পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইনের নীতিগত অনুমোদন

এ বি এন এ : পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আরো সক্রিয় ও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ অনুমোদন দেয়া হয়।
সভা শেষে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি বলেন, এ আইন অনুমোদনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আরো সক্রিয় ও কার্যকর হবে।
এ ছাড়া মন্ত্রিসভায় মিশন স্টেটমেন্ট প্রণয়নে মন্ত্রিসভা কর্তৃক ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব এবং জাতীয় ই-সেবা আইন, ২০১৫ এর খসড়া প্রণয়নের বিষয়ে মন্ত্রিসভা কর্তৃক ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দেয়া হয় বলেও জানিয়েছেন তিনি।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ কমিশন নিষ্পত্তি কমিশন আইন অনুযায়ী, পাঁচ সদস্যের কমিশনের চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। সদস্য সচিব হবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ও নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এই কমিশনের সদস্য হবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *