রোহিঙ্গা ইস্যুতে ভিয়েতনামকে পাশে চান স্পিকার

এবিএনএ: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) সম্মেলনে রোহিঙ্গা প্রত‌্যাবাসনে ভিয়েতনামের ইতিবাচক ভূমিকা চান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার সংসদ ভবনে স্পিকারের সঙ্গে তাঁর কার্যালয়ে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া সাক্ষাৎ করতে এলে এ ব‌্যাপারে তিনি অনুরোধ জানান।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু, টেকসই উন্নয়ন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, ভিয়েতনাম বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র। বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে।

তিনি বলেন, ‘ দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে বর্তমান সম্পর্ক আরও জোরদার করা সম্ভব। ব্যবসা-বাণিজ্য প্রসারের মাধ্যমেও দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে।  অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) আসন্ন সম্মেলনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ইস্যুতে ভিয়েতনামকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। ‘

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশে সফলভাবে কার্যকাল সম্পন্ন করার জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। বিদায়ী রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারার প্রশংসা করে বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি এখন দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য প্রসারেও দুই দেশের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *