সরকার দেশকে অন্ধকার গহ্বরে ঠেলে দিয়েছে: ফখরুল

এবিএনএ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী কর্তৃত্ববাদী সরকার দেশকে এক ভয়াবহ অরাজকতার অন্ধকার গহ্বরে ঠেলে দিয়েছে। সমগ্র দেশটাই এখন বন্দীশালায় পরিণত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ছাত্রদলের ঢাকা জেলা দক্ষিণ শাখার সদস্যসচিব পারভেজ হোসেন পাভেল মোল্লা এবং বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় পুলিশি হামলার পর সাংগঠনিক সম্পাদক মো. রণি ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মোস্তফা আলী জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দল নেতা আফজালকে গ্রেফতার এবং থানা বিএনপির সদস্যসচিব মনির হোসেনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়েরের প্রতিবাদে তিনি এ বিবৃতি দেন।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই ধারাবাহিকতা। প্রতিটি মুহুর্ত আতঙ্কে রয়েছে বলেই বিরোধী দলের যেকোন শান্তিপূর্ণ  কর্মসূচি বানচালে সরকার এখন বেপরোয়া হয়ে উঠেছে। কিন্তু এসব অপকর্মের মাধ্যমে জনগণকে ভয়ভীতি দেখিয়ে কোন লাভ হবে না। জনগণ এখন সরকারের সকল কু-কর্ম ও নিষ্ঠুর শাসন অবসানে ঐক্যবদ্ধ হচ্ছে।

তিনি বলেন, দেশে বর্তমানে যে দুঃশাসন কায়েম হয়েছে তাতে রাজনীতি করার গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করা হচ্ছে। আজ্ঞাবাহী প্রশাসনকে অপব্যবহার করে ক্ষমতাসীন গোষ্ঠী দেশে কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে জনগণকে জিম্মি করে ফেলেছে। করোনা মহামারীসহ রাষ্ট্র পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থতা আড়াল করতেই সরকার এধরনের অমানবিক ও নিষ্ঠুরতার আশ্রয় নিয়ে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপি মহাসচিব বিবৃতিতে দলের নেতৃবৃন্দের নামে বানোয়াট ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে গ্রেপ্তারকৃতদের  নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *