প্রতিটি তরুণই সম্ভাবনাময়, চেইঞ্জ মেকার: মেয়র আতিক

এবিএনএ : তরুণরা চাইলে সমাজ থেকে নেতিবাচক দিকগুলো উঠে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, প্রতিটি তরুণই সম্ভাবনাময়, চেইঞ্জ মেকার। শনিবার বিকালে রাজধানীর বনানী বিটিসিএল মাঠে বিডি ক্লিন আয়োজিত ‘সেভ আর্থ, সেভ বাংলাদেশ’ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

মেয়র বলেন, তরুণরা রুখে দাঁড়ালেই সমাজ থেকে সকল অন্যায় ও অবিচার উঠে যাবে। তাই দেশ ও দশের কল্যাণে সামাজিক আন্দোলনে তরুণদেরকেই নেতৃত্ব দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়েই দেশপ্রেমিক তরুণরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, প্রিয় মাতৃভূমিকে করেছিল শত্রুমুক্ত, যার ফলে অর্জিত হয় লাল-সবুজের পতাকার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।’

আতিকুল ইসলাম বলেন, ‘মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পরিবেশ দূষণরোধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে বিডি ক্লিন সদস্যরা সারাদেশের রাস্তাঘাট থেকে সংগৃহীত পরিবেশ দূষণকারী পাঁচ কোটি পরিত্যক্ত সিগারেট ফিল্টার এবং ৩০ লাখ প্লাস্টিক বোতল দ্বারা যে অভিনব প্রদর্শনীর আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবীদার।’

‘প্রয়োজনের তাগিদে ব্যবহৃত প্লাস্টিকজাত পণ্য ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেয়ার কারণে তা পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতারও কারণ হয়ে দাঁড়ায়, তাই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেই প্লাস্টিকজাত পণ্যের রিসাইক্লিং নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য নাহিদ ইজাহার খান এবং ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস. এম. শরিফ-উল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মো. নাসির এবং বিডি ক্লিন এর প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *