অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে: স্পিকার

এবিএনএ: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল স্কিলস কনফারেন্স-২০১৯’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের মাধ্যমে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত দেশ প্রতিষ্ঠায় দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে সবার প্রতি আহ্বান জানিয়ে স্পিকার বলেন, বর্তমান বিশ্বকে মোকাবেলা করতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিবিড় পরিচর্যায় এগিয়ে যাচ্ছে ঠিক তেমনি সময় এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যতার হারও কমে আসবে উল্লেখ করে ড. শিরীন শারমিন বলেন, ইতোমধ্যে বিগত এক দশকে দারিদ্র্যের হার ৪০শতাংশ থেকে ২২ শতাংশে নেমে এসেছে।

স্পিকার বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রসার দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কারিগরি শিক্ষা ও এ সংক্রান্ত প্রশিক্ষণ দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখে, যা সামগ্রিক উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরী ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর।অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *