মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ‘বহিষ্কার’

এবিএনএ : হাইকোর্টের আদেশ এবং মানবাধিকার সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও মিয়ানমারের এক হাজারেরও বেশি নাগরিককে ‘বহিষ্কার’ করেছে মালয়েশিয়া সরকার। তবে যাদের ফেরত পাঠানো হয়েছে, তাদের মধ্যে কোনো শরণার্থী নেই বলে জানিয়েছে দেশটি। খবর বিবিসির।মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বহিষ্কৃত নাগরিকদের মধ্যে কিছু সংখ্যালঘু নৃগোষ্ঠীর মানুষও রয়েছেন, যারা মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়েছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার একটি সামরিক ঘাঁটি থেকে মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে করে মোট ১ হাজার ৮৬ জনকে ফেরত পাঠানো হয়েছে। এর আগে, মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল কুয়ালালামপুর হাইকোর্ট।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খাইরুল জাইমি দাউদ বলেছেন, যাদের ফেরত পাঠানো হয়েছে, তারা সবাই স্বেচ্ছায় যেতে রাজি হয়েছিলেন। কাউকেই জোর করা হয়নি। তার দাবি, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এ নাম লিপিবদ্ধ থাকা কাউকে ফেরত পাঠাচ্ছে না মালয়েশিয়া। অবশ্য এর আগে মালয়েশীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা ১ হাজার ২০০ বন্দিকে ফেরত পাঠাবে। কিন্তু পরে সেই সংখ্যা কমে গেল কেন তা পরিষ্কার নয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *