বাংলাদেশসহ ৯ দেশে কূটনীতিক মিশনে রদবদল আনছে ভারত

এবিএনএ: বিশ্বজুড়ে বিভিন্ন দেশে অবস্থিত একাধিক কূটনীতিক মিশনে ব্যাপক রদবদল আনতে চলেছে ভারত। পরিকল্পনা অনুসারে, বাংলাদেশে নিযুক্ত হাই-কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে যুক্তরাষ্ট্রের পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন নাভতেজ স্বর্ণা। এই বছরের শেষে তার অবসর গ্রহণের কথা রয়েছে। শ্রিংলাকে যুক্তরাষ্ট্রে বদলি করা হলে তার জায়গায় বাংলাদেশে হাই-কমিশনার হিসেবে নিযুক্ত হতে পারেন রিভা গাঙ্গুলি দাস। তিনি বর্তমানে ঢাকায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক বিভাগ ‘আইসিসিআর’-এর ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ৯টি দেশে নিযুক্ত কূটনীতিকদের মধ্যে রদবদল আনতে চলেছে ভারত। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, মিয়ানমার, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, যুক্তরাজ্য, স্পেন ও রাশিয়া। চীনের আগামী ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে গৌতম বাম্বাওয়ালেকে প্রতিস্থাপন করতে পারেন বিক্রম মিসরি। বর্তমানে মিয়ানমারে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন মিসরি। আর মিসরির জায়গায় বদলি হতে পারেন ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত সৌরভ কুমার। চীনে মিসরির নিয়োগ নিশ্চিত হলে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের পরে তিনিই হবে দ্বিতীয় দূত, যিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপকভাবে পরিচিত ‘চায়না ব্লকে’র অংশ নন।

সম্ভাব্য রদবদল
এদিকে, জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুজন চিনয় খুব শিগগিরই অবসরে যাবেন। তবে সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী অক্টোবরে টোকিও সফর পর্যন্ত চিনয়কে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এরপর তার জায়গায় নিযুক্ত হতে পারেন বর্তমান অতিরিক্ত সচিব সঞ্জয় বর্মা। এছাড়া থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ভগবন্ত বিষ্ণুর স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে কেনিয়ায় নিযুক্ত হাই-কমিশনার সুচিত্রা দুইরাইয়ের। যুক্তরাজ্যে নিযুক্ত হাই-কমিশনার যশ সিনহার জায়গায় বদলি হতে পারেন রুচি ঘনশ্যাম।
রাশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে পঙ্কজ সারানের জায়গায় বদলি হতে পারেন বর্তমানে স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত ভেঙ্কাটেশ বর্মা। আর তার জায়গায় পাঠানো হতে পারে বর্তমানে প্রোটোকল প্রধানের দায়িত্ব পালন করা সঞ্জয় বর্মাকে। টাইমস অফ ইন্ডিয়া।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *