রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের ১৪শ কোটি টাকার অনুদান

এবিএনএ: মিয়ানমারের রাখাইন থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য ১৬ কোটি ৫০ লাখ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার অনুদান অনুমোদন করেছে বিশ্বব্যাংক। দুর্যোগ থেকে বাঁচানোর পাশাপাশি মৌলিক চাহিদা মেটাতে রোহিঙ্গাদের পেছনে এ অর্থ ব্যয় করা হবে। গতকাল শুক্রবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ অনুদান অনুমোদন হয় বলে সংস্থাটির ঢাকা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবহিনীর নির্বিচারে হত্যা-নিপীড়ন-ধর্ষণের মুখে আড়াই বছর আগে প্রাণে বাঁচতে বাংলাদেশে ঢল নামে রোহিঙ্গাদের। প্রায় আট লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়। আগে থেকে থাকা রোহিঙ্গাদের মিলিয়ে এ সংখ্যা প্রায় এগারো লাখের বেশি। বিশ্বব্যাংক বলছে, অনুদানের ছাড় দেওয়া অর্থের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য আবাসন অবকাঠামো ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। এছাড়া সড়ক, ফুটপাথ, ড্রেন, কালভার্ট এবং সেতু নির্মাণ এবং ক্যাম্পের ভিতরে এবং রাস্তায় রাস্তায় সড়ক বাতি স্থাপন।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ড্যানড্যান চেন বলেন, রোহিঙ্গাদের জন্য গৃহীত এই প্রকল্পে স্থানীয়রাও উপকৃত হবে। স্থানীয়দের মধ্যেও অবকাঠামোর অভাব রয়েছে। যেসব স্থাপনা ও সুযোগ সুবিধা তৈরি করা হবে যেসব সুবিধা রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি স্থানীয়রাও ভোগ করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *