সমাবেশের প্রস্তুতি দেখতে বিকালে সিলেটে যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা

এবিএনএ: আগামী বুধবার সিলেটে সমাবেশ সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যাপক প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতি দেখতে মঙ্গলবার বিকালে সিলেটে যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নির্বাহী সভাপতি সুব্রত রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বিকালে একটি ফ্লাইটে সিলেট যাবেন বলে জানা গেছে। গত রোববার সিলেটে সমাবেশের অনুমতি পায় জাতীয় ঐক্যফ্রন্ট। মহানগর পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়াও সমাবেশের অনুমতির বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।এর আগে গত ২৩ অক্টোবর সিলেট রেজিস্ট্রার মাঠে সমাবেশ করার অনুমতি চায় ঐক্যফ্রন্ট। ওই দিন অনুমতি না পেয়ে পর দিন একই স্থানে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়। সে আবেদনও ঝুলিয়ে রাখে পুলিশ প্রশাসন। এ অবস্থায় রোববার দুপুরে হাইকোর্টে রিট করেন বিএনপি নেতা আলী আহমদ। সোমবার ওই রিটের শুনানির তারিখ ধার্য করেন আদালত। তবে শুনানির আগেই পুলিশ সমাবেশের অনুমতি দেয়। গত ১৩ অক্টোবর বিএনপিকে নিয়ে গণফোরামের সভাপতি, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হয়। ঐক্যপ্রক্রিয়া, নাগরিক ঐক্য ও জেএসডি যুক্ত রয়েছে ঐক্যফ্রন্টে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *