হাইকোর্টের আদেশ স্থগিত, লিবিয়ায় যেতে পারবে না বাংলাদেশীরা

এবিএনএ : লিবিয়ায় যেতে ইচ্ছুক ৭৪ ব্যক্তিকে অনাপত্তিপত্র দিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ৩ মাসের মধ্যে তাদের টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

আদেশ বলা হয়, সরকারি নিষেধাজ্ঞা থাকায় ওয়ার্ক পারমিট ও বৈধ ভিসা থাকা সত্ত্বেও লিবিয়ায় যেতে পারবে না বাংলাদেশিরা। বর্তমান পরিস্থিতিতে লিবিয়ায় যাওয়ার সুযোগ নেই। অতএব আবেদনকারীরা সেখানে যেতে পারবেন না।

তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে রিট আবেদনকারীরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে লিবিয়ায় যাওয়ার সুযোগ পায় তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিশ্চিত করতে নির্দেশ দেন আদালত।

এর আগে ৭৪ জন বাংলাদেশী নাগরিককে বৈধ ওয়ার্ক পারমিট থাকার পরও লিবিয়ায় যাওয়ার অনুমতি দেয়নি সরকার। সরকারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা হাইকোর্টে একটি রিট আবেদন করেন।

শুনানি শেষে ওই ৭৪ বাংলাদেশীকে লিবিয়ায় যেতে অনাপত্তিপত্র প্রদানসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেয় হাইকোর্ট।

পরে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ হাইকোর্টের ওই আদেশ স্থগিত করলেন আপিল বিভাগ।

আবেদনের পক্ষে আজ আদালতে শুনানি করেন অতিরিক্ত অ্যটর্নি জেনারলে মুরাদ রেজা ও আদেনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এম আমিনুদ্দিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *