মার্কিন নাগরিকদের কানাডায় না যাওয়ার পরামর্শ

এবিএনএ : কানাডায় ওমিক্রনের প্রকোপ বাড়ায় সে দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। মার্কিন নাগরিকদের কোনো দেশ ভ্রমণের ক্ষেত্রে সিডিসি যে পরামর্শ দিয়ে থাকে তার চার নম্বর স্তরে (লেভেল ফোর) কানাডাকে গতকাল সোমবার অন্তর্ভুক্ত করা হয়েছে। এই স্তরে মোট ৮০টি দেশ রয়েছে।

করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের মার্চে জরুরি কাজ নেই এমন ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। গত নভেম্বরে কানাডা ও মেক্সিকোর সঙ্গে স্থল সীমান্ত খুলে দেয় যুক্তরাষ্ট্র। ফলে করোনার টিকা নেয়া বিদেশিরা ঢোকার অনুমতি পেয়েছিলেন।

কানাডাও ২০২০ সালের মার্চে প্রথম পরামর্শ জারি করেছিল। গত অক্টোবরে সেটা তুলে নেয়া হয়। চলতি মাসে কানাডায় একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড হয়েছিল। যুক্তরাষ্ট্রেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ডের কথা জানিয়েছে রয়টার্স। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে করোনায় অন্তত ১১ লাখ ৩০ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। এটি একদিনে নতুন শনাক্তের বিশ্ব রেকর্ড। এর আগে ৩ জানুয়ারিতে শনাক্তের সংখ্যা ছিল ১০ লাখ ৩০ হাজার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *