যুক্তরাষ্ট্রে ‘রহস্যময়’ কারণে কিউবার কূটনীতিক বহিষ্কার

এবিএনএ : যুক্তরাষ্ট্রে নিযুক্ত কিউবার দুই কূটনীতিককে বহিষ্কার নিয়ে রহস্য তৈরি হয়েছে। ওই দুই কূটনীতিককে বহিষ্কারের কারণ হিসেবে হাভানাতে মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মকর্তার রহস্যময় শারীরিক সমস্যার কথা বলা হয়েছে।
অর্ধশতাব্দীরও বেশি সময় বৈরিতার পর ২০১৫ সাল থেকে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি হতে শুরু করেছিল। কিন্তু দুই বছরের মধ্যেই সেই সম্পর্কে চিড় ধরা শুরু করেছে। কিউবার দূতাবাস থেকে দুই কূটনীতিককে বহিষ্কার তারই লক্ষণ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বহিষ্কারের কারণ হিসেবে হাভানাতে থাকা কয়েকজন মার্কিন দূতাবাস কর্মকর্তার রহস্যময় শারীরিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নুরেট বলেন, গত বছরের শেষ দিক থেকে কিউবায় থাকা মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মকর্তা কানে কম শুনতে থাকেন। মার্কিন মুখপাত্র এর কারণ হিসেবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে সন্দেহ প্রকাশ করেন, কিউবার গোয়েন্দা সংস্থা হয়তো এমন কোনো যন্ত্র সেইসব কর্মকর্তার বাসায় বা কর্মস্থলের কাছাকাছি ব্যবহার করেছিল, যার কারণে তাদের এমন শ্রবণ সমস্যা দেখা দিতে পারে। ধারণা করা হচ্ছে, সেসব যন্ত্রের সাহায্যে উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ প্রবাহ এমন শারীরিক সমস্যা সৃষ্টি করেছে।
নুরেট আরো জানান, যদিও সেসব সমস্যা প্রাণঘাতী নয়, তবুও মার্কিন কূটনীতিকদের তখন জোর করেই দেশে ফিরিয়ে আনা হয়। এই বিষয়টিকে যুক্তরাষ্ট্র সরকার অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করছে। এদিকে দুই কূটনীতিকের বহিষ্কারের বিষয়ে এখন পর্যন্ত কিউবা সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *