অ্যাক্টিভিস্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সোমবার শুরু হওয়া মহড়াকে ইচ্ছাকৃত উস্কানি হিসেবে মনে করছে পিয়ংইয়ং। সোমবার সকালে কোরিয়ান পিপলস আর্মি (কেপিএ) এক বিবৃতিতে এর সমুচিত জবাব দেয়ার হুমকি দেয়।
কেপিএ জেনারেল স্টাফের এক মুখপাত্র জানান, উত্তর কোরিয়ার সীমান্ত ইউনিট সকল আক্রমণকারী শত্রুদের ওপর পাল্টা হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত।
পিয়ংইয়ং অতীতেও এ ধরণের হুমকি দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, দুই কোরিয়ার মধ্যে সরাসরি যোগাযোগ না থাকায় চলতি বছর অনিচ্ছাকৃত ঘটনা সামরিক সংঘাতে গড়ানোর ঝুঁকি রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *